উত্তরাধুনিক প্রেক্ষাপটে বাংলাদেশের নারী শিল্পীদের শিল্পচর্চা
বাংলাদেশের সমকালীন শিল্পচর্চার ইতিহাস মূলত একটি পরিবর্তনশীল সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বাস্তবতার ইতিহাস। ঔপনিবেশিক উত্তরাধিকার, দেশভাগ, পাকিস্তানি শাসন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক অস্থিরতা, সামরিক শাসন, গণতান্ত্রিক আন্দোলন, দ্রুত নগরায়ণ, বিশ্বায়ন এবং পুঁজিবাদী অর্থনীতির বিস্তারের মধ্য দিয়ে বাংলাদেশের শিল্পভাষা ক্রমাগত পরিবর্তিত হয়েছে। এই পরিবর্তনের ধারায় নারী শিল্পীদের অবস্থান বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ তাঁরা কেবল একজন শিল্পী হিসেবে সামাজিক বাস্তবতাকে প্রত্যক্ষ করেননি; একই সঙ্গে নারী হিসেবে পরিবার, শরীর, শ্রম, যৌনতা, মাতৃত্ব, সামাজিক বিধিনিষেধ, সহিংসতা, বৈষম্য এবং ক্ষমতার কাঠামোর অভিজ্ঞতাও তাঁদের শিল্পচর্চাকে প্রভাবিত করেছে। ফলে বাংলাদেশের উত্তরাধুনিক শিল্পে নারী শিল্পীদের কাজ ব্যক্তিগত অভিজ্ঞতা এবং বৃহত্তর সামাজিক-রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ যোগসূত্র তৈরি করেছে।
বাংলাদেশের শিল্পে উত্তরাধুনিকতার আগমনকে কোনো নির্দিষ্ট সময় বা একক শিল্প-আন্দোলনের মাধ্যমে ব্যাখ্যা করা কঠিন। বরং এটি একটি দীর্ঘ পরিবর্তনশীল প্রক্রিয়া, যেখানে শিল্পীরা প্রতিষ্ঠিত শিল্পরীতি, একক ইতিহাস এবং প্রচলিত নন্দনতত্ত্বকে প্রশ্ন করতে শুরু করেন। উত্তরাধুনিক শিল্পচিন্তা বহুস্বরের উপস্থিতি, ভাঙচুর, স্মৃতি, পরিচয়, প্রান্তিকতা, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং প্রচলিত সত্যের পুনর্বিবেচনাকে গুরুত্ব দেয়। বাংলাদেশের প্রেক্ষাপটে এই বৈশিষ্ট্যগুলো বিশেষ তাৎপর্য বহন করে, কারণ দেশের সামাজিক বাস্তবতাই বহুস্তরীয় ও বৈপরীত্যপূর্ণ। এখানে আধুনিকতা ও ঐতিহ্য, গ্রাম ও শহর, স্থানিকতা ও বিশ্বায়ন, ধর্মীয় মূল্যবোধ ও ব্যক্তিস্বাধীনতা, অর্থনৈতিক উন্নয়ন ও বৈষম্য--সবকিছু একই সঙ্গে সক্রিয়। নারী শিল্পীদের কাজ এই জটিল বাস্তবতাগুলোকে কখনো সরাসরি, কখনো প্রতীক, রূপক, শরীর, বস্তু, স্মৃতি ও ব্যক্তিগত আখ্যানের মাধ্যমে প্রকাশ করেছে।
