রথো রাফি: অক্ষর ও লিটলম্যাগের পৃথিবী
|| ক ||
একটা বিষয় প্রায় সময়ই খেয়াল করি, একজন লেখকের কাজের ব্যাপ্তি আর তাঁর পরিচিতির পরিসর সমান হয় না। রথো রাফির মৃত্যুর পর এই কথা আরো বেশি মনে পড়ছে, উপলব্ধি করছি। তিনি বিপুল কবিতা লিখেছেন, গদ্য লিখেছেন, বিশ্বসাহিত্যের নানা গুরুত্বপূর্ণ রচনা বালায় অনুবাদ করেছেন। অথচ লিটলম্যাগের বাইরে তাঁর কাজের সঙ্গে পরিচিত পাঠকের সংখ্যা নিতান্তই সীমিত। এই বাস্তবতা নতুন নয়; যে সাহিত্যিক পরিসরে আমরা কাজ করি, সেখানে এমন বহু লেখকের শ্রম ও সাধনা বৃহত্তর পাঠকসমাজের দৃষ্টির আড়ালে থেকে যায়। রথো রাফির সঙ্গে কাজ করতে গিয়ে তাঁর সাহিত্যপ্রীতি, অনুবাদের প্রতি নিষ্ঠা এবং ধৈর্য কাছ থেকে দেখেছিলাম।
রথো রাফি প্রধানত কবি ও অনুবাদক; মাঝেমধ্যে গদ্যও লিখতেন। জন্মগ্রহণ করেন ১৯৭৫ সালের ৩১ মার্চ, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। অনেক বছর ঢাকায় ছিলেন, পরে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরে যান। নব্বইয়ের দশক থেকে লিটলম্যাগ পাড়ায় তাঁর যাতায়াত শুরু হয়। গাণ্ডীব, অনিন্দ্য, শিড়দাঁড়া, বিন্দু ও দ্রষ্টব্যের মতো লিটলম্যাগে তাঁর লেখালেখি ছড়িয়ে আছে। একমাত্র কাব্যগ্রন্থ ‘অক্ষর ও বালির পৃথিবী’ (২০২০)। তাঁর জীবনাবসান ঘটে ২২ অক্টোবর ২০২৬, মাত্র একান্ন বছর বয়সে।
তিনি যখন বেঁচে ছিলেন, কাজে-অকাজে কথা হয়েছে, লেখা নিয়ে কথা হয়েছে, অনুবাদ নিয়ে কথা হয়েছে, বিন্দুর পরিকল্পনা, লিটলম্যাগ ইত্যাদি নানান প্রসঙ্গ। মৃত্যুর পর তাঁর সঙ্গে সম্পর্কিত কতকিছু যে নতুন করে মনে পড়ছে! কত কথা, কত লেখা, কত অসমাপ্ত উদ্যোগ।
|| খ ||
রথো রাফিকে বুঝতে হলে তার সাহিত্যকর্মের দিকে তাকাতে হবে; কবিতা, গদ্য, অনুবাদের কাছে যেতে হবে। তাঁর কবিতায় ব্যক্তিগত অভিজ্ঞতা, সামাজিক বাস্তবতা, ইতিহাস, ধর্মীয় অনুষঙ্গ ও মানুষের অস্তিত্বসংক্রান্ত প্রশ্ন পরস্পরের সঙ্গে মিশে আছে। কবিতার ভেতরে এই বিচিত্র অনুষঙ্গের উপস্থিতি পাঠককে পরিচিত বোধের সীমা অতিক্রম করার সুযোগ করে দেয়।
২০১৪ সালে প্রকাশিত ‘সংবেদ ও মননের দ্বন্দ্ব: শুদ্ধ ও অশুদ্ধ কবিতা’ প্রবন্ধে রথো রাফি কবিতার অর্থ উদ্ধার কিংবা অর্থ গোপনের বিতর্কের বাইরে গিয়ে অন্য একটি প্রশ্ন তুলেছিলেন। তাঁর আগ্রহ ছিল এমন কবিতায়, যা নিজের সময়ের ঘটনাধারার সঙ্গে সম্পর্কিত থেকেও শিল্পের স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রাখতে পারে। নিজার কাব্বানির কবিতা প্রসঙ্গে তিনি লিখেছিলেন, সমকাল, ন্যায়বোধ ও শিল্পকর্ম এক দেহে লীন হলে কবিতা অধিক প্রাণোচ্ছ্বল হয়ে ওঠে।
