প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৬-এর দীর্ঘ তালিকায় ‘শেষযাত্রা’

অ+ অ-

 

প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৬-এর দীর্ঘ তালিকা প্রকাশ

 

গল্পের সারাংশ  || শেষযাত্রা

শেষযাত্রা পাহাড়ের আদিম রীতিনীতি, হারানোর নিবিড় শোক এবং অলৌকিকতার আধারে বোনা এক গভীর জাদু-বাস্তবতার গল্প। আষাঢ়ের এক নিস্তব্ধ দুপুরে ম্রো পাড়ার প্রাণোচ্ছ্বল যুবক কাইংপ্রের আকস্মিক মৃত্যুতে পুরো পাহাড়ি জনপদে শোকের স্তব্ধতা নেমে আসে। তার পরম বন্ধু ইয়াংলম ম্রো উপজাতির চিরাচরিত ঐতিহ্য মেনে শেষকৃত্যের আয়োজন করে। পরলোকে কাইংপ্রের আত্মার সহযাত্রী ও পথপ্রদর্শক হিসেবে তার বিশ্বস্ত কুকুরটিকেও বলি দেওয়া হয়। তবে কাইংপ্রের এই মৃত্যুর বীজ লুকিয়ে ছিল এক বছর আগের এক ট্র্যাজেডিতে, যখন তার প্রিয় স্ত্রী মেওলা নদীগর্ভে নিখোঁজ হয়ে যায়। সেই গভীর শোক তাকে ভেতরে ভেতরে নিঃশেষ করে দিয়েছিল। নদীর তীরের প্রাচীন শ্মশানে কাইংপ্রের মরদেহ চিতার আগুনে সোপর্দ করার ঠিক আগমুহূর্ত কাহিনী এক পরাবাস্তব জগতে প্রবেশ করে। ইয়াংলম প্রমত্তা নদীর স্রোতে হঠাৎ এক বছর আগে হারিয়ে যাওয়া মেওলার অবয়ব দেখতে পায়। ঠিক সেই অলৌকিক ক্ষণে চিতা থেকে কাইংপ্রের মৃতদেহটি রহস্যময়ভাবে উধাও হয়ে যায়, সেখানে পড়ে থাকে কেবল তার স্মৃতিবিজড়িত পাগড়িটি। কাইংপ্রে ও মেওলার এই প্রেম, বিচ্ছেদ ও পুনর্মিলন শেষ পর্যন্ত নদীর দেবী ‘ওরেং’-এর অমোঘ স্রোতেই চিরকালের জন্য লীন হয়ে গেছে।

 

লেখক পরিচিতি || মুহাম্মদ ফরিদ হাসান

লেখক ও গবেষক। জন্ম ৩১ ডিসেম্বর ১৯৯২ সালে, চাঁদপুরে। তার আগ্রহের বিষয় বাংলার চিত্রকলা, শ্রমিক আন্দোলন, সাহিত্য ও সাংস্কৃতিক ইতিহাস। ভারত ও বাংলাদেশ মিলিয়ে প্রকাশিত গ্রন্থ ৩৩টি। উল্লেখযোগ্য গ্রন্থ—মিথ্যুক আবশ্যক (কাব্য), অন্য শহরের গল্প (গল্প), সাহিত্যের অনুষঙ্গ ও অন্যান্য প্রবন্ধ (প্রবন্ধ), চিত্রকলার জগৎ (প্রবন্ধ), রবীন্দ্রনাথ ও চাঁদপুরের মানুষেরা (গবেষণা), শতবর্ষে চা শ্রমিক আন্দোলন: ডেডলাইন ২০ মে ১৯২১ (গবেষণা) এবং বিরুদ্ধ স্রোতের মোহাম্মদ নাসিরউদ্দীন (সম্পাদনাগ্রন্থ)। প্রবন্ধ-গবেষণায় পেয়েছেন ‘কালি ও কলম তরুণ পুরস্কার-২০২৪’। পেশাগতভাবে তিনি ‘দৈনিক শপথ’-এর ভারপ্রাপ্ত সম্পাদক। বর্তমানে চাঁদপুরে বসবাস করেন।