বাংলাদেশের নারী শিল্পীদের শিল্পচর্চার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ব্যক্তিগত অভিজ্ঞতাকে বৃহত্তর রাজনৈতিক অর্থে রূপান্তরিত করা। নারীর ব্যক্তিগত জীবন এখানে নিছক ব্যক্তিগত নয়; বরং তা পরিবার, সমাজ, ধর্ম, রাষ্ট্র, অর্থনীতি এবং পুরুষতান্ত্রিক ক্ষমতার কাঠামোর সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। একজন নারীর শরীরের ওপর সামাজিক নিয়ন্ত্রণ, তার চলাফেরার সীমাবদ্ধতা, বিবাহ ও মাতৃত্বের প্রত্যাশা কিংবা অপ্রত্যাশা, শ্রমের অবমূল্যায়ন কিংবা তার কণ্ঠকে রুদ্ধ করে দেওয়ার প্রক্রিয়া—এসবই বৃহত্তর ক্ষমতার রাজনীতির অংশ। ফলে নারী শিল্পীদের কাছে শরীর শুধুমাত্র একটি নান্দনিক বিষয় নয়; এটি হয়ে ওঠে তার পরিচয়, প্রতিরোধ, স্মৃতি, সহিংসতা এবং ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র।

ছবি: দিলারা বেগম জলির শিল্পকর্ম ‘তাজরীননামা’ সিরিজ থেকে
বিশেষত নারীদেহ বাংলাদেশের সমকালীন শিল্পে একটি শক্তিশালী রাজনৈতিক ও প্রতীকী ভাষা তৈরি করেছে। কখনো দেহের উপস্থিতি, কখনো অনুপস্থিতি, কখনো ক্ষত, কখনো আবৃত বা বিকৃত শরীরের মাধ্যমে শিল্পীরা নারীর সামাজিক অবস্থানকে প্রশ্ন করেছেন। নারীদেহকে যে দৃষ্টিভঙ্গি দীর্ঘদিন ধরে পুরুষতান্ত্রিক সমাজ নির্ধারণ করে এসেছে, অর্থাৎ সুললিত, মায়াবী, রহস্যপূর্ণ বা এই ধরনের ধারণায় সাহিত্যে ও শিল্পে যে নারীকে আমরা দেখতে পাই, নারী শিল্পীরা সেই দৃষ্টিকে উল্টে দিয়ে নিজেদের শরীর ও অভিজ্ঞতার ওপর নিজেদের বক্তব্য প্রতিষ্ঠা করেছেন। ফলে দেহ এখানে শুধু সৌন্দর্যের বস্তু নয়; বরং একটি রাজনৈতিক ভূখণ্ড, যেখানে ব্যক্তিসত্তা ও সামাজিক নিয়ন্ত্রণের সংঘাত দৃশ্যমান হয়।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের নারী শিল্পীদের শিল্পচিন্তায় একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করেছে। মুক্তিযুদ্ধের ইতিহাসে নারীর অভিজ্ঞতা দীর্ঘদিন ধরে জাতীয় বীরত্বের প্রচলিত আখ্যানের আড়ালে থেকে গেছে। ধর্ষণ, যৌন সহিংসতা, নির্যাতন, বাস্তুচ্যুতি, স্বজন হারানো এবং যুদ্ধ-পরবর্তী সামাজিক কলঙ্ক, মানসিক ট্রমা, না বলা গল্পের নীরব সমাধি—এসব অভিজ্ঞতা নারীর ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হলেও তা সবসময় মূলধারার ইতিহাসে যথাযথভাবে স্থান পায়নি। সমকালীন নারী শিল্পীরা এই নীরব বা আংশিকভাবে বলা ইতিহাসকে পুনরায় দৃশ্যমান করার চেষ্টা করেছেন। তাঁদের শিল্পে মুক্তিযুদ্ধ কেবল একটি জাতীয় গৌরবের ঘটনা নয়; বরং এটি স্মৃতি, ক্ষত, শরীর, সহিংসতা, আত্মপরিচয় এবং নারীর অনুচ্চারিত অভিজ্ঞতারও ইতিহাস।