এই বক্তব্য তাঁর নিজের কবিতার ক্ষেত্রেও প্রযোজ্য। তিনি যে প্রতিবেশে যাপন করেছেন, সেই প্রাণ-প্রকৃতি-প্রতিবেশকে বোঝার চেষ্টা এবং সেই বোঝাপড়াকে ভাষায় রূপ দেওয়ার প্রয়াস তাঁর কবিতার গুরুত্বপূর্ণ দিক। বিভিন্ন ধর্মীয়, দার্শনিক ও সাংস্কৃতিক অনুষঙ্গের উপস্থিতি আছে সেখানে। কৃষ্ণের বাঁশি থেকে যিশুর ক্রুশযাত্রা, মানুষের জন্ম-মৃত্যু থেকে অস্তিত্বের নানা জিজ্ঞাসা… বিষয়ের এই বিস্তার তাঁর বিশেষ বৈশিষ্ট্য। নিজের সময় ও চারপাশের বাস্তবতার সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যম করে তুলেছিলেন কবিতাকে। ফলে তার কবিতায় ব্যক্তিগত বোধের সঙ্গে প্রতিবেশের সংঘাত সমানভাবে উঠে এসেছে।
বিন্দুতে প্রকাশিত ‘বারোমাস্যা’ কবিতাগুচ্ছের দিকে তাকালে বিষয়টি আরও স্পষ্ট হয়। সেখানে সপ্তাহের দিন ধরে এগিয়ে আসা ঘটনাগুলোর মধ্যে শিশুর ওপর নির্যাতন, ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষমতা, অসহায় অভিভাবক এবং প্রাতিষ্ঠানিক নিষ্ঠুরতার ছবি ফুটে ওঠে। এর মধ্যে রয়েছে এমন এক সামাজিক বাস্তবতার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা, যেখানে অসহায় মানুষ নিজের চোখের সামনে অন্যায়ের পুনরাবৃত্তি দেখে এবং সেই অন্যায় ঠেকানোর ক্ষমতাও হারিয়ে ফেলে। কবিতার কাছে তিনি যেমন অনুভূতির দাবি করেছেন, তেমনি দাবি করেছেন চিন্তারও।
রথো রাফির সাহিত্যিক পরিচয়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক তাঁর অনুবাদচর্চা। এরিখ ফ্রাইড, ইয়ারোস্লাভ সাইফার্ট, মুহাম্মদ আল-মাঘুত, নিজার কাব্বানি, চার্লস বুকোস্কিসহ বিভিন্ন কবি ও লেখকের অজস্র রচনা তিনি বাংলায় অনুবাদ করেছেন। কবিতার পাশাপাশি গল্প, সাহিত্যবিষয়ক প্রবন্ধ ও লেখকদের নিজস্ব বক্তব্য নিয়েও কাজ করেছেন।
|| গ ||
রথো রাফির সঙ্গে আমার সম্পর্কের একটা বড় অংশ জুড়ে আছে বিন্দু। বিন্দুর সম্পাদক হিসেবে তাঁর লেখা প্রকাশ করেছি, তাঁর অনুবাদ প্রকাশ করেছি। আমাদের সাহিত্যিক পরিসর খুব বড় নয়। বিশেষত লিটলম্যাগের কাজ করতে গেলে পরিচিত লেখক, পাঠক ও অনুবাদকদের নিয়েই অনেক সময় এগোতে হয়। এর মধ্যে কেউ কেউ শুধু লেখা দিয়ে সহযোগিতা করেন, কেউ কাজের প্রয়োজনে কথা বলেন, আবার কেউ গোটা সংখ্যার সাথেই নিজেকে একাত্ম করে ফেলেন। রথো রাফি ছিলেন শেষোক্ত মানুষদের একজন। একেকটি সংখ্যা প্রকাশের ক্ষেত্রে পরিকল্পনা, যোগাযোগ, লেখা সংগ্রহ, সম্পাদনা, প্রুফ দেখা, প্রকাশনার নানা সীমাবদ্ধতা সামলানো—সব মিলিয়ে দীর্ঘ সময় দিতে হয়। অর্থসংকট থাকে, জনবলের সীমাবদ্ধতা থাকে, কাজের জন্য পর্যাপ্ত সময়ও সবসময় পাওয়া যায় না। এই পরিস্থিতিতে কেউ যদি নিজের উদ্যোগে, নিজের আগ্রহ থেকে এমন কিছু কাজ করে দেন, যা সংখ্যাটিকে আরও সমৃদ্ধ করে, তাহলে সেই সহযোগিতা একজন সম্পাদকের কাছে অপরিসীম আনন্দ ও কৃতজ্ঞতার জন্ম দেয়। ঠিক এই সম্পর্কই তৈরি হয়েছিলো বিন্দুর সাথে রথো রাফির।
