জহির হাসানের সঙ্গে জিললুর রহমানের অনলাইন ‘কবিতা-আড্ডা’

অ+ অ-

 

|| জহির হাসান ||

কবি, প্রাবন্ধিক ও চিত্রকর। জন্ম ২১ নভেম্বর ১৯৬৯ সালে, যশোর জেলায়। শিশু ও কিশোরকাল কেটেছে যশোর ও ঝিনাইদহের গ্রামে। লেখালেখির শুরু ৬ষ্ঠ শ্রেণি। প্রথম কবিতা প্রকাশ ১৯৮৪ সালে যশোর থেকে প্রকাশিত দৈনিক স্ফুলিঙ্গ পত্রিকায়। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন শাস্ত্রে।  প্রকাশিত কবিতার বই—পাখিগুলো মারো নিজ হৃদয়ের টানে [২০০৩], গোস্তের দোকানে [২০০৭], ওশে ভেজা পেঁচা [২০১০], পাতাবাহারের বৃষ্টিদিন [২০১২], খড়কুটো পাশে [২০১৪], আয়না বিষয়ে মুখবন্ধ [২০১৬], আম্মার হাঁসগুলি [২০১৭], বউ কয় দেখি দেখি [২০১৮], বকুলগাছের নিচে তুমি হাসছিলা [২০১৯], আম্মার আরও হাঁস [২০২০] এবং আমি ও জহির [২০২১]। সাক্ষাৎকার পুস্তিকা [কবি উৎপলকুমার বসুর সাক্ষাৎকার]: কথাবার্তা [২০০৬]। গদ্যগ্রন্থ—জলপাই গাছের রব [২০২১]। আগ্রহ ধর্ম, ভাষা, দর্শন ও চিত্রকলায়।

 

|| জিললুর রহমান ||

কবি, প্রাবন্ধিক এবং অনুবাদক। জন্ম ১৬ নভেম্বর ১৯৬৬ সালে, চট্টগ্রামে। আশির দশকে লেখালেখির সূচনা। লিরিক, নিসর্গ, জীবনানন্দ, সমুজ্জ্বল সুবাতাস, পুষ্পকরথ, সবুজ আড্ডা, বিন্দু, চারবাক, কঙ্কাল, খড়িমাটি, একবিংশ, মেঘচিল, চিন্তাসূত্র, ইরাবতী, আরম্ভ, আপনপাঠ-সহ বিভিন্ন ছোট্ট কাগজে নিয়মিত লিখছেন। নাজিম হিকমতের রুবাইয়াৎ তিনিই প্রথম বাংলায় অনুবাদ করেন। কবিতার ভাঁজপত্র: ক্ষয়িষ্ণু চাঁদের যৌবন; কাব্যগ্রন্থ—অন্যমন্ত্র, শাদা অন্ধকার, আত্মজার প্রতি, শতখণ্ড ও ডায়োজিনিসের হারিকেন। গদ্যগ্রন্থ—অমৃত কথা উত্তর আধুনিকতা: এ সবুজ করুণ ডাঙায়। অনুবাদগ্রন্থ—আধুনিকোত্তরবাদের নন্দনতত্ত্ব: কয়েকটি অনুবাদ ও এমিলি ডিকিনসনের কবিতা। চিকিৎসা বিজ্ঞানের প্রকাশনা: 1. Pathology Tutorial (vol—1&2). 2. Original Research articles —67. 3. Scientific Editorial—3.

 

জিললুর রহমান: আলাপের সুযোগ দেবার জন্যে ধন্যবাদ কবি। এবার আপনার কল্পনার হাঁসগুলোর সাথে ঘুরে বেড়ানো যাবে।

জহির হাসান: জিললুর ভাই ভাল আছেন? চাটগাঁতে?

জিললুর: আছি। হ্যাঁ। আপনি কেমন? কেমন চলতেছে?

জহির: লিখি মাঝে মাঝে। পড়াশোনা আর ভাল লাগে না। সব পড়াই ছদ্মবেশি তর্ক। প্রতিপক্ষ রচনা করা ভাল লাগে না। আর যা গদ্য আর যা তর্ককেন্দ্রিক। রিটায়ার চাই।

জিললুর: হাহাহা। ভালো বলেছেন। জহির ভাই, শুরু থেকেই শুরু হোক। ক্যামনে ক্যামনে কবিতা ঢুকে পড়লো আপনার ভেতরে?