এই জায়গায় দিলারা বেগম জলি’র শিল্পচর্চা বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর কাজের মধ্যে নারীর শরীর, যৌন সহিংসতা, যুদ্ধ, সামাজিক নিপীড়ন, রাজনৈতিক ইতিহাস এবং নারীর অস্তিত্বের প্রশ্ন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে ওঠে। তিনি ইতিহাসের প্রচলিত বয়ানের বাইরে থাকা নারী-অভিজ্ঞতাকে শিল্পের বিষয় করেছেন। তাঁর কাজে শরীর কখনো স্মৃতির বাহক, কখনো সহিংসতার সাক্ষী, আবার কখনো প্রতিরোধের ক্ষেত্র। ফলে তার শিল্পে ব্যক্তিগত ও রাজনৈতিক, ইতিহাস ও বর্তমান প্রেক্ষাপট, বাস্তবতা ও প্রতীকের মধ্যে একটি জটিল সম্পর্ক তৈরি হয়। এই ধরনের শিল্পচর্চা বাংলাদেশের উত্তরাধুনিক শিল্পের একটি গুরুত্বপূর্ণ প্রবণতাকে নির্দেশ করে—অর্থাৎ একক ও প্রতিষ্ঠিত ইতিহাসের পরিবর্তে বহুমাত্রিক এবং প্রান্তিক ইতিহাসের অনুসন্ধান।

ছবি: নাজলী লায়লা মনসুরের শিল্পকর্ম ‘লিফট’
নারী শিল্পীদের কাজকে প্রভাবিত করা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশের আর্থ-সামাজিক পরিবর্তন। স্বাধীনতার পর বাংলাদেশে দ্রুত নগরায়ণ, শিল্পায়ন, পোশাকশিল্পের বিকাশ, শ্রমবাজারে নারীর প্রবেশ এবং গ্রাম থেকে শহরে অভিবাসন সমাজের কাঠামোতে বড় পরিবর্তন এনেছে। বিশেষ করে তৈরি পোশাকশিল্পে নারীর ব্যাপক অংশগ্রহণ নারীর অর্থনৈতিক স্বাধীনতার নতুন সম্ভাবনা তৈরি করলেও এর সঙ্গে যুক্ত হয়েছে কম মজুরি, অনিরাপদ কর্মপরিবেশ, দীর্ঘ কর্মঘণ্টা, শ্রমিক অধিকারহীনতা এবং শ্রেণিগত বৈষম্য। শিল্পীরা এই দ্বৈত বাস্তবতাকে তাদের কাজের মধ্যে ধারণ করেছেন। নারী একদিকে অর্থনৈতিক উৎপাদনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন, অন্যদিকে সেই উৎপাদন ব্যবস্থার মধ্যেই শোষণ ও বৈষম্যের শিকার হয়েছেন।
তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের মতো শিল্প-দুর্ঘটনা বাংলাদেশের নারী শ্রমিকদের জীবনের অনিরাপত্তাকে নতুন করে সামনে এনেছে। এ ধরনের ঘটনা শিল্পীদের কাছে কেবল সংবাদ বা রাজনৈতিক ঘটনা নয়; বরং মানুষের শরীর, শ্রম, মৃত্যু এবং পুঁজির সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলার একটি জায়গা। একইভাবে রানা প্লাজা ধস বাংলাদেশের পোশাকশিল্প, বৈশ্বিক পুঁজিবাদ এবং শ্রমিকের জীবনের মধ্যেকার সম্পর্ককে আন্তর্জাতিকভাবে দৃশ্যমান করে তোলে। এসব ঘটনার প্রতিফলন সমকালীন শিল্পে দেখা যায়—ধ্বংসস্তূপ, পোশাক, সেলাই, সুতা, কারখানা, শ্রমিকের দেহ কিংবা দৈনন্দিন ব্যবহারের সামগ্রী অনেক সময়ই প্রতীকী উপাদানে পরিণত হয়। এর মাধ্যমে শিল্পীরা প্রশ্ন তোলেন: একটি পোশাকের আন্তর্জাতিক বাজারমূল্যের আড়ালে সেই পোশাক তৈরি করা শ্রমিকের জীবন ও শ্রমের মূল্য কতটা গুরুত্বপূর্ণ?
