প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৬-এর সংক্ষিপ্ত তালিকায় ‘নোনা দেয়ালের আদালত’

অ+ অ-

 

লেখক পরিচিতি  ||  নুসরাত জাহান

উদীয়মান লেখক ও গল্পকার। ফেনীর পরশুরামে বেড়ে উঠেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির আইন বিভাগে অধ্যয়নরত। স্কুলজীবন থেকেই সাহিত্যের প্রতি তার গভীর অনুরাগের সূচনা। চারপাশের চেনা সমাজ আর মানুষের মনস্তত্ত্বকে নিজের গল্পে ফুটিয়ে তুলতে ভালোবাসেন। অবসরে বই পড়া এবং ছবি আঁকা তার অন্যতম শখ। বিভিন্ন পত্রিকায় তিনি নিয়মিত ছোটগল্প ও কবিতা লিখে থাকেন।

 

গল্পের সারাংশ  ||  নোনা দেয়ালের আদালত

মৃণাল ঘোষ এক ছাপোষা স্কুলমাস্টার। অর্থকষ্টের মাঝেও দুই সন্তান নিয়ে সততার সাথে জীবন পার করছিলেন। চাকরি হারিয়ে তিনি অতুল চক্রবর্তীর অটিস্টিক ছেলে অনিককে পড়ানোর কাজ নেন। চলতে থাকে তার টানাপোড়েনের সংসার। কিন্তু প্রভাবশালী ইউনিয়ন চেয়ারম্যানের বখাটে ছেলে রিন্টুর জিঘাংসা আর সহিংসতার শিকার হতে হয় তার সাজানো সংসারকে। অটিস্টিক বালক অনিকের আঁকা একটিমাত্র সরল ছবি কিভাবে এক অন্ধকার সমাজের মুখোশ উন্মোচন করে এবং বিত্তশালীদের লালসার শিকার হয়ে মৃণালের জীবনের সব আলো নিভে যায়, তা এই গল্পে মর্মান্তিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ক্ষমতার দম্ভে বিচারহীনতার সংস্কৃতি এবং মানবিক অবক্ষয় কীভাবে সাধারণ মানুষের জীবনকে বিভীষিকাময় করে তোলে, সেই নির্মম সত্যই তুলে ধরেছেন গল্পকার। জীবনের কঠিন এক সত্যের মুখোমুখি দাঁড় করানো এই গল্প পাঠককে শেষ বাক্য পর্যন্ত আচ্ছন্ন করে রাখবে।

 

বিচারকের মন্তব্য  ||  গ্লানিতে ডুবিয়ে রাখার গল্প

ম্যাড়ম্যাড়ে একজন শিক্ষকের বিপন্ন জীবনের ছবি 'নোনা দেয়ালের আদালত'। অভাবের সঙ্গে নীতিবোধ নিয়ে চলা একজন মৃণাল ঘোষ যাকে আয়ের জন্যে গ্রামের এক ধনী পরিবারের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে পড়িয়ে পরিবার নিয়ে টিকে থাকতে হয়। ধর্মীয় সংখ্যালঘু হওয়ায় প্রতিবেশের মধ্যে তাকে বাঁচতে হয় এক অদেখা অবরুদ্ধতায়। এবং যেই ধারাবাহিকতায় চূড়ান্ত নির্মমতার স্বীকার হতে হয়। কন্যা ধর্ষিত হয়, স্ত্রী সেই শোকে মারা যায় আর ছেলে সন্তানটি নিখোঁজ হয়ে যায়। ফলে স্ট্রোক করে নির্বাক এক চরম জড় জীবন বরাদ্দ দেওয়া বাংলা গল্পের চিরকালীন অসীম বেদনার ভাণ্ডে পরিণত হন মৃণাল ঘোষ নামক চরিত্রটি। নাটকীয়তার সর্বশেষ ছোপটি তাই দেখা যায় যখন হারিয়ে যাওয়া সন্তানকে বিকলাঙ্গ অবস্থায় ফিরে পান তিনি, এইটুকু রহম গল্পকার পাঠককে শেষমেশ দান করে কিছুটা উদ্ধার করেন, তবে আরেকটু স্বস্তির জন্য চেয়ারম্যানের বাড়িটিতে আগুন লাগিয়ে কিছুটা জিতিয়ে দেন মৃণাল ঘোষের সঙ্গে পাঠককে! যদিও বীণা নামের ১৬ বছরের মেয়েটির ধর্ষিত হবার ক্ষত আমাদের মুক্তি দেয় না, যার দুর্বল শরীরটির শোক আমাদের গ্লানিতে ডুবিয়ে রাখে।