জহির: কবিতায় যেন ভূতে ধরার মতো। আমাদের গ্রামের এক লোক আক্ষেপ করতো আমারে ভূতে ধরে না ক্যান! কতো লোকেরে ভূতে ধরে! সে কইত—আমি ঐ শেওড়া তলা দি কত গিছি সন্ধ্যা বেলা। ভূতে ধরে মজুমরের বোনেরে! মজার ব্যাপার হইল ঐ লোকটারে কোনোদিনই ভূতে ধরে নাই। ভূতে ধরে বোকাসোকা কম চালাক লোকগুলারে। ভূতেরও মেবি চয়েজ আছে! মেয়ে মানুষরে বেশি ভূতে ধরে। তো ভূতে ধরলে তো ভূত ঝাড়া যায়। তো কবিতা লিখতে গেলে বোধ হয় সবার ভিতর একটা মেয়ে থাকা লাগে। তা না হইলে কবিতার ভূত আপনারে চয়েজ করবে না! কবিতায় ধরলে তা গা ঝাড়া যত দেন তত আপনারে জাটকায় ধরবে। কবিতার উঠানে ঢুকি ক্লাস সিক্স থাকি। আব্বা আর আমি বিড়াল নিয়া একটা যৌথ কবিতা/পদ্য লিখছিলাম। প্রথমটুকু আব্বা লিখছেন, পরে আব্বা কেন জানি মেলাইতে পারতে ছিলেন না। আমিই মিলাই দিলাম। স্কুলের বিজয় দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি করলাম। সবাই কইল আবার পড়ো। এইটাই বোধ হয় প্রথম এপ্রিসিয়েন। কবিতার গহীন জঙ্গলে। এইভাবেই পা বাড়াইলাম।

জিললুর: তা কবিতার প্রথম পদার্পণ থেকে একজন স্বীকৃত কবি হয়ে ওঠা এক দীর্ঘ সংগ্রামের পথ। এই পথের বিস্তার নিয়ে একটু আলোকপাত…

জহির: আমার একটা আমি আপনার মধ্যে আছে সে আপনার হই আপনার মধ্যে বাস করতেছে। এই যে নানা সেলফ। সেই সব সেলফে সেলফে যোগাযোগহীনতা। আবার ভাষায় যতটুকু যোগাযোগ হয়। কবিতায় ভাষা ইস্যু। ভাষা কি? আমরা কি শুধুই ভাব বলতে আসছি কবিতার মধ্যে। এই রকম নানা প্রশ্ন আছে। নানা আদি প্রশ্ন। কিংবা এই যে নিত্য দিনের জগত তারে আপনি কবিতায় কেমনে জায়গা দিতেছেন। তার সাথে কি কি কথা হয়। তা কবিতায় কিভাবে তোলা থাকে। কবিতায় এই সব প্রশ্ন নানা ভাবে কবিতার হই কথা কয়। তো এইসব হইতেছে জার্নি কবিতার বনজঙ্গল দিই। এখন কে আপনার কবিতা ভাল কইল না কইল এ-নিয়া আমি বেশি ভাবিত না! সো স্বীকৃতির জন্য কবিতা অপেক্ষা করে না। কবিতার সেল্ফমুখি যাত্রা আর কি! কবিতা যদি সেলফের সাথে যোগাযোগ রক্ষাকরি চলে তবে কবিতারে আর্টলেস আর্ট হইতে হবে।

জিললুর: আপনার সেই যোগাযোগের ভাষা নিয়ে কিছু কথা হোক তবে… কেমন সে ভাষার ভঙ্গি…

জহির: সে শুধু আর্টে আটকাই থাকলে হবে না। আর সেই জার্নি হইবে শুধু পাহাড় পর্বত দেখার মতো পরিদর্শনমাত্র।

