গল্পকার, অনুবাদক, সাহিত্যসংগঠন ও সংগীতশিল্পী। জন্ম ১৯৬২ সালে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার সৈয়দনগর গ্রামে। তিনি স্প্যানিশ ভাষা থেকে অনুবাদ করেছেন গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের ‘শত বছরের নিঃসঙ্গতা’, আনহেলেস মাস্ত্রেত্তার ‘পরাণটাকে উপড়ে নাও’, হুয়ান কার্লোস ওনেত্তির ‘কুয়ো’, হুয়ান রুলফোর ‘পেদ্রো পারামো’, আলেহ কার্পেন্তিয়েরে ‘এই জগতের রাজত্ব’, মারিয়ো বার্গাস য়্যোসার ‘বিমাতার গুণগান’, আদলফো বিয়োয় কাসারেসের ‘মোরেলের আবিষ্কার’ প্রভৃতি উপন্যাস। স্প্যানিশ অনুবাদে মেক্সিকো থেকে প্রকাশিত হয়েছে বাংলা ভাষার দুটি উপন্যাস: ‘পদ্মানদীর মাঝি’ ও ‘হাজার বছর ধরে’। ‘বেতুল’ ও ‘কাঠুরে কথন’ তার দুটি গল্পগ্রন্থ। স্প্যানিশ ভাষায় প্রকাশিত প্রথম উপন্যাস PRINCESA NEGRA DE DOS ESTAMBRES। ১৯৮৫ সাল থেকে প্রবাসজীবনে আছেন। চাকরিসূত্রে প্রথমে জাপানে, পরে মেহিকোতে গেলেও সেখানে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। বর্তমানে স্ত্রী সন্তানসহ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি বাংলা ট্রান্সলেশন ফাউন্ডেশনের অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা।