আহসান হাবীবের কবিতায় নগরজীবন

অ+ অ-

 

বাংলা আধুনিক কবিতার ধারায় আহসান হাবীব এমন এক সময়ের কবি, যখন নগরজীবন মধ্যবিত্ত মানুষের জীবনে ক্রমশ চাপ, ক্লান্তি ও অনিশ্চয়তা নিয়ে এসেছে। এই নগরবাস্তবতা তাঁর কবিতায় কেবল দৃশ্য হিসেবে উপস্থিত হয়নি; তা হয়ে ওঠে জীবনের গভীর অভিজ্ঞতা। মধ্যবিত্তের আর্থিক টানাপোড়েন, কর্মজীবনের চাপ, স্বপ্ন ও বাস্তবতার দ্বন্দ্বসব মিলিয়ে আধুনিক মানুষের যে জীবনযন্ত্রণা, আহসান হাবীব তার শিল্পসম্মত প্রকাশ ঘটিয়েছেন। তাঁর কবিতায় নাগরিক মননের ছাপ স্পষ্ট। শহরের ব্যস্ততা, মানুষের নিঃসঙ্গতা, সম্পর্কের ক্লান্তি এবং জীবনের দীর্ঘ ক্লেশ তিনি আবেগী উচ্চকণ্ঠে প্রকাশ করেননি; সংযত ভাষা ও গভীর অনুভবের মধ্য দিয়ে তা তুলে ধরেছেন। সাংবাদিকতা ও সাহিত্যচর্চার দীর্ঘ অভিজ্ঞতা তাঁকে সমাজের বাস্তবতার খুব কাছে নিয়ে গিয়েছিল। ফলে তাঁর কবিতা কল্পনার চেয়ে জীবনের সঙ্গে বেশি যুক্ত। নগরজীবন ও আধুনিক মানুষের ক্লান্তি আহসান হাবীবের কবিতায় তাই এক মৌলিক ও মানবিক রূপ লাভ করেছে।

 

কবির জীবন ও সাহিত্যিক পটভূমি

আহসান হাবীব [১৯১৭১৯৮৫] আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি ও সাংবাদিক। তিনি জন্মগ্রহণ করেন ১৯১৭ সালের ২ ফেব্রুয়ারি পিরোজপুর জেলার শংকরপাশা গ্রামে। তাঁর শৈশব ও কৈশোর কেটেছে গ্রামীণ পরিবেশে, যা পরবর্তীকালে তাঁর কবিতায় স্মৃতি, আবেশ এবং নরম অনুভব হিসেবে ফিরে এসেছে। তিনি ১৯৩৫ সালে পিরোজপুর থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন, পরে বিএম কলেজে আইএ শ্রেণিতে অধ্যয়ন শুরু করেন। আর্থিক অসচ্ছলতার কারণে তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন অসম্পূর্ণ থেকে যায়। এই বাস্তব অভিজ্ঞতা তাঁর জীবনদৃষ্টিতে গভীর প্রভাব ফেলে। মধ্যবিত্ত জীবনের সংকট ও সংগ্রাম তাঁর কবিতার কেন্দ্রীয় অনুষঙ্গ হয়ে ওঠে। শিক্ষা ত্যাগের পর তিনি কলকাতায় গমন করে সাংবাদিকতার পেশা গ্রহণ করেন এবং আজীবন এই পেশার সঙ্গেই যুক্ত থাকেন। কলকাতায় অবস্থানকালে তিনি তকবীর [১৯৩৭], বুলবুল [১৯৩৭১৯৩৮] এবং সওগাত [১৯৩৯১৯৪৩] পত্রিকায় কাজ করেন। এ সময়ে তিনি কয়েক বছর আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্টাফ আর্টিস্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। এই পর্বটি তাঁর সাহিত্যিক বিকাশে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে।

১৯৪৭ সালের দেশভাগের পর আহসান হাবীব ঢাকায় চলে আসেন। ঢাকায় তিনি আজাদ, মোহাম্মদী, কৃষক, ইত্তেহাদ প্রভৃতি পত্রিকায় সাংবাদিকতা করেন। পরবর্তী সময়ে তিনি ফ্রাঙ্কলিন পাবলিকেশনস-এর প্রডাকশন অ্যাডভাইজার হিসেবে ১৯৫৭ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত কাজ করেন। পরে কিছুদিন দৈনিক পাকিস্তান-এ যুক্ত ছিলেন এবং জীবনের শেষ পর্যায়ে দৈনিক বাংলা-র সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সাংবাদিকতার এই দীর্ঘ অভিজ্ঞতা তাঁকে নাগরিক জীবনের বাস্তবতা, সামাজিক চাপ এবং সময়ের সংকটকে গভীরভাবে উপলব্ধি করতে সহায়তা করে। আহসান হাবীবের সাহিত্যচর্চার সূচনা ঘটে বাল্যকালেই। সপ্তম শ্রেণিতে অধ্যয়নকালে ১৯৩৩ সালে স্কুল ম্যাগাজিনে তাঁর প্রথম প্রবন্ধ ধর্ম প্রকাশিত হয়। ১৯৩৪ সালে, দশম শ্রেণির ছাত্র থাকা অবস্থায়, তাঁর প্রথম কবিতা মায়ের কবর পাড়ে কিশোর পিরোজপুর গভর্নমেন্ট স্কুল ম্যাগাজিনে প্রকাশিত হয়। পরবর্তীকালে দেশ, মোহাম্মদী, বিচিত্রা প্রভৃতি পত্রিকায় তাঁর কবিতা নিয়মিত প্রকাশিত হতে থাকে।

১৯৪৭ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ রাত্রিশেষ। এরপর তিনি একের পর এক শিল্পউত্তীর্ণ কাব্যগ্রন্থ রচনা করেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছায়াহরিণ [১৯৬২], সারা দুপুর [১৯৬৪], আশায় বসতি [১৯৭৪], মেঘ বলে চৈত্রে যাবো [১৯৭৬], দুহাতে দু আদিম পাথর [১৯৮০], প্রেমের কবিতা [১৯৮১] এবং বিদীর্ণ দর্পণে মুখ [১৯৮৫]। তিনি উপন্যাসও রচনা করেছন; অরণ্য নীলিমা [১৯৬০] ও রাণীখালের সাঁকো [১৯৬৫] তাঁর উল্লেখযোগ্য উপন্যাস। পাশাপাশি শিশুতোষ সাহিত্যেও তাঁর অবদান অবিচ্ছেদ্য। মধ্যবিত্ত জীবনের সংকট, সামাজিক বাস্তবতা, সংগ্রামী চেতনা এবং সমকালীন যুগযন্ত্রণা আহসান হাবীবের কবিতার মুখ্য বিষয়। তাঁর ভাষা ও প্রকাশভঙ্গিতে নাগরিক মননের বিশদ ছাপ লক্ষ্য করা যায়।

সাহিত্যসাধনার স্বীকৃতিস্বরূপ তিনি ইউনেস্কো সাহিত্য পুরস্কার [১৯৬১], বাংলা একাডেমি পুরস্কার [১৯৬১], আদমজী সাহিত্য পুরস্কার [১৯৬৪], নাসিরউদ্দীন স্বর্ণপদক [১৯৭৭], একুশে পদক [১৯৭৮], আবুল মনসুর আহমদ স্মৃতি পুরস্কার [১৯৮০] এবং আবুল কালাম স্মৃতি পুরস্কার [১৯৮৪] লাভ করেন। ১৯৮৫ সালের ১০ জুলাই ঢাকায় তাঁর মৃত্যু হয়।

