ছেঁড়া পাতার বই ও অন্যান্য কবিতা

অ+ অ-


|| ছেঁড়া পাতার বই ||

এক

সুন্দর কথা,
তুমি কেবল আমার হলে—
কে শুনবে অতসব কথা?
কুৎসিত কথার ভেতরে লুকিয়ে রাখা
শুভ্র ব্যথার মনটি যদি তার না থাকে!

দুই

বাঁশি কেউ নিয়ে গেছে চুরি করে।
যদি না ভেঙে গিয়ে থাকে,
তবে সেই বাঁশি কখনও বাজবে একা—
অন্য কারও সুরে।

তিন

একটি গন্তব্যহীন উদ্দেশ্যের সন্ধানে
মাঝরাতে আকাশে ঝুলে আছে চাঁদ।
কী সহজে তাকে দিলে
সম্পূর্ণ সৌন্দর্য ও গুণ—
তোমার সমস্ত কালিমা ও অপরাধ!

চার

জীবিত দেহের ভেতরে কতবার দেখেছি মৃত্যু—
উড্ডীন আগুনে পুড়ে,
চোরাবালি জলের গভীরে।
স্বজনহারা সন্ন্যাসীর তবুও ধ্যান ভাঙে না;
মনে হয়, একবার সে পায় তাকে,
আরেকবার পেয়েও পায় না।


|| ফিরে আসা শিশিরে ||

আমরা হেরে যাই।
আকাশে উঠে কলঙ্কিত চাঁদ—
তাকে সুন্দর ভেবে জমে ওঠে অন্ধকার।
ভালোবাসা যে পেয়েছে,
সে কতকাল অন্ধ রবে?

হঠাৎ যদি দেখা হয় তার সঙ্গে,
মুখ ফিরিয়ে নিও না অভিমানে।
আমাদের প্রান্তিক দুঃখ
তুলনামূলক ভালো ছিল।

দর্শন এসে শিশিরের ছদ্মবেশে
পথ আগলে দাঁড়াল,
আমাদের পাশ কাটিয়ে।

মধুর প্রতারণা—
যতদূর তাড়িয়ে নেয় সুর,
সে সুর ধরে আনা সহজ নয়।

আমাদের সমাধি-মানচিত্রে
বৃক্ষশাখায় আরেকটি বৃক্ষ—
প্রতিদিন আলো চায়,
আরেকটু বাড়িয়ে দেওয়া আলো।


|| অবসন্ন আলোয় ||

চারিদিকে
অশান্ত ছায়ারা
ঘিরে ধরে
আরও কিছুদিন
কাঁথার জমিতে
ধান সেলাই
অযথা সংকীর্ণ হয়ে আসে
পথের বাঁক
সবকিছু
বাজেয়াপ্ত হয়েছে
অজানা প্রতিহিংসায়
আগুন জ্বলে ওঠে
নিভৃত গৃহকোণে
টুপটাপ শিশিরে
কয়েকটি
থেকে গেছে জোনাকি
নির্জন জাংশন খোঁজে
অবিরাম
ট্রেনের সিগন্যাল
দিনভর ফুরিয়ে যাওয়া স্বপ্নে
কুয়াশার দখলদারী
মৌন মাঠের
মন্বন্তর শিরায়
হাওয়ার বিস্ফোরণ
সারারাত
অর্কেস্ট্রার দাবানলে
নেচে বেড়ায় প্রেতাত্মা
তারাখসা আকাশে
বিষে নীল
শিশুদের বিষাদ
সময়ের কাছে
সবঘর
যুদ্ধে যাবার রাস্তা


|| বোহেমিয়ান ||

তুমি যা হতে চেয়েছো
তুমি তা-ই হবে!
পাখি হতে চাইলে
গজাবে ডানা
উড়বে প্রখর রোদে
বৃষ্টি হলে
সেলাই করবে
মেঘের ছিন্ন আলোয়ান
অর্থ চাইলে
ফুলে উঠবে
তোমার সার্কাসের হাট
আর জনপ্রিয়তা চাইলে
খ্যাতি অখ্যাতি দুটোই
জড়াবে গলায়
সাঁড়াশির মত।
সম্পর্ক বাঁচাতে চাইলে
তোমার নিজস্ব
কোন মতামত থাকবে না,
একাকী স্বাধীন হলে
তুমি পড়বে
অকুল পাথারে
সঙ্গী ছাড়া
কে কবে স্বাধীন হবার
সুখ পেয়েছে বল!
আর যদি
কিছুই হতে না চাও
তাহলে তুমি তীর্থে যাবে
শুনবে
মরুভূমির কাফেলা
দগ্ধ বালুতে
স্নিগ্ধ দিনের গান!
ঘর ছাড়া মানুষকে
ঘর থেকে বের করে দেওয়ায়
কী এসে যায়!