কবি, প্রাবন্ধিক ও নাট্যকার। জন্ম ১৯৬৪ সালের ১লা এপ্রিল, চট্টগ্রামের পটিয়ায়। আগাগোড়া প্রতিষ্ঠানবিরোধী এই কবি যুক্ত ছিলেন আলোচিত ছোটকাগজ ‘গাণ্ডীব’ সম্পাদনার সঙ্গে—এখনো সমান সক্রিয় লিটল ম্যাগাজিন আন্দোলনের পুরোভাগে। মধ্য আশিতে ঘটে এদেশে বাংলা কবিতার বাঁক ফেরানোর ঘটনা। তরুণ তিন কবি মিলে পেশ করে নতুন কবিতার অমোঘ এক ইশতেহার। কবিতার প্রচল ধারার বিরুদ্ধে, ফেনিল পদ্যাচারের সস্তা ভিয়েনের বিরুদ্ধে সেটা ছিল প্রথম ঘোষিত বিদ্রোহ। মূলত চারপাশের অকবিতার ক্লেদ আর জঞ্জাল সরানোই ছিল তাদের উদ্দেশ্য। কবি শান্তনু চৌধুরী এদের অন্যতম। কবিতার রাস্তায় হাঁটতে হাঁটতে লিখেছেন কবিতাবিষয়ক গদ্য, কাব্যনাটক, ছোটগল্প—অনুবাদ করেছেন অন্য ভাষার কবিতা, কাব্যনাটক, প্রবন্ধ ও নিবন্ধ। এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা সাতটি। প্রথম কবিতার বই ‘উৎস থেকে বহ্নি থেকে’ প্রকাশিত হয় ১৯৯৪ সালে। অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে—কাব্যগ্রন্থ: উনুনসূত্র (২০০৬), হাঁটো হাঁটা বাবা (২০১৩); কাব্য-নাটক: পূষা (২০১৩); অনুবাদগ্রন্থ: মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল (১৯৯৯), টি.এস. এলিয়ট; গদ্যগ্রন্থ: লব্ধস্বর (প্রবন্ধ ও অনুবাদ: ২০১০)। সর্বশেষ, ২০২৪ সালে প্রকাশিত হয় তার সনেটগ্রন্থ ‘বিরাশি বিন্দুর বুদ্বুদ’।