আহসান হাবীব || ছবি সংগৃহীত

 

নগরজীবনের ক্লান্তি ও সংযত বেদনার ভাষা

আধুনিক নগরজীবন মানুষের জীবনযাপনকে গতি, সুবিধা ও বৈচিত্র্য দিয়েছে, কিন্তু একই সঙ্গে এনেছে এক ধরনের ক্লান্তি, একাকিত্ব এবং অন্তর্গত চাপ। শহরের যান্ত্রিক ছন্দে মানুষ প্রতিদিন চলে নির্দিষ্ট সময়সূচি ও দায়িত্বের ভারে, যেখানে নিজের অনুভূতির জন্য সময় ক্রমেই সংকুচিত হয়। এই বাস্তবতা মানুষের অন্তর্মুখী অবস্থায় গভীর ছাপ ফেলে। আধুনিক বাংলা কবিতায় নগরজীবনের এই অভিজ্ঞতা বারবার প্রতিফলিত হয়েছে, ভিন্ন ভিন্ন রূপে।

আহসান হাবীব নগরজীবনের ক্লান্ত, দ্বন্দ্বময় ও সংবেদনশীল মানবচিত্রকে অত্যন্ত মনোযোগী দৃষ্টিতে ফুটিয়েছেন। তাঁর কবিতায় শহর কখনও কোলাহলময়, কখনও নিঃসঙ্গ মানুষের আশ্রয়, আবার কখনও মধ্যবিত্ত জীবনের অব্যক্ত বেদনার প্রতিচ্ছবি হয়ে ওঠে। মহাত্মা গান্ধী বলেছেন, “সভ্যতা মানুষকে আরাম দেয়, শান্তি নয়।” এই শহরের আরামের মাঝে আধুনিক মানুষ প্রতিদিন ক্লান্তি বহন করে। আহসান হাবীবের কবিতা সেই ক্লান্ত নগরমানুষের শিল্পসম্মত দলিল। কবি তাঁর ‘মুখোমুখি ফ্ল্যাট’ কবিতায় নগরজীবনের এক ক্ষুদ্র মুহূর্তকে কেন্দ্র করে মানুষের সংযম, অসম্পূর্ণতা ও আবেগের জটিলতা তুলে ধরেছেন। এখানে কোনো নাটকীয় সংঘর্ষ নেই—শুধু সিঁড়ি আর দরজার মাঝে দাঁড়ানো দুজন মানুষের দৈনন্দিন কথোপকথন। সংলাপগুলো স্বাভাবিক:

“আপনারা যাচ্ছেন বুঝি?”
“চলে যাচ্ছি, মালপত্র উঠে গেছে সব।”

এই সাধারণ কথার মধ্যেই ধরা পড়ে সম্পর্কের নীরব গভীরতা। সময় গণনা ক্যালেন্ডারের নয়, অভ্যাস ও অভিজ্ঞতার। কে কখন কী জানে, কে কার মায়ের কথা শুনেছে—এই জ্ঞানের মধ্যেই লুকিয়ে থাকে সম্পর্কের সংযত সৌন্দর্য। নারী চরিত্র শাহানা আধুনিক শহুরে নারীর সংকটের প্রতীক। অনার্স পড়া সত্ত্বেও পড়াশোনা ছেড়ে দেওয়া, মায়ের আপত্তি, ছেলেদের সঙ্গে বসা—সবই তার জীবনকে অদৃশ্য নিয়ন্ত্রণে আবদ্ধ করেছে। তবু তার সংযম, সচেতনতা এবং আত্মসম্মান প্রকাশ পায় কথায়। মাহবুব হোসেন, একজন মধ্যবিত্ত তরুণ, পড়াশোনা করছে, লক্ষ্য আছে, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে সংযত।কবিতার সবচেয়ে স্পর্শী দিক হলো যা বলা হয়নি। বিদায়ের সময় দৈনন্দিন পরামর্শ—চোখ যাবে, বোতাম নেই, সাবধানে পড়বেন—এই তুচ্ছ কথার মধ্যেও লুকিয়ে আছে গভীর মমতা। মা চরিত্রটি নগরজীবনের বাস্তবতা ও সামাজিক নিয়ন্ত্রণের উপস্থিতি নির্দেশ করে। ‘মুখোমুখি ফ্ল্যাট’ কবিতা প্রমাণ করে, নগরজীবনের গভীর গল্পগুলো অনেক সময় সিঁড়ি আর দরজার মাঝখানেই থাকে। এখানে মানুষ কাছাকাছি থেকেও দূরে থাকে, প্রেম থাকে, স্বীকৃতি নেই; সম্পর্ক আছে, দাবি নেই। সংযত বেদনা, নীরব সৌন্দর্য এবং অপূর্ণতার মধ্যেই কবি আধুনিক নগরমানুষের জীবনযন্ত্রণা ও মানবিকতাকে ফুটিয়েছেন।

তাঁর ‘সারা দুপুর’ কবিতাটিতেও নগরজীবনের এক গভীর অভিজ্ঞতাকে সরল ও গ্রহণক্ষম ভাষায় তুলে ধরেছেন। যেখানে প্রেম কোনো উচ্ছ্বাসের রূপ নেয়নি; এটি অপেক্ষা, অভাব এবং ক্লান্ত অনুসন্ধানের মাধ্যমে প্রকাশিত হয়েছে। কবিতার স্বর জুড়ে রয়েছে হারানোর অনুভূতি এবং এক ধরনের নীরব বিষন্নতা। শুরুর ‘সারা দুপুর’ শব্দবন্ধটির পুনরাবৃত্তি সময়ের দীর্ঘতা ও একঘেয়েমি নির্দেশ করে। দুপুর এখানে দিনের একটি অংশ বোঝায়নি কবি; তিনি বুঝিয়েছেন, এটি মানসিক অবস্থার প্রতীক। চারপাশে পরিচিত হলেও কাঙ্ক্ষিত মানুষটির অনুপস্থিতিতে পরিবেশ শূন্য মনে হয়। ছায়া-ভরা পথ ও রোদ-ভরা মাঠ বাইরের জীবনের সচলতা ও বৈচিত্র্যকে নির্দেশ করছে। প্রকৃতি স্বাভাবিক নিয়মে চললেও, মানুষের অভাব, শূন্যতা তার ভেতরেই স্থিত। কবির ‘শুধু নেই সেই তুমি’ লাইনটি এই অভাবকে দ্ব্যর্থহীনভাবে ফুটিয়ে তোলে।
“যাব আমি কোথায়?”

