প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৫-এর দীর্ঘ তালিকায় ‘মরাকান্দির বিল’
লেখক পরিচিতি || আনিফ রুবেদ
লেখক ও গল্পকার। তিনি ১৯৮০ সালের ২৫ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলার চামাগ্রাম নামক গ্রামে জন্মগ্রহণ করেন। এখন পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা দশটি। উল্লেখযোগ্য গল্পের বই—মন ও শরীরের গন্ধ, দৃশ্যবিদ্ধ নরনারীগান, জীবগণিত; কাব্যগ্রন্থ—পৃথিবীর মৃত্যুদণ্ডপত্র, এসো মহাকালের মাদুরে শুয়ে পড়ি; এবং উপন্যাস—কালকাঠুরে। বর্তমানে থাকেন চাপাইনবাবগঞ্জে।
মরাকান্দির বিল || গল্পের সারাংশ
মরাকান্দি বিলের পথে এক কিশোরী চারজন রিরংসায় নিমজ্জিত দুর্বৃত্তের কবলে পড়ে চরম নৃশংসতার শিকার হয়ে মৃত্যুবরণ করে। এই ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত একইসাথে নিষ্ক্রিয় সাক্ষী হয়ে থাকে একটি ইঁদুর, একটি শিয়াল এবং একজন পিতা। এই ট্র্যাজেডিকে কেন্দ্র করে বিলের লোককথা, পশুদের রূপক আখ্যান এবং পিতার মানবীয় আবেগের জগৎ মিলে তৈরি হয়েছে এক অনন্য সাহিত্যিক ভূমি।
বিচারকের মন্তব্য
কয়েক মুহূর্তের কিছু ঘটমান দৃশ্যকে অ-মানব দৃষ্টিকোণ থেকে বিবৃত মুহূর্তগুলির বর্ণনা পাঠককে মানুষেরই বিরুদ্ধে দাঁড় করায় এক গভীর বিচারের কাঠগড়ায়। রূপক কাহিনির সাথে সামাজিক বাস্তবতার সূক্ষ্ম সন্ধিক্ষণটি মর্যাদার সাথে উতরে গিয়েছেন গল্পকার। শব্দের সাথে শব্দের এক জীবন্ত শতরঞ্জি খেলায় যেন মেতে উঠেছিলেন। ছন্দময় গদ্য লিখেও পদ্যের বন্ধন থেকে ছিলেন মুক্ত। এই শিল্প সার্থক রচনা পড়ার পরও মনে দীর্ঘস্থায়ী এক আবেশ রেখে যায়।



আপনার মন্তব্য প্রদান করুন