ছোটদের জন্য বই ‘মিলির সাথে পাঁচটি পাখি ওড়ে’
মাহরীন ফেরদৌসের ‘মিলির সাথে পাঁচটি পাখি ওড়ে’ (Five Birds Fly with Mili) একটি দ্বিভাষিক শিশুতোষ গল্পের বই। শিরোনাম থেকে শুরু করে পুরো বইটির কন্টেন্ট বাংলা ও ইংরেজি দুই ভাষায় লেখা। এর ফলে বাংলা ও ইংরেজি দুইভাষী শিশুপাঠকই বইটি পাঠের পাশাপাশি তৃতীয় যে চমকপ্রদ বিষয়টির সম্ভাবনা উন্মুক্ত হয় তা হলো বইটির শিশুপাঠকদের অন্য ভাষাটির ব্যাপারেও আগ্রহী করে তোলা। অর্থাৎ বাংলাভাষী শিশুপাঠক যেমন ইংরেজি ভাষা শেখা ও চর্চার ব্যাপারে উদ্বুদ্ধ হয়ে উঠতে পারে ঠিক তেমনি প্রবাসে থাকা বাংলাভাষী বাবা-মায়ের সন্তান শিশুটিও উৎসাহিত হয়ে উঠতে পারে মাতৃভাষা চর্চায়। তবে এই ভাষা শেখাটা কোন খটোমটো ব্যাকরণের বই পড়ে নয়, বরং শেখাটি হয়ে উঠবে গল্পের রস আস্বাদনের অনুঘটক।
বইটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো অত্যন্ত প্রাঞ্জল ও স্বাদু গদ্যে গল্পাকারে বিষয়বস্তুর পরিবেশনা। এই বইয়ে মিলির পাখিগুলো শুধু পাখি নয়, ওরা আরও অনেক কিছু। বইয়ের ব্যাকফ্ল্যাপের ভাষায়—
ছোট্ট বন্ধু, মিলির মতো পাচটি পাখি আছে তোমার কাছেও।
পাখিগুলো খুঁজে পেতে চাইলে পড়ে ফেলো এই বইটা।
Dear Little friend, you too have five birds like Mili.
Read this book to find them.
মিলির এই পাখিরা যে শুধু মানুষের ভাষায় কথা বলে তা-ই নয়, বাংলা ও ইংরেজি দু’টি ভাষায়ই পারঙ্গম তারা। বইটির লেখক যে বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে বইটি লিখেছেন তা হলো শিশুদের ভাষায় শিশুদের কল্পজগতে ভ্রমণ করতে করতে বাস্তব জগতের সাথে খুব অলক্ষ্যে একটি জাদুসাঁকো তৈরি করা। অন্যভাবে বলা যায় যে বইটিতে বর্ণিত শিশুদের কল্পজগৎটি নিছক কল্পজগৎ নয়। বরং সেই কল্পজগৎ ভ্রমণ শেষে বাস্তব জগতে ফিরে শিশুরা আবিষ্কার করবে যে তাদের মাথায় চমৎকার কিছু উপলব্ধি কীভাবে যেন গাঁথা হয়ে গেছে যা তার বাস্তব জগৎকে করে তুলবে অধিকতর মানবিক, আনন্দময় ও অর্থপূর্ণ।
বড়দেরকে যে কোন কিছু বোঝানোর জন্য আছে মোটা মোটা বই ও রাশভারী সব লেখক। অথচ এই বড়রাই যখন ছোট ছিলেন তখন তাদেরকে ছোটদের ভাষায় আলেখ্যের ঢঙে ভারী ভারী সব দার্শনিক ও জীবন-ঘনিষ্ঠ বোধ তৈরি করে দেবার মতো পর্যাপ্ত বই হয়তো ছিল না এবং এই অভাব নিয়েই তারা বেড়ে উঠেছেন। আশার কথা হলো বড়দের সন্তান যারা এখন বেড়ে উঠছেন তাদের সেই অভাবটি চমৎকারভাবে পূরণ করেছে ‘মিলির সাথে পাঁচটি পাখি ওড়ে’ বইটি।
বিদেশি রূপকথার সিন্ডারেলা চরিত্রদের দূর কল্পনার ক্ষুদে মানুষ মনে হয়। ওদের নাম, পোশাক, কথা বলা, এমনকি মন খারাপের কারণগুলোও আমাদের শিশুদের জন্য কেমন যেন অনেক দূরের ও কষ্ট- কল্পনার। কিন্তু এই বইটির মিলি আমাদের চিরচেনা পাশের বাসার ছোট্ট বন্ধুটি যেন। বইয়ে আমরা দেখি মিলির খুব মন খারাপ। কেন মন খারাপ? মিলির কি কিছু হয়েছে? মিলিকে কি কেউ বকা দিয়েছে? মিলির বন্ধুরা কি এমন কিছু করেছে যাতে মিলি মনে কষ্ট পেয়েছে?
এসব নানা প্রশ্ন উস্কে দিয়ে পুরো বইয়ে গল্পের সুতো বুনে চলেছেন লেখক। মোস্তাফিজ কারিগরের প্রচ্ছদে ঝকঝকে মসৃণ অফসেট আর্ট কাগজে ছাপা বইটির প্রথম প্রকাশ এসেছে অমর একুশে বইমেলা ২০২৫-এ শৈশবপ্রকাশ থেকে যেখানে ক্ষুদে পাঠকরা শুধু মিলির গল্পই পড়বে না, মিলিকে দেখবেও, মিলির মন খারাপের কারণও জানবে, এমনকি মিলির জন্য মন খারাপও করবে, আবার মিলির সাথে সাথে হেসেও উঠবে। তাই এটুকু নিশ্চিত করেই বলা যায় যে দুই ভাষার রং ও লালিত্যে, মনোলোভা গল্প ও ছবির সাথে চমৎকার সময় কাটবে ক্ষুদে পাঠকদের।



আপনার মন্তব্য প্রদান করুন