প্রশ্নটি কোনো স্থানের দিক নির্দেশ করেননি; এটি জীবনের পথ হারানোর প্রকাশ। প্রিয় মানুষের অনুপস্থিতিতে চলার পথ অস্পষ্ট হয়ে যায়। কবিতা কোনো উত্তর দেয় না, যা পাঠকের মনে দীর্ঘস্থায়ী প্রতিধ্বনি সৃষ্টি করে। কবিতায় সময় সন্ধ্যার দিকে চলে আসে। সূর্য হেলে পড়ে, পাখি নীড়ে ফেরে, প্রকৃতি বিশ্রামে যায়; কিন্তু কবির ক্লান্তি দূর হয় না। তিনি একা বসে থাকেন পুকুরপাড়ে। এই একাকিত্ব চেনা ছবি, যেখানে চারপাশে জীবন চলছে, মানুষ ফিরছে ঘরে, আর কবি থেকে যাচ্ছেন নিজের অন্তর্মুখী শূন্যতার সঙ্গে। ভাষা ও প্রকাশভঙ্গিতে কবি অত্যন্ত সংযত। কোনো ভারী অলংকার বা জটিল ভাবনার প্রদর্শন নেই। দৈনন্দিন দৃশ্য, সাধারণ শব্দ এবং সরল রূপকই গভীর অনুভব তৈরি করেছে। ফলস্বরূপ, আর তাই ‘সারা দুপুর’ কবিতা প্রেমের কবিতায় সীমাবদ্ধ না থেকে; নগরজীবনের অন্তর্গত শূন্যতা, একাকিত্ব অভাবের শিল্পসম্মত প্রকাশ।

জীবনানন্দ দাশের ভাবনায় বলা যায়—‘শহর মানুষকে ক্লান্ত করে, তবু এই ক্লান্তির ভেতর দিয়েই তার বেঁচে থাকা।’
আহসান হাবীবের ‘ক্রান্তিকাল’ কবিতাটি শহরজীবনের অদৃশ্য দ্বন্দ্ব এবং নারীর সংগ্রামের এক অনন্য চিত্র উপস্থাপন করে। কবিতার কেন্দ্রে থাকা নারী চরিত্র শুধুমাত্র শারীরিক দিকের প্রতীক না; তার শরীর ও মানসিক অবস্থা সময়, ইতিহাস এবং রাজনৈতিক কাঠামোর সঙ্গে গভীরভাবে যুক্ত। ‘বহুভোগ্যা এই নারী, এ হৃদয় সে হৃদয় নয়’ লাইনটি ব্যক্তিগত অনুভূতির সীমা অতিক্রম করে নারীর রাজনৈতিক, সামাজিক অবস্থানের বহুমাত্রিক প্রকাশ।

কবিতায় মধ্যরাত্রির রাজপথ এবং জ্বলন্ত নগর পরিবেশ পাঠককে সরাসরি সেই ক্লান্তি ও উত্তেজনার ভেতরে নিয়ে যায়। ‘অন্ধকারে দুই হাতে’ এবং ‘রাজপথে আর্তনাদ করে’ লাইনগুলো একটি নীরব, তবু তীব্র ক্রান্তিকালের দৃশ্যমান চিত্র ফুটিয়ে তোলে। এখানে নারীর যন্ত্রণাকে বাস্তব সময় ও ভৌগোলিক প্রেক্ষাপটের সঙ্গে মিলিয়ে দেখানো হয়েছে, যা আধুনিক শহরের নিস্তব্ধতার সঙ্গে সম্পর্কিত। কবিতার সবচেয়ে চমকপ্রদ অংশ হলো—‘অভীপসার আলো থেকে বিচ্ছুরিত সে নারী।’ এই লাইনটি প্রকাশ করে, যে নারী শুধুই স্বাধীনতা বা শক্তির প্রতীক নয়; তিনি আশা, ভয় এবং সংগ্রামের মিলিত রূপ। তার উপস্থিতি শহরের বিশালতা এবং ব্যক্তিগত যন্ত্রণা—সবকিছুর সঙ্গে প্রতিধ্বনিত হয়। কবি এখানে কেবল নারীর ব্যক্তিগত যন্ত্রণাই ফুটিয়ে তুলেননি; নগর, রাজনীতি এবং সময়ের ক্রমবিকাশকেও একত্রিত করেছেন। প্রতিটি শব্দ, ভঙ্গি এবং রূপক শহরের ক্লান্তি এবং নারীর অন্তর্গত উত্তেজনাকে সমান্তরালভাবে তুলে ধরেছে। ‘ক্রান্তিকাল’ হল আধুনিক শহর ও নারীর স্বাধীনতার সমান্তরাল প্রতিচ্ছবি। প্রতিটি ক্ষুদ্র দেহ, শব্দ এবং রূপক এক গভীর মানবিক ও রাজনৈতিক চিত্র গঠন করেছে। কবিতার শক্তিশালী ভঙ্গিমা, ব্যঞ্জনা এবং রূপক এটিকে স্বতন্ত্র ও চৌকোষভাবে দাঁড় করিয়েছে, যা নগরজীবনের ক্লান্তি ও একাকিত্বের আলোচনার সঙ্গে মিশলেও একটি স্বাধীন দৃষ্টিভঙ্গি ধরে রাখতে সক্ষম।

শহরের ক্লান্তি মানুষের ভিতরে অদৃশ্য যন্ত্রণা তৈরি করে, তবুও অনেকাংশে প্রশান্তির স্পর্শও বহন করে। শহরজীবন মানুষে মানুষে দেয়াল তৈরি করে না; বরং এটি মানুষের চাপের প্রঞ্জল প্রতিফলন। শহরের হাহাকার মানুষের ভেতরে এক অদৃশ্য শক্তি তৈরি করে, যা শহর জীবনের ক্লান্তির ভারকে নীরবতায় ঢেকে রাখে। কবির কবিতায় প্রাত্যহিকতা এবং মানুষের চরিত্রের সূক্ষ্মতা অত্যন্ত শিল্পময়ভাবে ফুটে উঠেছে। কবি ‘বুকের মধ্যে সকাল সকাল অকাল বৃষ্টি’ দিয়ে শুরু করে দিনের স্বাভাবিক, অথচ অচেতন যন্ত্রণা এবং দৈনন্দিন কর্মকাণ্ডের ছবি উপস্থাপন করেছেন। বৃষ্টি, রোদ, ধুলো ঝাড়া—এসব ঘটনা এখানে প্রকৃতির অংশ হলেও মানুষের ভেতরের অনুভূতির প্রতীক। কবিতার কেন্দ্রীয় ভাব হলো দৈনন্দিন সংগ্রাম। প্রাত্যহিক কাজ যেমন ধুলো ঝাড়া বা জানালা খোলা এক ধরনের অদৃশ্য উত্তেজনার প্রতিফলন হয়ে আসে।

‘ধুলো ঝাড়তে ঝাড়তে যাবো বুকের মধ্যে রক্তজবার’—এ লাইনটি দেখায়, কীভাবে সাধারণ কাজ ও অবস্থাকে প্রকাশ করতে পারে। কবিতার দ্বিতীয় অংশে ‘ফুলের মাছি’ এবং ‘ফুলের আতরধুলো’ বর্ণনা প্রকৃতির সঙ্গে মানুষের সূক্ষ্ম সম্পর্ককে ফুটিয়ে তোলে। কবি দৈনন্দিন দৃশ্যের মধ্যে অনুভূতি এবং অন্তর্জ্ঞানকে কাব্যিক রূপে ফুটিয়েছেন। তাঁর পঙক্তিতে ক্লান্তি, হাহাকার এবং মানুষের অন্তর্বর্তী পীড়ন—সব মিলিয়ে ভৌত বাস্তবতার সংমিশ্রণ তৈরি হয়েছে। বোঝানো হয়েছ, ক্লান্তি যতই গভীর হোক, মানুষের অন্তর সবসময় অনুভব করতে চায় তীক্ষ্ম সৌন্দর্য, আলো এবং বৃষ্টির কোমলতা।

আহসান হাবীবের কবিতার আলোকে বলা যায়, নগরজীবন কেবল বহিরাগত দৃশ্য নয়; এটি মানুষের অভ্যন্তরীণ যন্ত্রণা, এবং দৈনন্দিন ক্লান্তির প্রতিফলন। শহরের ব্যস্ততা, শব্দের ভিড়, প্রাত্যহিক কাজ—সবই মানুষের মনকে অদৃশ্যভাবে টানে। তবুও এই ক্লান্তির মধ্যেও মানুষ তার চেতনা ও আবেগপ্রবণতার মাধ্যমে আনন্দ, প্রকৃতির সৌন্দর্য এবং অন্তর্দৃষ্টি খুঁজে পায়। নগরের চাপের ভেতরও কবিতার প্রতিটি লাইন শিল্পসম্মতভাবে দেখায়, কিভাবে মানুষ তার অন্তরের শান্তি বজায় রাখে।