ছবি: জিললুর রহমান

জিললুর: আপনার সেই যোগাযোগের ভাষা নিয়ে কিছু কথা হোক তবে…বলেন। ভাষা নিয়েই বলেন।

জহির: কবিতা ঐ যে কইতে ছিলাম সেল্ফ এর সাথে যোগাযোগ রাখি আগাইতে চায়। একটা মানুষের ভিতর অনেক সেল্ফ রয়। দেখবেন যে সব ধর্মেই মিথ্যা বলা পাপ। কেন? শুধু এইটা সামাজিক দিক থাকি বিবেচনা তা না।কারণ ধর্মের ভিতর থাকি যে বাক্য তা সাধারণ বাক্য না। তা স্বয়ং ঈশ্বরের অংশ। সো বাক্য যেন ঈশ্বরের দেহের অংশ। ঈশ্বর মানুষের জগতে প্রবেশ করে বাক্যের মাধ্যমে। কবিরা সেই বাক্য নিয়াই কাজকাম করে। একজন কবি তো ধর্মীয় গুরু না। তার বাক্য বা কালাম দৈব কতা কইতে পারে। তবে তা মেটাফরে। কিংবা কহনো কহনো সরাসরি। তা আবার কবিতার পরিপ্রেক্ষিত নির্ভর।

একজন কবি তো ধর্মীয় গুরু না। তার বাক্য বা কালাম দৈব কতা কইতে পারে। তবে তা মেটাফরে। কিংবা কহনো কহনো সরাসরি। তা আবার কবিতা পরিপ্রেক্ষিত নির্ভর। সো বাক্যের সহিত কবির সেল্ফের একটা সম্পর্ক রক্ষা হোক। আমি এইটার পক্ষে। কবির নানা সেল্ফ রয় তারা আসুক কবিতার ভিতর। যে কবিতা সেল্ফ নির্ভর না তা শুধু শব্দক্রিড়া।
একজন কবিরে তাই তার শরীরের দিকে যাত্রা করা লাগে। তার অথেনটিসিটির দিকে ফিরতে হয়। তখনই তার আইডেনটিটির ভাষা বার হই পড়ে।

একজন কবির শরীর তাইলে কি। তার ভিতরের সেল্ফগুলা যে জগৎ নির্মাণ করতেছে তার প্রতি কানপাতা, দেখা গুরুত্ব দেয়া। তার নিজের একান্ত উপলব্ধির কাছে ফিরা। ফিরতে ফিরতে সেল্ফগুলার সাথে কথা বলা। তার নিজের একান্ত উপলব্ধির কাছে ফিরা। ফিরতে ফিরতে সেল্ফগুলার সাথে কথাবলা। এই কথাগুলা কবিতার মধ্যে আসলেই কবিতা আইবে তার গ্যারান্টি নাই। কারণ কবিতার কথা রসনির্ভর। পরিপ্রেক্ষিত নির্ভর।

জিললুর : হ্যাঁ। তা ঠিক …

জহির: বিদ্যমান রস ও তাবৎ বাংলা কবিতা যেইখানে আপনার জন্য পরিপ্রেক্ষিত রূপে হাজির থাকে। তন নতুন ভাবরস নতুন নতুন উপলব্ধি ভাষার ভিতর হাজির থাকা লাগে। তো আজ আমি যে ভাষায় কবিতা লিখতেছি তা মান ভাষারে তোয়াজ করি লিখতেছি না।
আমার ভাষা আমার সেল্ফ ও উপরব্ধির রাজনৈতিক ভাষ্যও বটে। ফলে কবিতার মধ্যে পুরনো ভাবরে মোচড়ের মধ্যে রাখা, পুরানা চিন্তা-ভাবনারে বিবেচনা, পুনর্বিবেচনায় রাখতে হয় কবিতায়। আজকে ভাষা নিয়া যে আমার বা আমার কিছু বন্ধুদের নিজ নিজ অবস্থান এই বিবেচনা থাকিই। এইভাবে ভাষা একজন কবি বা এমনকি ছোট বা মাঝারি বা বড় জাতির রাজনৈতিক আত্মপরিচয়েরও হই উঠে।

জিললুর : আপনি ঈশ্বরের ধারণায় গেলেন। কবিতা হাজার বছর এই ঈশ্বরধারণার অনুবর্তী ছিলো। বাস্তবে বিজ্ঞান যেখানে এগিয়ে গেলো, যদি এলিয়টের কাল যদি ধরি, এলিয়ট আক্ষেপ করে যান কবিতা কি এখনো ইশ্বর ধারণার অনুবর্তী থাকবে?

