প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৬-এর দীর্ঘ তালিকায় ‘ মিঠে রোদের কার্তিক’
প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৬-এর দীর্ঘ তালিকা প্রকাশ
গল্পের সারাংশ || মিঠে রোদের কার্তিক
কার্তিক মাসের ফ্যাকাশে ও বিবর্ণ প্রকৃতির পটভূমিতে হাওড় অঞ্চলের দরিদ্র বৃদ্ধ নজর বক্সের মানবেতর জীবন সংগ্রাম এই গল্পের মূল বিষয়বস্তু। তার কোঁজো হয়ে যাওয়া পিঠ এবং নাতি ময়নার ক্ষুধার জ্বালায় কুঁকড়ে থাকার দৃশ্য গ্রামীণ চরম দারিদ্র্যের রূপ ফুটিয়ে তোলে। জলাভূমির ইজারাদারদের প্রধান লাঠিয়াল নূরুল ইসলাম ও মৎস্য অফিসের লোকজন গরিব মানুষকে মাছ ধরতে বাধা দেয় এবং তাদের সামান্য পুঁজি কেড়ে নেয়। নজর বক্স পেটের দায়ে বিলে মাছ ধরতে গিয়ে কেবল পচা মাছ ও বঞ্চনার শিকার হয়। এর মাঝেও তার মনে ভেসে ওঠে অতীতের উরস উৎসব ও কৃষক-জেলেদের অধিকার আদায়ের সংগ্রামের সোনালী দিনগুলোর স্মৃতি। দিনশেষে গিরিন্দ্র দাসের কাছ থেকে সামান্য মাছের ভাগ পাওয়ার পর তার মনে যে সংকোচ ও অভিমান জাগে, তা তার শেকড় হারানোর দীর্ঘশ্বাসকে স্পষ্ট করে তোলে। পুরো গল্প জুড়ে কার্তিকের মিঠে রোদের আড়ালে এক নির্মম ক্ষুধা, গ্রামীণ শোষণ ও মানুষের অসহায় অস্তিত্বের ছবি ফুটে উঠেছে।
লেখক পরিচিতি || হারুন সিদ্দিকী
কথাসাহিত্যিক ও অনুবাদক। জন্ম হবিগঞ্জের সুলতান মাহমুদপুর গ্রামে। মাধ্যমিকে পড়াকালে লেখালেখির হাতেখড়ি। হবিগঞ্জ শহরে নাট্যচর্চা, সাংবাদিকতা এবং প্রগতিশীল ছাত্র রাজনীতির মধ্য দিয়ে বেড়ে উঠেছেন। তার প্রকাশিতগ্রন্থ পারস্যের সুফি কবি জালালুদ্দিন রুমীর জীবন-দর্শনভিত্তিক উপন্যাস ‘রুমী ও তাবরেজির গোলাপ’ (২০১৬), ভারতবর্ষের চা শ্রমিকদের আন্দোলনের ইতিহাসভিত্তিক উপন্যাস ‘মুল্লুকে চলো’ (২০১৯), কবিতা সংগ্রহ ‘পরমগীতসংহিতা’ (২০২৩) এবং অনুবাদগ্রন্থ ‘শত কবিতায় মির্জা গালিব (২০২৬)। বর্তমানে লেখালেখি ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে সক্রিয়।



আপনার মন্তব্য প্রদান করুন