বইয়ে ‘পঞ্জিকার পাতায় মানুষের ইতিহাস’
বর্তমান বিশ্বে এখনো পর্যন্ত জনপ্রিয় বইয়ের তালিকায় আছে ‘চিলড্রেন অব দ্য ডেজ’। বইটি লিখেছেন উরুগুয়ের কিংবদন্তি লেখক এদুয়ার্দো গালিয়ানো। ‘সময়ের সন্তানেরা: পঞ্জিকার পাতায় মানুষের ইতিহাস’ শিরোনামে এবার বইটির বাংলা সংস্করণ প্রকাশিত হয়েছে। বইটির প্রকাশক দ্বিমত পাবলিশার্স। বইটির বাংলা অনুবাদ করেছেন লেখক ও অনুবাদক আহসানুল করিম। বইটি দীর্ঘ সূচিতে আছে ব্যক্তি, রাজনীতি ও ইতিহাসের ৩৬৬ দিনের জন্য ৩৬৬ টি কাহিনী। এগুলো ঠিক সাধারণ কাহিনী নয়, পঞ্জিকায় লিপিবদ্ধ করা মানুষের নানা কিংবদন্তির ইতিহাস আর মানব সংগ্রাম। বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। ২৫০ পৃষ্ঠার মূল্য রাখা হয়েছে ৪০০ টাকা।
সময়ের সন্তানেরা (চিলড্রেন অব দ্য ডেজ) এদুয়ার্দো গালিয়ানোর এক অনবদ্য রচনা, যেখানে বছরের প্রতিটি দিন একেকটা গল্প হয়ে উঠেছে। সংক্ষিপ্ত অথচ তীব্র এই লেখাগুলোতে তিনি তুলে ধরেছেন ইতিহাসের বহু বিস্মৃত চরিত্র, ভুলে যাওয়া অবিচার ও বঞ্চনা, প্রান্তিক মানুষের আনন্দ-বেদনা এবং মানবতার সংগ্রামের উপাখ্যান। তাঁর লেখনীতে সময়, স্মৃতি ও প্রতিবাদের সুর এক হয়ে কথা বলে। গালিয়ানোর এই বর্ষপঞ্জির প্রতিটি দিন যেন একেকটি জানালা। এসব জানালার আলো এসে অতীতের ঘটনাগুলোকে নতুন করে দেখায়। কাব্যময় গদ্যে সাজানো, সহজ অথচ গভীর এই বই আমাদের অনুপ্রাণিত করে ছোটো ছোটো গল্পের মাঝে বড়ো সত্যগুলোকে খুঁজে নিতে এবং সারা পৃথিবীর বঞ্চিত মানুষের জন্য জাগিয়ে তোলে ভালোবাসা আর সহমর্মিতা। একই সাথে পাঠককে বৈষম্যহীন একটি সুন্দর পৃথিবীর স্বপ্নে বিভোর করে তোলে। উদাহরণ হিসাবে পঞ্জিকার একটি দিনলিপি পড়া যাক।
ফেব্রুয়ারি ১২—বিশ্ব মাতৃদুগ্ধ দিবস
সিচুয়ান প্রদেশের চেংডু স্টেশনের প্রায় ভেঙ্গে পড়া ছাদের নিচে সেদিন শয়ে শয়ে কমবয়সী চিনা যুবতিরা ক্যামেরার দিকে তাকিয়ে হাসছিল। সবার পরণে নতুন পোশাক। সবাই পরিচ্ছন্ন পরিপাটি। এরা সবাই সদ্যজাত শিশুর মা। তারা সকলেই বেইজিং এর ট্রেনের জন্য অপেক্ষায় ছিল। বেইজিংয়ে গিয়ে তারা অন্যদের বাচ্চাদের বুকের দুধ পান করাবে। দুধেল গাভী যেন তারা। বিনিময়ে তারা পাবে কিছু টাকা আর খাবার। আর ওদিকে বেইজিং থেকে বহুদূরে সিচুয়ানের কোনো গ্রামে তাদের বাচ্চারা পান করছিল পানিতে গোলানো গুড়োদুধ। মায়েরা বলতো ভবিষ্যতে নিজেদের বাচ্চাদের শিক্ষার জন্য দরকারি অর্থের সংস্থানের জন্য এটা তাদের করতে হতো।



আপনার মন্তব্য প্রদান করুন