জহির : এলিয়ট ঈশ্বরহীন জগতের আর্তি অনুভব করছেন বলিই তো উনি ধর্মে ফিরতে চাইছিলেন। আধুনিক মানুষের ঈশ্বহীনতার মতো নিষ্ঠুর আয়োজনের জন্যই দেখবেন উনি ওয়েস্টল্যান্ড শেষ করতেছেন ওম শান্তি! ওম শান্তি! ওম শান্তি! কই। মানে উনি উপনিষদের বেদান্তের ব্রহ্ম এর কাছে ফিরতেছিলেন। কিংবা ফোর কোয়াট্রের্টটসএ বুদ্ধের কাছে। যারা গবেষক তারা এইসবের খোঁজ খবর বেশি রাখে।

জিললুর: ওকে ভাষার কথাই বলেন, আপনার কবিতার ভাষা…

জহির: ভাষার ভিতর ভাসা কবিতা ভাষারই কথা মতো ভাসে। ভাষা যৌথ জিনিস বটে বাট শক্তিমান কবি অন্যের সম্পত্তির মধ্যে নিজের নামে কিছু জমিদলিল খতিয়ান করায়ে নেয়। এইটারে আপনি বলতে পারেন সিগনেচার। যার শ্বাস-প্রশ্বাস ভাষার ভিতর যে যেই যেই ভাবে নেয় আর কি! আমি বাক্যে ক্রিয়াপদ ব্যবহারে কখনো কখনো বিদ্যাপতির অনুসারী। বাদবাকি আমি আমার শরীরের ভাষার দিকে ফিরবার চাই। এইটা একটা ভাষা যাত্রা। সব কবিতারই একটা ভাষা যাত্রা রয়। এই যাত্রা অবিরাম। পারিবারিকভাবে আমি কমপক্ষে ৩টা জেলার ভাষারে পাই। সেই ভাষার মোহনায় আমি ঘুরপাক খাইতে খাইতে যদি কোনো মাখন তুলতি পারি সে চিষ্টা করি। হাহা। বাদবাকি আমার যদি কোনো পাঠক থাকে বা তারাই কালে এর জবাব দিবে হয়তো!

জিললুর: সে তো বুঝলাম ভাষার ভাসান। আর আপনার কবিতার বিষয়…

জহির: আমি গ্রামে গঞ্জে বড়ো হইছি। শহরে সাবালক সময়টা কাটাইছি। ফলে ‘সভ্যতা’র হাস্যকর জিনিসগুলারে দেখতে পাইছি। আদিমতা মানুষের সবচায়ে কাছের একজন। তারেও অনুসরণ করছি। এই দুইয়ের বাইনাররি বাইরে চলি গেছি। রামধনুর আট রং আবিষ্কারই কবির কাজ। আমি আমার স্মৃতিসত্তারে অনুসরণ করি। দৃশ্যের জগৎ আমারে টানে। তাই শরীর ছাড়া কথা কইতেই পারিনা। অদৃশ্য একজগৎ আছে। সে এক ইমপসিবিলিটির জগৎ। বাট সেই শূন্যে জাল ফেলি আমি। দেখি সবসময় কিছু পাই। তাই শূন্যের ভিতর আছেময় এক জগতের নির্মাণে যে আনন্দরস সেই আমি বর্তমানে যেন পাইতেছি। কবির কাজই একটানা নানা সেল্ফে অবস্থান নিয়া নতুন ভাষায় গিয়া সেই সেল্ফরে অতিক্রম করা।

জিললুর: কবিতায় কি আপনি কিছু বলতে চান, নাকি কবিতাই আপনাকে বলায়?

জহির: কবিতায় নির্দিষ্ট কিছু বলা বড় কবিদের মহান কবিদের বড় গুণ। তারা আইডিয়ার গায় চামড়া বসায়ে তারে অরগানিক করার চেষ্টা করে। আমার এগুলায় তেমন মন সায় দেয় না। আইডিয়া কল্পনারে ধবংস করতে যথেষ্ট। তবে মনে হয় যেন চিন্তা আর ভাষা মুদ্রার এপিঠ-ওপিঠ। চিন্তা দিয়া বুদ্ধি কৌশলরে খাটায়ে কবিতা হয়। আমি তাও মানি। যেমন ধরেন সবচেয়ে বুদ্ধিমান কবিও বৃষ্টির লাগি অপেক্ষা করে। বৃষ্টি নিয়া কবিতাটা উনি বৃষ্টির শেষে লিখবেন। কিংবা বহু বছর পরে স্মৃতি-কল্পনা মিশায়ে তৈয়ার করবেন। এই ভরসা রাখেন। কেন? তার চিন্তার মধ্যে বৃষ্টি যেন একটা প্যাঁচ বাধায়ে দেয়। উনার চিন্তারে অচিন্ত্যলোকের দিকে নিয়া ফালায়। কিংবা মেঘদূতের উত্তর/পূর্বমেঘের ঝাপটায় চিন্তার চেহারায় বিকৃতি আসে।ফলে চিন্তার একটা অপ্রকৃতভাব আসে। এইসব বুদ্ধিমান কবিরা করেন মনে হয়।