বাংলাদেশের উত্তরাধুনিক নারী শিল্পীদের শিল্পভাষায় এই আর্থ-সামাজিক বাস্তবতার পাশাপাশি রাজনৈতিক অস্থিরতাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাষ্ট্রীয় ক্ষমতা, রাজনৈতিক সহিংসতা, মতপ্রকাশের সংকট, ধর্মীয় রক্ষণশীলতা, সাম্প্রদায়িকতা এবং সামাজিক নিপীড়ন, বৈষম্য, বিচারহীনতা--এসবকিছু শিল্পীদের বিষয়বস্তু হয়ে উঠেছে। তবে রাজনৈতিক শিল্প সবসময় সরাসরি রাজনৈতিক প্রতীক বা স্লোগানের মাধ্যমে প্রকাশিত হয়নি। অনেক নারী শিল্পী সরাসরি বক্তব্যের পরিবর্তে রূপক, প্রতীক, বিকৃত শরীর, ভাঙা বস্তু, অন্ধকার, ক্ষত, নীরবতা কিংবা দৈনন্দিন জীবনের তুচ্ছ কোনো উপাদানের মাধ্যমে রাজনৈতিক অর্থ আরোপ করেছেন। এই পরোক্ষভাবে কাজ করার বিষয়টা অনেক সময় শিল্পকে আরও জটিল এবং বহুস্তরীয় করে তোলে।

ছবি: দীপ্তি দত্তের শিল্পকর্ম ‘আফটার কিলিং ই্উ’
নারী শিল্পীদের শিল্পচর্চায় ঘর বা গৃহস্থালির জগৎও একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ক্ষেত্র হিসেবে উপস্থিত হয়েছে। রান্নাঘর, সেলাই, কাপড়, বিছানা, আয়না, পাত্র, ফুল, গৃহস্থালির সরঞ্জাম কিংবা পরিবারের ব্যবহৃত বস্তু—যেগুলো ঐতিহাসিকভাবে ‘নারীর কাজ’ বা ‘ব্যক্তিগত জিনিসপত্র’ বলে বিবেচিত হতো--সমকালীন শিল্পে তা নতুন অর্থ লাভ করেছে। শিল্পীরা এসব বস্তু ব্যবহার করে প্রশ্ন তুলেছেন, ব্যক্তিগত ও রাজনৈতিকের মধ্যে সীমারেখা কোথায়? একজন নারীর গৃহশ্রম কেন শ্রম বলে বিবেচিত হবে না? যত্ন, মাতৃত্ব ও গৃহস্থালির কাজ কেন অর্থনৈতিক উৎপাদনের স্বীকৃত কাঠামোর বাইরে থেকে যাবে? এইভাবে দৈনন্দিন বস্তুগুলো উত্তরাধুনিক শিল্পে ক্ষমতা ও লিঙ্গরাজনীতির প্রতীকে পরিণত হয়েছে।
এখানে বিশ্বায়ন ও প্রযুক্তির প্রভাবও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের নারী শিল্পীরা এখন স্থানীয় বাস্তবতার পাশাপাশি আন্তর্জাতিক শিল্পভাষা, নারীবাদী তত্ত্ব, সমকালীন শিল্পের নতুন মাধ্যম এবং বৈশ্বিক রাজনৈতিক আলোচনার সঙ্গে সম্পৃক্ত। ইন্টারনেট, সামাজিক যোগাযোগমাধ্যম, আন্তর্জাতিক প্রদর্শনী ও শিল্প-নেটওয়ার্ক তাদের কাজের পরিসরকে বিস্তৃত করেছে। ফলে স্থানীয় অভিজ্ঞতা এখন বৈশ্বিক আলোচনার সঙ্গে সংলাপে অংশগ্রহণ করছে। তবে এই সংযোগ একই সঙ্গে একটি প্রশ্নও তৈরি করে—স্থানীয় নারী অভিজ্ঞতাকে কি বৈশ্বিক নারীবাদী ভাষার মধ্যে সরাসরি অনুবাদ করা সম্ভব? নাকি বাংলাদেশের নিজস্ব ইতিহাস, সংস্কৃতি, শ্রেণি, ধর্ম, পরিবার এবং সামাজিক কাঠামো থেকে একটি স্বতন্ত্র নারীবাদী শিল্পভাষা তৈরি করা প্রয়োজন?