এই কবিতাগুলো আমাদের মনে করিয়ে দেয়, যেখানে শহরের হাহাকার মানুষকে ক্লান্ত করে, সেখানে একাকিত্ব অন্তরকে আরও স্পর্শকাতর এবং সম্পর্কের প্রতি আশঙ্কাপূর্ণ করে তোলে। এই উপলব্ধি থেকেই উদ্ভূত হয়েছে ‘একাকিত্ব ও সম্পর্কের দূরত্ব’ থিম, যা নগরজীবনের যন্ত্রণা এবং মানুষের অন্তর্মুখী অনুভূতির সঙ্গে সরাসরি সংযুক্ত। কবি আহসান হাবীব এই থিমটি তাঁর কবিতায় যত্নসহকারে শৈল্পিক রূপ দিয়েছেন।
‘Man is condemned to be free.’ —Jean-Paul Sartre. [বাংলা অনুবাদ: ‘স্বাধীন হওয়ায় মানুষ দণ্ডিত।’] এই উক্তি মানুষের অস্তিত্বগত অবস্থানকে নির্দেশ করে—মানুষ স্বাধীন, কিন্তু সেই স্বাধীনতার সমস্ত দায় একাই বহন করতে হয়। সম্পর্ক, প্রেম বা ভালোবাসার ক্ষেত্রেও এই দায় এড়ানো যায় না। একবার কোনো সিদ্ধান্ত বা উচ্চারণ হয়ে গেলে, মানুষ সেই সিদ্ধান্তের ফল ভোগ করতে বাধ্য হয়। আহসান হাবীবের ‘একবার বলেছি তোমাকে’ কবিতাটি এই অস্তিত্বগত দায়বদ্ধতারই এক গভীর মানবিক রূপ। কবিতায় প্রেমের স্বীকারোক্তি একাকিত্ব ও সম্পর্কগত দূরত্বের নাটকীয় প্রকাশ। এখানে প্রেম আশ্রয় হয়ে ওঠে না; এটি পরিণত হয় একবার উচ্চারিত কথার বন্দিত্বে। কবি দেখান, ভালোবাসা অনেক সময় মুক্তির ভাষাই হয়না; এটি আজীবন বহনযোগ্য দায়।

‘একবার বলেছি’— বাক্যটির পুনরুক্তি এক অনড় বাস্তবতা তৈরি করে। এই একবার বলা কথাটিই কবির জীবনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সম্পর্ক ভেঙে গেছে, অনুভূতি বদলে গেছে, ঘৃণা জন্মেছে—তবু বলা কথা আর ফেরানো যায় না। এখানেই সম্পর্কের দূরত্ব সুস্পষ্ট হয়; ভালোবাসা পারস্পরিক নয়, একতরফা বোঝায় রূপ নেয়। মধ্যভাগে নারী চরিত্রটি ক্রমে এক আধিপত্যশীল উপস্থিতিতে রূপ নেয়। ‘সম্রাজ্ঞীর বেশে’ থাকা নারী এবং ‘দাসানুদাস’ অবস্থানে থাকা পুরুষ—এই বিপরীত বিন্যাস সম্পর্কের ক্ষমতার অসমতাকে উন্মোচিত করে। এখানে প্রেম নিয়ন্ত্রণ, অহংকার ও উপেক্ষার কাঠামোয় আবদ্ধ। এ থেকেই জন্ম নেয় গভীর একাকিত্ব, যেখানে প্রেমিক সান্নিধ্যে থেকেও বিচ্ছিন্ন। দৃষ্টির ইন্দ্রজাল, উষ্ণ নিঃশ্বাস, ক্ষতস্থানের জ্বালা—এই চিত্রকল্পগুলো সম্পর্কের ভেতরের অস্বস্তের ইঙ্গিত বহন করে। কাছাকাছি থাকলেও দু’জনের মধ্যে দূরত্ব বাড়ে। এটি আবেগগত এবং অস্তিত্বগত। কবি দেখান, সম্পর্ক ভেঙে গেলে মানুষ একা হয় না; সম্পর্কের ভেতর থেকেও নিঃসঙ্গ হতে পারে।

কবিতায় প্রেমকে এক রহস্যময় শক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে। যার মৃত্যু নেই, জন্মান্তর নেই। এটি মুক্তির প্রতিশ্রুতি দেয় না; স্মৃতি ও উচ্চারণের মাধ্যমে মানুষকে বেঁধে রাখে। একবার বলা কথা সময়ের সঙ্গে ক্ষয় ও একাকিত্বকে আরও স্থায়ী করে। সব মিলিয়ে, “একবার বলেছি তোমাকে” রোমান্টিক আবরণ ছিঁড়ে দেখায় সম্পর্কের ভেতরের দূরত্ব, অসমতা এবং ব্যক্তিগত একাকিত্বের নির্মম বাস্তবতা। প্রখ্যাত সাহিত্যক ও নাট্যকার সৈয়দ শামসুল হক বলেছেন—এই প্রেমিক স্বাধীন, কিন্তু সেই স্বাধীনতার দায় তাকে একাই বহন করতে হচ্ছে।

 

