অ্যাডলফ লুজ ১৮৭০ সালের ১০ই ডিসেম্বর অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্যের মোরাভিয়া মার্গ্রেভিয়েট অঞ্চলের ব্রনোতে [ বর্তমানে চেক প্রজাতন্ত্রের পূর্বাঞ্চল ] এক কারিগর পরিবারে জন্মগ্রহণ করেন । তিনি ছিলেন বিশ শতকের সবচেয়ে প্রভাবশালী, আধুনিকতাবাদী প্রকৌশলীদের অন্যতম। জীবদ্দশায় বিভিন্ন বিতর্ক ও কেলেঙ্কারির মধ্য দিয়ে গেলেও ইউরোপে আজ তিনি স্মরণীয় হয়ে আছেন মূলত তার বিপ্লবী প্রকৌশল-দর্শন ও শিল্পচিন্তার সুবাদে। উনিশ শতকের শেষ দশকে ও বিশ শতকের প্রারম্ভের কয়েকটি দশকে শিল্প, প্রকৌশলবিদ্যা, ফ্যাশন, ডিজাইন ইত্যাদি বিষয়ে তিনি সাড়া-জাগানিয়া কিছু লেখা উপহার দেন। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে ‘Ornament and Crime' নামক একটি ম্যানিফেস্টোধর্মী প্রবন্ধ। তিনি ৬২ বছর বয়সে ১৯৩৩ সালের ২৩শে আগস্ট ভিয়েনার নিকটবর্তী কাল্কসবার্গে মারা যান ।