বিশিষ্ট কবি কাজী কাদের নেওয়াজের জন্ম ১৫ জানুয়ারি ১৯০৯ সালে, মুর্শিদাবাদ জেলার মাতুলালয়ে। মানব বন্দনা, সামাজিক নৈতিকতা, প্রেম ও পল্লীর শ্যামল প্রকৃতি তার কবিতায় মনোজ্ঞভাবে প্রকাশিত। তিনি শিশুতোষ সাহিত্যেও খ্যাতিমান। ‘মরাল’ ও ‘নীল কুমুদী’ তার বহুল সমাদৃত কাব্যগ্রন্থ এবং ‘দাদুর বৈঠক’ও সুপরিচিত শিশুরঞ্জক রচনা। চাকরি জীবনের শুরুতে কবি কিছুদিন কলকাতা আলিয়া মাদ্রাসায় ইংরেজির শিক্ষক ছিলেন। ১৯৩৩ সালে স্কুল সাব-ইন্সপেক্টর পদে যোগদান করেন। ১৯৪৬ সালে সহকারি প্রধান শিক্ষক পদে পদোন্নতি লাভ করেন। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর ঢাকায় চলে আসেন তিনি। প্রথমে নবকুমার ইন্সটিটিউশনে ও পরে নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর তিনি ময়মনসিংহ জিলা স্কুল, দিনাজপুর জেলা স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি ১৯৬৩ সালে বাংলা একাডেমী পুরস্কার এবং প্রেসিডেন্ট পুরস্কার লাভ করেন।