একাকিত্ব ও সম্পর্কের দূরত্ব

কবি আহসান হাবিবের কবিতায় একাকিত্ব ও সম্পর্কের দূরত্ব নিয়ে লিখতে গেলে প্রথমে যে উক্তিটি মনে আসে, তা হলো ‘The city is not a concrete jungle, it is a human zoo.’—Desmond Morris [বাংলা অনুবাদ: ‘শহর কংক্রিটের জঙ্গল নয়, এটি মানুষের চিড়িয়াখানা।’ — ডেসমন্ড মরিস]। এই উক্তির আলোকে দেখা যায়, শহর কেবল ইট–পাথরের কাঠামো নয়; বরং এখানে মানুষই মানুষের দর্শনীয় বস্তু, যেখানে প্রতিদিন আত্মসংযমের ভেতর দিয়ে অগ্রসর হয়। আর ভিড়ের মধ্যেও ক্রমে একা হয়ে ওঠে। নিজের ইচ্ছা ও আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণে রাখতে বাধ্য হয়। আহসান হাবীবের ‘আমার যাওয়া হয় না’ কবিতা এই বাস্তবতাকেই গভীরভাবে তুলে ধরে। কবিতায় দৈনন্দিন জীবন, পারিবারিক সম্পর্ক, কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত আকাঙ্ক্ষার সংঘাত একত্রিত হয়ে অন্তর্মুখী একাকিত্বকে প্রতীয়মান করে। যেভাবে যেতে চাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও শহরের নানা বাঁধা, দায়িত্ব, অনুচ্চারিত নিয়ম মানুষের চলার পথ রুদ্ধ করে দেয়। তা কাব্যিকভাবে প্রকাশ করা হয়েছে।
এই কবিতার শুরুতেই প্রাত্যহিক কর্মকাণ্ড যেমন সকালবেলার কাজকর্ম, ধুলো ঝাড়া বা জানালা খোলার মতো দৃশ্য মানুষের ভিতরের মানসিক উত্তেজনা ও চাপের প্রতীক হয়ে ওঠে। যেমন: ‘আমার খুব যেতে ইচ্ছে করে, আমার যাওয়া হয় না।’ এই লাইনটি দেখায়, মানুষ স্বাধীনতা বা মুক্তির আকাঙ্ক্ষা রাখলেও নাগরিক জীবনের নিয়ম, দায়িত্ব এবং সীমাবদ্ধতা তাকে বাধাগ্রস্ত করে। মধ্যবর্তী অংশে বিভিন্ন প্রেক্ষাপট, পরিবারের ছোটখাটো দ্বন্দ্ব এবং শিশুর স্বাতন্ত্র্যবোধের মাধ্যমে একাকিত্বকে গভীরভাবে ফুটিয়েছেন। যেমন: ‘সকাল বেলা সুফিয়ার সঙ্গে ঝগড়া হলে, বারো বছরের ছেলেটি যখন তার নিজের ভাষায় ব্যক্তিস্বাতন্ত্র্যের ওপর বক্তৃতা করে…’ এখানে দেখা যায়, সামাজিক কাঠামোর মধ্যে মানুষ প্রায়শই নিজের ইচ্ছার সঙ্গে দ্বন্দ্ব করে। মন যায় কিন্তু বাস্তবতার বাধায় তা পূরণ হয় না। কবি ব্যক্তিগত আবেগ ও অন্তর্মুখী একাকিত্বকে সংযুক্ত করেছেন। স্কুলমাঠের অন্ধকার এবং পরিবারের নিয়ম সব মিলিয়ে মানুষের ভিতরের শক্তিকে দৃঢ়ভাবে ফুটে ওঠে। যেমন: ‘আমার খুব কাঁদতে ইচ্ছে করে, আর বলতে ইচ্ছে করে; এই দেখো আমি এবার অন্য রকম কাঁদছি, আবার ঠিক সেই রকম কাঁদছি একজন সুখী রাজার মত। কিন্তু আমার যাওয়া হয় না। আমাকে যেতে দেয় না।’ এইভাবে, ‘আমার যাওয়া হয় না’ কবিতায় কবি একাকিত্ব ও মানুষের অনুভূতির সূক্ষ্মতাকে প্রাত্যহিক জীবনের প্রেক্ষাপটে শৈল্পিকভাবে ফুটিয়ে তুলেছেন। তিনি বুঝিয়েছেন, মানুষের অন্তর সবসময় অনুভব করতে চায় স্বাধীনতা, প্রত্যক্ষণ এবং ক্ষুদ্র আনন্দ। কবিতার এই উপস্থাপন ও ভাবমূর্তি পাঠককে বাস্তবতা সঙ্গে সরাসরি সংযুক্ত করে।

আহসান হাবীব || ছবি সংগৃহীত

আহসান হাবীবের ‘যে পায় সে পায়’ কবিতা একাকিত্ব ও সম্পর্কের দূরত্বকে অনন্য দৃষ্টিকোণ থেকে তুলে ধরে। এখানে ভালোবাসা কোনো পারস্পরিক আশ্বাস বা সহজ আবেগের ফল নয়; প্রত্যাখ্যান, নীরবতা এবং না-পাওয়ার অভিজ্ঞতার মধ্য দিয়েই তার অস্তিত্ব দৃশ্যমান হয়। কবিতায় কবি একটি বিপরীতমুখী সত্য স্থাপন করেন।
‘তুমি ভালো না বাসলেই বুঝতে পারি ভালোবাসা আছে।’
এই পঙ্‌ক্তি বোঝায়, সম্পর্কের দূরত্বই অনেক সময় অনুভূতির গভীরতা প্রকাশ করে। ভালোবাসা এখানে উচ্চারণে না, অনুচ্চারিত অবস্থায় অধিক বাস্তব। আবার ‘না না বলে ফেরানো’ ক্রমাগত একাকিত্বের অনুভূতিকে গভীর করে তোলে। প্রত্যাখ্যান সম্পর্কের অবসান না ঘটিয়ে, মানুষের ভেতরে স্থায়ী অনুপস্থিতি সৃষ্টি করে।
‘না না বলে ফিরিয়ে দিলেই / ঘাতক পাখির ডাক শুনতে পাই চরাচরময়’
এই লাইনটি দেখায়, ভালোবাসার ব্যর্থতা অস্তিত্বগত আতঙ্কে রূপান্তরিত হয়। সম্পর্কের দূরত্ব দু’জনের মাঝে সীমাবদ্ধ থাকে না; তা চারপাশের পৃথিবীকেও শূন্য এবং ভীতিকর করে তোলে। কবি সমাজস্বীকৃত সাফল্য ও বাহ্যিক অর্জনের বিপরীতে ব্যক্তিগত পরাজয়ের কথা তুলে ধরেন। সুসজ্জিত ঘর, করতালি, জয়ধ্বনি—সবকিছু অর্থহীন হয়ে যায় প্রিয় মানুষের অনুপস্থিতিতে। হাহাকার তীব্র হয় যখন কবি বলেন, ‘তোমার পায়ের কাছে অস্তিত্ব লুটিয়ে দিয়ে / তোমাকে না পেলে…’
এখানে সম্পর্কের দূরত্ব মানুষের আত্মমর্যাদা ও পরিচয়ের প্রশ্নকেও স্পর্শ করে। কবিতার শিরোনাম ‘যে পায় সে পায়’ নিজেই একটি নির্মম উপলব্ধি ঘোষণা করে। ভালোবাসা সবার ভাগ্যে আসে না। যারা পায়, তারা এক অমূল্য ধনের অধিকারী। যারা পায় না, তাদের প্রাপ্তি হয় একাকিত্ব, নীরবতা এবং আত্মসমর্পণের বেদনাবোধ। এই কবিতায় আহসান হাবীব একাকিত্ব ও সম্পর্কের দূরত্বকে আবেগের উচ্ছ্বাসকে সংযত ভাষায়, আত্মসমালোচনার ভেতর দিয়ে প্রকাশ করেছেন। তিনি দেখান, ভালোবাসার সবচেয়ে সত্য রূপ অনেক সময় না-পাওয়ার মধ্যেই লুকিয়ে থাকে।
‘Art enables us to find ourselves and lose ourselves at the same time.’—Thomas Merton [বাংলা অনুবাদ: ‘শিল্প আমাদেরকে একই সময়ে নিজেকে খুঁজে পেতে এবং হারাতে সাহায্য করে।’—থমাস মার্টন)। আহসান হাবীবের ‘সেই অস্ত্র’ কবিতায় খুঁজে পাই আমেরিকান বিখ্যাত কবি ও সামাজিক সমালোচক টমাস মার্টনের উক্তির রেশ। কবির কবিতায় ব্যক্তিগত বেদনা এবং সমকালীন সমাজের প্রতিকূলতার মিলন ঘটেছে। কবি এখানে যে ‘অস্ত্র’ প্রত্যাশা করেন, তা একটি প্রতীক—একটি শক্তি, যা বিদ্বেষ, অহংকার, জাত্যভিমান এবং আধিপত্যের লোভকে পরাজিত করে। এই অস্ত্র উত্তোলিত হলে কেবল যুদ্ধ বা হিংসা বন্ধ হবে না, বরং অরণ্য, নদী, পাখি এবং মানুষের হৃদয় শান্তি ও সৌন্দর্যে ভরে উঠবে।
এই কবিতার প্রতিটি লাইন পাঠককে নগরজীবনের অদৃশ্য ক্লান্তি, দৈনন্দিন চাপ এবং মানসি অব্যক্ত বেদনার সঙ্গে পরিচয় করায়। উদাহরণস্বরূপ: ‘যে অস্ত্র উত্তোলিত হলে বারবার বিধ্বস্ত হবে না ট্রয়নগরী। আমি সেই অবিনাশী অস্ত্রের প্রত্যাশী।’ এই লাইন দেখায়, মানুষের ভিতরের ক্লান্তি ব্যক্তিগত নয়; তা সমগ্র সমাজের প্রেক্ষাপটেও বিস্তৃত। কবি বোঝান, এই ক্লান্তি দূর করার একমাত্র উপায় হলো ভালোবাসা, যা মানুষকে সংযত বেদনার মধ্যেও শৃঙ্খলমুক্ত ও সমন্বিত করে। কবির উত্তোলিত অস্ত্র এবং অমোঘ ভালোবাসা প্রতীকের মাধ্যমে মানুষের চেতনা, উত্তেজনা এবং সংগ্রামের চিত্র ফুটিয়েছেন। নগরজীবনের ক্লান্তি মানসিকতার চেয়ে সমাজের অসঙ্গতি, স্বার্থপরতা এবং নিপীড়নের প্রতিফলন।
সারসংক্ষেপে বলা যায়, ‘সেই অস্ত্র’ কবিতা নাগরিক জীবনের ক্লান্তি, সংযত বেদনা, এবং মানুষের আকাঙ্ক্ষাকে শিল্পসম্মতভাবে তুলে ধরে। কবিতার মাধ্যমে পাঠক উপলব্ধি করতে পারেন, প্রেম ও মানবিকতা হল একমাত্র অস্ত্র, যা আধিপত্য, বিভাজন ও ঘৃণা পরাজিত করতে পারে।