বিন্দুর ‘চার্লস বুকোস্কি’ সংখ্যাটির কথা বিশেষভাবে মনে পড়ছে। এই সংখ্যাটি প্রকাশের পরিকল্পনা যখন করি, তখন জানতাম, বুকোস্কিকে নিয়ে বাঙলায় কাজ করার মতো উপাদান ও পাঠক দুই-ই আছে। কিন্তু কাজটা দুঃসাধ্য। বুকোস্কির কবিতা আছে, গল্প আছে, তাঁর নিজের সাহিত্যভাবনা আছে, আছে লেখালেখি সম্পর্কে তাঁর নানা বক্তব্য। কিন্তু তাকে কেবল একগুচ্ছ কবিতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সামগ্রিক সাহিত্যিক স্বভাবের কাছে পৌঁছানোর চেষ্টা ছিল আমাদের। এই কাজ করতে গিয়ে রথো রাফিকে পাশে পেয়েছিলাম। একথা বলতেই হবে, তাঁর সহযোগিতা ছাড়া সংখ্যাটি কিছুতেই এতটা সমৃদ্ধ হতো না।
কিছু ঋণ শুধু স্বীকার করা যায়, শোধ করা যায় না। রথো রাফির কাছে বিন্দুর ঋণ তেমনই। তাঁর অনুবাদগুলো সংখ্যাটি সমৃদ্ধ করেছে, তাঁর শ্রম আমাদের কাজকে এগিয়ে নিতে সাহায্য করেছে। তিনি বেঁচে থাকতেই সে কৃতজ্ঞতা আমি তাকে নিয়ে একটি গদ্য লিখে প্রকাশ করেছিলাম। কেননা এই কৃতজ্ঞতা শুধু আমার কিংবা বিন্দুর মধ্যে সীমাবদ্ধ থাকুক, তা চাই না। যাঁরা বুকোস্কি পড়েন, যাঁরা বিশ্বসাহিত্যের অনুবাদ পড়েন, যাঁরা বাংলা ভাষায় অন্য ভাষার সাহিত্যকে কাছে পাওয়ার আনন্দ বোঝেন, তাঁদেরও রথো রাফির কাজের সঙ্গে পরিচিত হওয়া প্রয়োজন। কেননা ভাষান্তরের ক্ষেত্রে শব্দের অন্তর্গত অভিজ্ঞতা, সাংস্কৃতিক পরিমণ্ডল, স্বর, ছন্দ ও চিন্তার গতিকে অন্য ভাষায় পুনর্নির্মাণ করা সহজ নয়। কবিতার ক্ষেত্রে এই জটিলতা আরও বেশি। অনুবাদককে একই সঙ্গে মূল রচনার প্রতি বিশ্বস্ত থাকতে হয় এবং লক্ষ্যভাষার নিজস্ব প্রকাশক্ষমতার ভেতর দিয়ে রচনাটিকে জীবন্ত করে তুলতে হয়।
রথো রাফি এই কাজ করেছেন নিজের আগ্রহ থেকে। অনুবাদ সম্পর্কে হোয়াটসঅ্যাপ আলাপচারিতায় তিনি আমাকে বলেছিলেন,
“মূলত শত সীমাবদ্ধতা এড়িয়ে বিশ্ব কবিতা নিজের ভাষায় উপভোগ করতে চেয়ে ও বুঝে নিতে চেয়ে এসব করা। অনুবাদ আমি করেছি মূলত উপভোগের জন্য। নিজের সৃষ্টিশীল মেজাজকে উস্কে দিতে, বুঝাতে যে পৃথিবীতে দেখো কতসব মহৎ কাজ হয়ে গেছে।”
এখানে অনুবাদক নিজেই পাঠক। অন্য ভাষার একটি কবিতা বা রচনার সঙ্গে যখন তাঁর পরিচয় হচ্ছে, তিনি সেটিকে বুঝতে চাইছেন, উপভোগ করতে চাইছেন এবং নিজের ভাষার পাঠকদেরও সেই অভিজ্ঞতার অংশীদার করতে চাইছেন। অনুবাদের এই আকাঙ্ক্ষা ব্যক্তিগত আনন্দ থেকে শুরু হলেও তার পরিণতি ব্যক্তিগত থাকছে না। যে পাঠক মূল ভাষাটি জানেন না, তাঁর কাছেও সেই সাহিত্য পৌঁছানোর পথ তৈরি হচ্ছে।
রথো রাফি এমন সব লেখককে বেছে নিয়েছেন, যাঁদের রচনায় প্রচলিত সৌন্দর্যবোধ, সামাজিক নৈতিকতা, রাজনৈতিক বাস্তবতা কিংবা মানুষের অস্তিত্বসংক্রান্ত প্রশ্নের সঙ্গে সংঘাত রয়েছে। তাঁদের রচনা বাঙলায় অনুবাদের মধ্য দিয়ে তিনি পাঠকের সামনে নতুন অভিজ্ঞতা ও চিন্তার দরজা খুলে দিয়েছেন।
|| ঘ ||