ছবি: সুমনা আক্তারের শিল্পকর্ম ‘স্বপ্ন’
বাংলাদেশের নারী শিল্পীদের কাজ তাই কেবল ‘নারীর শিল্প’ হিসেবে শ্রেণিবদ্ধ করলে তার রাজনৈতিক ও নান্দনিক জটিলতা অনেকটাই কমে যায়। তাঁদের শিল্পচর্চার মধ্যে নারীর প্রশ্নের পাশাপাশি শ্রেণি, ইতিহাস, রাষ্ট্র, শ্রম, পরিবেশ, ধর্ম, জাতীয়তা এবং আত্মপরিচয়ের প্রশ্নও সক্রিয়। একজন নারী শিল্পীর কাজ একই সঙ্গে ব্যক্তিগত এবং সামাজিক, স্থানীয় এবং বৈশ্বিক, দৃশ্যমান এবং অদৃশ্য অভিজ্ঞতার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে পারে। তাদের শিল্পে ব্যক্তিগত স্মৃতি কখনো জাতীয় ইতিহাসের বিকল্প দলিল হয়ে ওঠে। ব্যক্তিগত ক্ষত কখনো রাজনৈতিক সহিংসতার প্রতীক হয়, আর দৈনন্দিন জীবনের একটি সাধারণ বস্তু কখনো কখনো বৃহত্তর অর্থনৈতিক বা সামাজিক কাঠামোর সমালোচনায় পরিণত হয়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলাদেশের উত্তরাধুনিক নারী শিল্পীরা কেবল বিদ্যমান বাস্তবতাকে প্রতিফলিত করেননি, তারা বাস্তবতাকে দেখার প্রচলিত পদ্ধতিকেও প্রশ্ন করেছেন। তারা ইতিহাসের প্রান্তিক কণ্ঠকে সামনে এনেছেন, নারীর শরীরকে নতুনভাবে দেখেছেন, ব্যক্তিগত অভিজ্ঞতাকে রাজনৈতিক ভাষায় রূপান্তর করেছেন এবং প্রচলিত নন্দনতত্ত্বের বাইরে নতুন মাধ্যম ও প্রতীকের ব্যবহার করেছেন। তাদের শিল্পে ভাঙচুর, নীরবতা, অনুপস্থিতি, স্মৃতি, ক্ষত এবং অসম্পূর্ণতা অনেক সময় অর্থহীনতার চিহ্ন নয়; বরং এমন বাস্তবতার চিহ্ন, যার সম্পূর্ণ ইতিহাস এখনো বলা হয়ে ওঠেনি কিংবা বলা যায় বলার পর্যাপ্ত শিল্পভাষা তৈরি হয়নি কিন্তু তা তৈরির প্রক্রিয়া চলছে।
তাই বাংলাদেশের উত্তরাধুনিক শিল্পে নারী শিল্পীদের অবদানকে শুধু নারীবাদী শিল্পের একটি অধ্যায় হিসেবে দেখলে তা অসম্পূর্ণ হবে। তাদের কাজ বাংলাদেশের সামাজিক রূপান্তর, রাজনৈতিক ইতিহাস, অর্থনৈতিক বৈষম্য এবং সাংস্কৃতিক পরিবর্তনের একটি বিকল্প দৃশ্যমান দলিল। তাদের শিল্প আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাস শুধু রাষ্ট্র, যুদ্ধ বা রাজনৈতিক নেতাদের দ্বারা নির্মিত হয় না; ইতিহাস তৈরি হয় মানুষের শরীর, শ্রম, স্মৃতি, ক্ষত, নীরবতা এবং প্রতিদিনের জীবনযাপন দিয়েও। এই অর্থে বাংলাদেশের নারী শিল্পীদের শিল্পচর্চা একদিকে উত্তরাধুনিক বহুস্বরের প্রকাশ, অন্যদিকে সমাজের অদৃশ্য ও অনুচ্চারিত বাস্তবতাকে দৃশ্যমান করার একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিরোধ। তাদের শিল্প তাই শুধু শিল্পের ইতিহাস নয়—এটি বাংলাদেশের পরিবর্তনশীল সমাজ, নারীর অবস্থান এবং ক্ষমতার কাঠামোর ইতিহাস পাঠেরও একটা শক্তিশালী মাধ্যম।



আপনার মন্তব্য প্রদান করুন