আবার আহসান হাবীবের ‘অসুখ’ ও ‘কান্না’ কবিতায় নগরজীবন, একাকিত্ব ও মানসিক চাপ লক্ষ্য করা যায়। যা ব্যক্তিগত হতাশার গভীর প্রতিফলন। কবি এই কবিতায় ব্যক্তিগত অসুখকে সমাজের অস্থিরতার সঙ্গে মিলিত করেছেন। তিনি যখন বলেন, ‘আমরা বড় অস্থির। কী চাই, আমাদের কী চাই, কী চাই!’
এখানে পরিলক্ষিত হয় গভীর অথচ অদৃশ্য চাপ, অনির্দিষ্ট আকাঙ্ক্ষা এবং দ্বন্দ্ব। কবিতায় নৌকা ভেসে যাওয়া, উদ্দাম জোয়ারের সঙ্গে ভেসে যাওয়া। শূন্যতার প্রতীকী উপস্থাপনা নগরজীবনের ক্লান্তি, একাকিত্ব ও বাস্তবের সঙ্গে লড়াইকে দৃশ্যমান করে। কবি মূলত এখানে নগরজীবন বা সামাজিক কাঠামোর বাইরেও ব্যক্তিগত যন্ত্রণা, হতাশার গভীরতা দেখিয়েছেন। কবিতার ভাষা সংযত, কিন্তু অনুভূতি তীব্র। এটি প্রমাণ করে যে মানুষের বেদনা সরলভাবে প্রকাশ পায় না; বরং তা সমগ্র বাস্তবতা ও উদ্দীপনার সঙ্গে মিলিত হয়ে কাব্যিক শক্তি হিসেবে কাজ করে।
‘অসুখ’ পাঠককে অন্তর্মুখী মানসিক জগতের মধ্যে নিয়ে যায়। যেখানে ক্লান্তি, অস্থিরতা, সংযত বেদনা মিলিত হয়ে সংকট এবং অবসাদের চিত্র ফুটায়। এটি মানব জীবনের আধ্যাত্মিক স্থিতিশীলতা ও অনুভূতির গভীরতা বোঝার একটি শক্তিশালী উদাহরণ।
অন্যদিকে, ‘কান্না’ কবিতায় কবি রোমান্টিক অনুভূতি, ভালোবাসার অভাব এবং সম্পর্কের দূরত্বকে সূক্ষ্মভাবে ফুটিয়েছেন। এখানে সম্পর্কের শূন্যতা বা অনুপস্থিতি সত্ত্বেও অনুভূতিগুলো জীবন্ত থাকে। আর তা স্পষ্ট হয় যখন কবি লিখেন,
‘প্রেম নেই তবু প্রেমের কান্না মরেনি। তুমি নেই তবু তোমাকে পাওয়ার বাসনার সোনা ঝরেনি।’
এই কবিতায় বৈশাখী মেঘ, পাখির সুর, রূপালি নদীর তীর ইত্যাদি প্রাকৃতিক বর্ণনা ব্যবহার করে কবি একাকিত্ব এবং অন্তর্মুখী অনুভূতির প্রতিফলন তৈরি করেছেন। দূরত্ব বা অনুপস্থিতি সম্পর্কের অনুভূতিকে হত্যা করতে পারে না; এটি আরও গভীর আবেগ এবং সংবেদন জাগায়, সে কথা কবিতায় সুব্যক্ত হয়।
‘সেই বৈশাখী মেঘের আবেগে আষাঢ়ের আঙিনাতে যদি কোনদিন বন্যা নামায় এমনি ঝড়ের রাতে—এই আশা নিয়ে প্রেমের কান্না জাগে।’ এই ‘কান্না’ পাঠককে একটি স্বকেন্দ্রিক জগতে নিয়ে যায়, যেখানে সম্পর্কের দূরত্ব, একাকিত্ব এবং রোমান্টিক প্রত্যাশা সুক্ষ্মভাবে ফুটে ওঠে। এটি একাকিত্ব ও দূরত্বকে প্রগাঢ়ভাবে সংযুক্ত করে। এই একাকিত্ব ও দূরত্ব আহসান হাবীবের কবিতায় বারবার পবিস্ফুট হয়ে ওঠে। তাঁর রচনায় ব্যক্তিগত একাকিত্ব, অন্তর্মুখী অনুভূতি পুঙ্খানুপুঙ্খ ও গভীরভাবে ফুটে ওঠে। যে কবিতাগুলোয় প্রগাঢ়ভাবে এসব পরিলক্ষিত হয়, তার মধ্যে উল্লেখযোগ্য—‘একবার বলেছি তোমাকে’, ‘সারা দুপুর’, ‘আমার যাওয়া হয় না’, ‘সেই অস্ত্র’, ‘অসুখ’, ‘কান্না’। এই কবিতাগুলোয় পাঠককে কবি সেই মনস্তত্বে নিয়ে যান, যেখানে ভালোবাসা, প্রত্যাখ্যান এবং অনুভূতি একসঙ্গে উপস্থিত থাকে। তাঁর রচনা স্মরণ করিয়ে দেয়, অন্তরঙ্গতা ও ব্যবধান—এই দুইয়ের মধ্যে যে নিপুণ সাম্যতা থাকে, সেটি মানব জীবনের সবচেয়ে গভীর আবেগের অবস্থান।

 