রথো রাফির সাহিত্যজীবন নিয়ে কথা হবে আর লিটলম্যাগের প্রসঙ্গ আসবে না, তা অসম্ভব। প্রতিটি লিটলম্যাগের সঙ্গে জড়িয়ে থাকে সাহিত্যকে দেখার ভিন্ন অবস্থান। এখানে লেখকের কাছে প্রকাশনার বাজারমূল্য বা প্রাতিষ্ঠানিক স্বীকৃতির চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নতুন লেখার সম্ভাবনা অনুসন্ধান কিংবা প্রচলিত রুচির বাইরে থাকা সৃষ্টিশীলতার জন্য স্বাধীন পরিসর তৈরি করা। ফলে বৃহত্তর প্রকাশনাব্যবস্থার বাইরে থেকে সাহিত্যচর্চার যে পরিসর লিটলম্যাগ তৈরি করে, তাকে উপেক্ষা করার সুযোগ নেই। বাংলা সাহিত্যের নানা নতুন প্রবণতা ও স্বতন্ত্র কণ্ঠের বিকাশে এই পরিসরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
রথো রাফির লেখা বিভিন্ন সময়ে বিভিন্ন লিটলম্যাগে প্রকাশিত হয়েছে; কিন্তু তাঁর কবিতা, গদ্য ও অনুবাদকে একসঙ্গে বিবেচনা করে পাঠকের সামনে হাজির করার উদ্যোগ দেখা যায়নি। ফলে তাঁর সাহিত্যিক কাজের বিস্তার সম্পর্কে বৃহত্তর পাঠকসমাজের ধারণা অত্যন্ত সীমিত।
লেখালিখির কয়েক দশক পরে প্রকাশিত ‘অক্ষর ও বালির পৃথিবী’ (২০২০) তাঁর দীর্ঘ কবিতাচর্চার একটি গুরুত্বপূর্ণ সংকলন। কিন্তু একটিমাত্র কবিতাবই প্রকাশিত হওয়া আর তার সামগ্রিক সাহিত্যিক পরিচিতি প্রতিষ্ঠিত হওয়া এক কথা নয়। এখানে সেই কাজটিরই ঘাটতি রয়ে গেছে। তাঁর শুভাকাঙ্ক্ষী, বন্ধুজন, ভবদীয়গণ আগ্রহী হলে এখনও তা পূরণ করা যায়।
রথো রাফি নিজের অনুবাদচর্চার প্রেরণা ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন, পৃথিবীতে কত মহৎ কাজ হয়ে গেছে, তা বুঝতে এবং উপভোগ করতে চেয়েছেন তিনি। কথাটির মধ্যে তাঁর সাহিত্যিক স্বভাবের পরিচয় রয়েছে। নিজের ভাষার ভেতরে বসে অন্য ভাষার সাহিত্যকে জানা, সেই জানার আনন্দ অন্য পাঠকের সঙ্গে ভাগাভাগি করা এবং নিজের সৃষ্টিশীলতাকে সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে উসকে দেওয়া– এই ছিল তাঁর অনুবাদচর্চার অন্যতম প্রেরণা।
|| ঙ ||
মানুষটি আর নেই। একথা লিখতে যত সহজ, মেনে নেওয়া তত সহজ নয়। তিনি আর জানতে চাইবেন না, বুকোস্কি কেমন সাড়া পাচ্ছে, অনলাইনে ভিজিটর এমাসে কত লাখ হলো, গিন্সবার্গের জন্মশতবর্ষের পরিকল্পনা, কিংবা ‘বারোমাস্যা’র মতো নতুন কবিতা পাঠিয়েও বলবেন না, এটা তোমাকেই দিলাম, বিন্দুই এই লেখা প্রকাশের উপযুক্ত জায়গা; রিস্ক নিয়ে ছেপো… এখনো মেনে নিতে পারছি না তাঁর সঙ্গে আর নতুন কোনো কাজ হবে না, নতুন কোনো অনুবাদ নিয়ে কথা হবে না। রইলো কেবলই অতীতের কাজগুলো। সেসবের কাছে ফিরে যাওয়া এখন আমাদের দায়িত্ব।
লেখকের মৃত্যু হলে তাঁর কাজের দায়িত্ব পাঠকের কাঁধে এসে পড়ে। লেখক হিসেবে রথো রাফি যে কাজ রেখে গেছেন, তার সঙ্গে আমাদের সম্পর্ক এখনো তৈরি হওয়ার অপেক্ষায়।



আপনার মন্তব্য প্রদান করুন