কিংবদন্তি বিপ্লবী আমিলকার কাবরালের কবিতা

অ+ অ-

 

 

|| আমিলকার কাবরাল ||

আমিলকার কাবরাল (১৯২৪-১৯৭৩) প্রধানত কবি নন। তিনি মূলত একজন উপনিবেশবিরোধী, জাতীয়তাবাদী বিপ্লবী; মার্কসবাদী চিন্তক ও লেখক; গিনি বিসাউ ও কেপ ভার্দের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান নেতা ও সংগঠক ছিলেন। তবে পাশাপাশি কবিতা চর্চাও করতেন তাঁর বিপ্লবী ও বৌদ্ধিক ভাবনাসমূহকে ভাষা দেবার প্রয়াসে। পর্তুগিজ ঔপনিবেশিক শক্তির হাত থেকে তাঁর মাতৃভূমির স্বাধীনতার মাত্র বছরখানেক আগে তিনি আততায়ীর হাতে নিহত হন। তাঁর বিখ্যাতগ্রন্থ—ইউনিটি এন্ড স্ট্রাগল: স্পিচেস এন্ড রাইটিংস, রেসিস্ট্যান্ড এন্ড ডিকলোনাইজেশান: সিলেক্টেড স্পিচেস এবং রিটার্ন টু দ্য সোর্সেস: সিলেক্টেড স্পিচেস।  প্রতিধ্বনির জন্য তার কবিতাগুলো অনুবাদ করেছেন লেখক, অনুবাদক ও প্রাবন্ধিক আলম খোরশেদ।

 ছবি ► আফ্রিকান রিবার্থ-এর সৌজন্যে

|| কবিতা ||

না, কবিতা
তুমি আমার অজানার গভীরে লুকিও না
পালিয়ে যেও না খোদ জীবন থেকে।
আমার কারার অদৃশ্য গারদগুলো ভেঙে দাও
সপাটে খুলে দাও আমার সত্তার দরজা।

বেরিয়ে এসো...
সংগ্রামে যোগ দাও (জীবন তো সংগ্রামই)
বাইরের মানুষেরা তোমাকে ডাকছে
আর তুমি, কবিতা, তুমিও মানুষ।

সবার কবিতাকে ভালোবেসো
ভালোবেসো মানুষকে
তোমার কবিতাকে সকল সত্তা ও সামগ্রীর কাছে 
বয়ে যেতে দাও, তুমি মিশে যাও আমার সঙ্গে।

হে কবিতা
আমার হাত-দুটো নাও
যেন জগৎকে জড়িয়ে ধরতে পারো
তোমার হাত-দুটো দাও
যেন জীবনকে জড়িয়ে ধরতে পারি

আমিই আমার কবিতা।

 

|| দ্বীপ ||

তুমি বাঁচো—নিদ্রিত জননী—
নগ্ন ও বিস্মৃত,
শুষ্ক,
বাতাসের চাবুকে বিদ্ধ,
সেই সুরহীন জলরাশির সুরে স্পৃষ্ট
যা আমাদের দ্রুত গ্রাস করে নেয়...

দ্বীপ:
তোমার পর্বতমালা ও উপত্যকাসমূহ
কালের প্রবাহ টের পায়নি,
তারা তোমার স্বপ্নের মধ্যেই রয়ে গিয়েছিল
    —তোমার সন্তান-সন্ততিদের স্বপ্ন—
শুধু বহমান বায়ু
আর উড়ন্ত পাখিদের উদ্দেশে চিৎকার করে বলতে যে,
তোমার যন্ত্রণার অবসান হোক!

দ্বীপ:
লাল মাটির অনিঃশেষ পাহাড়
       —রুক্ষ মাটির—
দিগন্ত ঢেকে দেওয়া অমসৃণ শিলারাশি
চার প্রান্তের সমুদ্র আমাদের যন্ত্রণাকে আকঁড়ে ধরে!

 

|| ফেরা ||

বুড়ি মা, এসো আমার সঙ্গে
তোমার দরজায় বৃষ্টির ধ্বনি শোনো।
এ যেন আমার হৃদয়ের মাঝখানে
কোনো বন্ধুর কোমল করাঘাত।

এই বন্ধুবৃষ্টি, বুড়ি মা, বহুকাল 
এমন মধুর স্বরে ঝরেনি...
আমি শুনেছি, এই পুরনো শহর
—আসলে পুরো দ্বীপটাই— 
খুব অল্প সময়ের মধ্যেই বাগান হয়ে যাবে।

আমি শুনেছি পুরো দেশটাই এখন
এক চমৎকার সবুজে চেয়ে গেছে
সবুজ, সবচেয়ে সুন্দর রং, আশার বর্ণ
এখন মাটি সত্যিই সবুজ দ্বীপের মতো
ঝড়ের জায়গা নিয়েছে এখন শান্তির হাওয়া।

এসো বুড়ি মা, এসো
তোমার সকল শক্তি জড়ো করে দরজায় এসো
দেখো, বৃষ্টি, আমাদের বন্ধু, সে তার পরিত্রাণ পাঠিয়েছে
এবং আমার হৃদয়ে বেজে উঠবে বলেছে।