ক্লান্তি ও সংযত বেদনা

আহসান হাবীবের কবিতায় নগরজীবনের ক্লান্তি, একাকিত্ব এবং সংযত বেদনা প্রায়শই কেন্দ্রীয় থিম হিসেবে উঠে আসে। ‘আমার যাওয়া হয় না’, ‘সেই অস্ত্র’, ‘অসুখ’ এবং ‘কান্না’–এর মতো কবিতায় দেখা যায় মানুষের দৈনন্দিন জীবন, অন্তর্মুখী অনুভূতি, প্রত্যাশা এবং ব্যর্থতার সংমিশ্রণ। কবির ভাষা সরল হলেও তীক্ষ্ম ও গভীর। যা পাঠকের মনে রূপক, ছন্দ এবং নান্দনিক আভাস সৃষ্টি করে।
‘আমার যাওয়া হয় না’–এ কবি নিজের অন্তর্গত আকাঙ্ক্ষা ও বাস্তবতার দ্বন্দ্ব ফুটিয়েছেন। ‘আমার খুব যেতে ইচ্ছে করে, আমার যাওয়া হয় না’–এই পুনরাবৃত্তি অচেতন আকাঙ্ক্ষার প্রতিফলন। ধুলা ঝাড়া, জানালা খোলা, স্কুলমাঠের অন্ধকার—সবই দৈনন্দিন জীবনের মধ্য দিয়ে মানসিক ক্লান্তি এবং সংযত বেদনার প্রকাশ।

‘সেই অস্ত্র’–এ কবি রাষ্ট্র, সভ্যতা এবং প্রাকৃতিক শান্তির সঙ্গে সংযত বেদনার সম্পর্ক ফুটিয়েছেন। এখানে ‘অস্ত্র’ রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে, যা প্রেম, ন্যায় ও শক্তির প্রতীক। ‘যে অস্ত্র উত্তোলিত হলে অরণ্য হবে আরও সবুজ, নদী আরও কল্লোলিত, পাখিরা নীড়ে ঘুমোবে’— এই লাইনগুলোতে প্রকৃতি এবং মানুষের সংযোগের সৌন্দর্য এবং ইতিহাস ও সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটের মিলন লক্ষ্য করা যায়।
‘অসুখ’ কবিতায় কবি যুবকের মানসিক অস্থিরতা, সমাজের অব্যবস্থা ও অন্তর্মুখী বেদনাকে একত্রিত করেছেন। ‘নৈরাশ্যের হাওয়া থেকে ক্রোধের আগুন জ্বেলে নিয়ে তারা বলে: পুড়ুক পুড়ুক’—এই লাইনে সামাজিক বাস্তবতা এবং মনোগত সংমিশ্রণ ফুটে ওঠে।
‘কান্না’ কবিতায় প্রেম, সম্পর্কের তফাৎ ও নিঃসঙ্গতা প্রাধান্য পায়। ‘প্রেম নেই তবু প্রেমের কান্না মরেনি, তুমি নেই তবু তোমাকে পাওয়ার বাসনার সোনা ঝরেনি’—এই লাইনগুলোতে সংযত বেদনা এবং অনুভূতির নিখুঁত সংমিশ্রণ লক্ষ্য করা যায়। কবি বাংলা সাহিত্যের ঐতিহ্য যেমন— বৈশাখী মেঘ, নদী, বনও অন্তর্ভুক্ত করেছেন, যা কবিতার ভৌগোলিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটকে শক্তিশালী করেছে।
সার্বিকভাবে, আহসান হাবীবের কবিতায় নগরজীবনের ক্লান্তি, নিঃসঙ্গতা এবং সংযত বেদনা একত্রিত হয়ে মানুষের অন্তর ও বাস্তবতার গভীর চিত্র ফুটিয়ে তোলে। তাঁর ভাষা সরল হলেও রূপক, ছন্দ, বর্ণনা এবং নান্দনিকতা পাঠককে গভীর অনুভূতির সঙ্গে সংযুক্ত করে। নগরজীবনের চাপ, একাকিত্বের সাম্যতা—সবই হাবীবের কবিতায় শিল্পসম্মতভাবে প্রতিফলিত।

 

সময় ও ইতিহাসের চাপ

আহসান হাবীবের কবিতায় সময় কোনো নিরপেক্ষ পটভূমি নয়; এটি সক্রিয় চাপ হিসেবে কাজ করে। ‘আমার যাওয়া হয় না’ কবিতায় দেখা স্থবিরতা ব্যক্তিগত অলসতা থেকে আসে না; এটি সময়ের তৈরি এক অবরুদ্ধ অবস্থান। যেতে চাওয়ার ইচ্ছা থাকলেও যাওয়া অসম্ভব—এই দ্বন্দ্বই আধুনিক সময়ের বাস্তবতা। দেশভাগ, যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা বা আদর্শগত ভাঙন সরাসরি উল্লেখ না হলেও, ইতিহাস অনুভূত হয় মানুষের দৈনন্দিন জীবনে জমে থাকা ক্লান্তি, ভয় ও অনিশ্চয়তার মধ্য দিয়ে। ‘এখন যুদ্ধটুদ্ধ চলছে’, ‘এখন খুব দুঃসময়’—এই ধরনের সংকেত সময়ের নিষ্ঠুর নির্দেশের মতো, যেখানে ব্যক্তিগত ইচ্ছা গৌণ হয়ে পড়ে।
তাঁর কবিতায় নৈতিকতা সরল আদর্শ ও দ্বিধার মধ্য দিয়ে তৈরি হয়। ‘অসুখ’–কবিতায় যুবকরা বিদ্রোহী ও অস্থির, কিন্তু দিশাহীন। তারা জানে পুরনো কাঠামো ভাঙতে হবে, কিন্তু নতুন কী গড়ে তুলবে—এটি অনিশ্চিত। ‘সেই অস্ত্র’ কবিতায় অস্ত্র চাইলে তা ধ্বংসের নয়, ভালোবাসার। এই অবস্থানই নৈতিক দ্বিধাকে ব্যক্ত করে, যেখানে আদর্শ এবং বাস্তবতা একত্রিত হয়।
আহসান হাবীবের রাজনীতি সংযত, ধীর, কিন্তু গভীরভাবে প্রতিরোধী। ‘আমার যাওয়া হয় না’ বা ‘সেই অস্ত্র’–এ কোনও নির্দিষ্ট শাসক বা কাঠামোর বিরুদ্ধে সরাসরি অভিযোগ নেই তাঁর। তবু পাঠক বুঝতে পারে কোন শক্তি মানুষকে আটকে রাখছে। সংযত কণ্ঠ দ্রুত ক্ষয় হয় না; দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে।
কবির কবিতায় শরীর মানসিক অবস্থার ধারক। ‘বুকের মধ্যে সকাল সকাল অকাল বৃষ্টি’, ‘ক্ষতস্থান জ্বলে জ্বলে ওঠে’, ‘আমার খুব কাঁদতে ইচ্ছে করে’—এই পঙক্তিগুলোতে শরীর আর মন আলাদা থাকে না। মানসিক ক্লান্তি শরীরের অভিজ্ঞতায় রূপ নেয়। আবার শরীরের ক্লান্তি মানসিক অবসাদকে গভীর করে। এই সংযোগ পাঠককে কেবল ভাবতে নয়, অনুভব করতেও বাধ্য করে।
আহসান হাবীবের কবিতার মানুষ জানে পরিস্থিতি প্রতিকূল, পথ সংকীর্ণ, ভবিষ্যৎ অনিশ্চিত। তবু তারা দাঁড়িয়ে থাকে। ‘আমার যাওয়া হয় না’-এ বক্তা যেতে পারে না, কিন্তু চাওয়াটা ছাড়ে না। ‘একবার বলেছি তোমাকে’–এ প্রেম ব্যথা হয়ে যায়, তবু সে বহনযোগ্য থাকে। ‘সেই অস্ত্র’–এ পৃথিবী হিংস্র হলেও ভালোবাসার অস্ত্রের স্বপ্ন ত্যাগ হয় না।
এই দৃঢ়তা কোনো বিজয়ের ঘোষণা নয়; এটি টিকে থাকার মানবিক শক্তি। আশা এখানে উজ্জ্বল আলো না হলেও, ক্ষীণ অথচ স্থায়ী আগুন। কবি দেখান, সব হারিয়েও মানুষ টিকে থাকতে পারে।


শৈল্পিক কৌশল ও ভাষার বৈশিষ্ট্য

আহসান হাবীবের কবিতায় ভাষা সরল, স্বচ্ছ, সংযত হলেও গভীর রূপক, প্রতীক, ছন্দ এবং পুনরাবৃত্তি ব্যবহার করে মানসিক অনুভূতির গভীরতা ফুটিয়ে তোলা হয়েছে। উদাহরণস্বরূপ, ‘একবার বলেছি’ বা ‘আমার যাওয়া হয় না’–এর পুনরাবৃত্তি কেবল একাকিত্বকে নয়, মানুষের অন্তর্মুখী আকাঙ্ক্ষা এবং বাস্তবতার সঙ্গে দ্বন্দ্বকেও প্রতিফলিত করে। সংযত বাক্যগঠন, বিরামচিহ্ন এবং প্রাঞ্জল শব্দচয়ন পাঠকের মনে ধীরগতি সৃষ্টি করে, যা নগরজীবনের ক্রমাগত চাপ এবং সম্পর্কের মিহি ও মনোমুগ্ধকর ভারসাম্যকে অনুভূতিপূর্ণভাবে তুলে ধরে।
কবির কবিতায় শহরের ক্লান্তি, হাহাকার এবং একাকিত্ব প্রায়শই প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে মিলিত হয়। বৃষ্টি, নদী, ফুল, বৈশাখী মেঘ ইত্যাদি প্রাকৃতিক উপাদানগুলো মানুষের অভ্যন্তরীণ চাপ, মানসিক উত্তেজনা এবং সংযত বেদনার প্রতীক হিসেবে কাজ করে। শহরের দৈনন্দিন দৃশ্য যেমন ধুলো ঝাড়া, জানালা খোলা বা স্কুলমাঠের মুহূর্তগুলোও মানসিক অবস্থার সঙ্গে সমান্তরালভাবে প্রতিফলিত হয়। এর ফলে কবিতায় স্থান ও পরিবেশ শুধু পটভূমি থাকে না, তা অনুভূতির ধারক হয়ে ওঠে। যা পাঠককে নগরবাস্তবতা, দূরতা, বিচ্ছিন্নতা এবং মনস্তাত্ত্বিক উদ্বেগের সঙ্গে মানসিকভাবে সংযুক্ত করে। দৈনন্দিন ছোটখাটো দৃশ্য, ব্যক্তিগত অনুভূতি এবং বেদনা একত্রিত হয়ে পাঠকের মনে এক গভীর প্রতিধ্বনি সৃষ্টি করে। তখন কবিতা শুধু পড়া নয়; অনুভব বস্তু হয়ে ধরা দেয়। আর পাঠক নিজেকে কবিতায় অবস্থিত অবস্থানে খুঁজে পায়।
কবির কবিতায় আধুনিক শহরের চাপ, ব্যক্তিগত স্বাধীনতার ভার এবং সম্পর্কের দূরত্ব খোলাখুলিভাবে ফুটে ওঠে। সার্ত্রের ‘Man is condemned to be free’ বা ডেসমন্ড মরিসের ‘The Human Zoo’–এর দৃষ্টিকোণ অনুযায়ী, কবিতায় আধুনিক মানুষের অস্তিত্বগত দ্বন্দ্ব, মানসিক চাপ এবং নৈতিক দ্বিধা প্রতিফলিত হয়েছে। শহরের ক্রমাগত ক্লান্তি, দৈনন্দিন বাধা পাঠককে অস্তিত্বগত অবস্থান ও তার সংগ্রামের সাথে পরিচয় করায়।

পরিশেষে বলা যায়, আহসান হাবীবের কবিতা আধুনিক থেকে উত্তরাধুনিক। তার কবিতায় ব্যক্তিগত অনুভব কখনও নিছক আত্মকথন হয়ে থাকে না; বরং তা সময়, ইতিহাস এবং সমকালীন বাস্তবতার সঙ্গে যুক্ত হয়ে বৃহত্তর মানবিক অভিজ্ঞতার রূপ নেয়। নগরবাস্তবতা, সম্পর্কের ভাঙন, প্রেমের অসাম্য, স্বাধীনতার ভার, অস্তিত্বের চাপ—সবই তাঁর কবিতায় সংযত বেদনায় রূপান্তরিত হয়। তাঁর কবিতায় ভাষা ও রূপকের মাধ্যমে মানসিক যন্ত্রণা ফুটে উঠলেও সেখানে অতিনাটকীয়তা নেই। তাঁর কণ্ঠ সংযত, অথচ গভীরভাবে রাজনৈতিক এবং মানবিক। তিনি প্রেমকে দেখান দায় ও স্মৃতির ভার হিসেবে, এবং সামাজিক বিশৃঙ্খলা ও নৈতিক অবক্ষয়ের মধ্যেও মানবিক দৃঢ়তার সম্ভাবনা অক্ষুণ্ণ রাখেন। ফলে, কবির কবিতা আধুনিক বাংলা সাহিত্যে কেবল রোমান্টিক বা নগরজীবনের প্রতিফলন নয়; এটি অস্তিত্ববাদী চিন্তা, মানবিক সংকট এবং সংযত বেদনার এক গুরুত্বপূর্ণ দলিল।


তথ্যসূত্র
• হাবীব, আহসান। রাত্রিশেষ। ঢাকা: প্রকাশক অনির্দিষ্ট।
• হাবীব, আহসান। সারা দুপুর। ঢাকা: প্রকাশক অনির্দিষ্ট।
• হাবীব, আহসান। আশায় বসতি। ঢাকা: প্রকাশক অনির্দিষ্ট।
• হাবীব, আহসান। বিদীর্ণ দর্পণে মুখ। ঢাকা: প্রকাশক অনির্দিষ্ট।
• বাংলা একাডেমি। বাংলাপিডিয়া: আহসান হাবীব। ঢাকা: বাংলা একাডেমি।
• মহাত্মা গান্ধী। হিন্দ স্বরাজ, ১৯০৯।
• সৈয়দ শামসুল হক। কাব্যনাটক ‘নূরলদীনের সারাজীবন’
• Morris, Desmond. The Human Zoo. London: Jonathan Cape, 1969.
• Sartre, Jean-Paul. Existentialism Is a Humanism. Paris: Les Éditions Nagel, 1946.
• Chowdhury, Anisuzzaman
. আধুনিক বাংলা কবিতা: প্রকৃতি ও প্রবণতা। ঢাকা: বাংলা একাডেমি।

টীকা
• আলোচনায় ব্যবহৃত দার্শনিক উদ্ধৃতিগুলো সরাসরি তাত্ত্বিক বিশ্লেষণের জন্য নয়; বরং কবিতার ভাবগত ও মানসিক প্রেক্ষাপট বোঝার জন্য ব্যবহৃত।
• কবিতার বিশ্লেষণে ভাষা, রূপক, নন্দনতত্ত্ব এবং আবেগগত নির্মাণকে ঐতিহাসিক তথ্যের চেয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
• উদ্ধৃত কবিতাংশগুলি পাঠভিত্তিক বিশ্লেষণের উদ্দেশ্যে নির্বাচিত; পূর্ণ পাঠের প্রতিনিধিত্ব দাবি করে না।