মোট কথা আমি একটা বহির্জগতের ধাক্কার অপেক্ষা করি। কারণ বর্হিজগতের কোনোদৃশ্য বা কল্পনা আমারে নির্মাণ করে। সৃষ্টি করে। সিদ্ধান্তহীনতার অবাস্তবতার মুখামুখি করায়ে ছাড়ে। তখন আমার ভিতরের চিন্তা বা কল্পনা বা ভাব তারা নিজের মতো রয় না। তারা বর্হিজগতের ঝাপটায় চরিত্রহীন হই উঠে। তন বহির্জগতও এই সুযোগে কিছুটা নির্মিত হয়। মেঘ যন আকাশে উড়ে আকাশও তার সহিত কিছু কিছু উড়ে। মেঘের একা একা উড়া যেন নয়। কবিতা আমারে দিয়া তারে লিখায় যেন আমিও তারে কিছু কিছু লিখি।

জিললুর: শব্দ কবিতার বাহন। আবার কবিতার সীমাবদ্ধতাও নয় কি?

জহির: শব্দ দিয়া কবিতা লিখা হয় না। বাক্য দিয়া কবিতা লিখা হয়। বাক্যের বিকারই গ্রাহ্য। ধরা যাক একটা চেয়ার। তার ৪টা পায়া খুলি লইলাম আমি। তাইলে পূর্বতন চেয়ারের ধারণা এখন আর তৈয়ার হবে না। শব্দগুলার আলাদা কাব্যিক-সত্তা নাই বাক্যে সে যদি না আসে। কবিতায় শব্দ নয় বাক্যই ভাবের রাখাল। সো বাক্য বিকারই ধারণার বিকার।

কবিতার প্রচলিত বাক্যরে আক্রমণ করলে ভ্যাবাচ্যাকা দশায় ফ্যালাইতে পারাই কবির একটা কাজ বটে। তবে একটা কথা কবিতা ভাষা বা বাক্য ট্যান্সসেনডেন্টাল হয় বেশি। তখন মনে হইতে থাকে বোধ কবিতা বাক্যাতীত। বাক্যের বাইরেই কবিতা রহিয়া গেল। কবিতার ভাষা বা বাক্য যেন শুধু রেফারেন্স ড্রপ করতেছে শুধু কবিতার মধ্যে।

জিললুর: কবিতার ভেতরে দৃশ্যকল্প ও শ্রুতিকল্পের ব্যবহার নিয়ে কিছু বলেন…

জহির: এই দুইটা জিনিস কবিতার হাত-পার মতো! কোনো কবিতায় শুধু এরা থাকলে সেই কবিতা আপাতত চলতে ফিরতে পারবে বলা যায়! তবে এরাই কবিতা না। যদি তারা কবিতার শর্ত হই উঠে। কবিতা শর্তরে এড়ায়ে চলতে চায় সারাক্ষণ যে অস্থির। কোনো শর্ত প্রত্যয় অধীন না! ভাল কবিতা।

কবিতা জানে না কবিতা কি? কোনো কোনো লিখা কবিতার মতো আমরা বলি। তাইলে কবিতা নামক কিছু আছে নিশ্চয়! আবার কবিতার কাছে যন ফিরি তন মনে ডা. জিভাগোর মতো বলতে হয় ট্রেনগাড়ি আলো বিলাইতে বিলাইতে সামনে আগায় নিজের দিকে আলো ফিরাইলে সে অন্ধকার দেখে। এইভাবে কবিতা তার শর্তরে আড়াল করিই কবিতা হই উঠবার চায়। তাই কবিতারে অবজেক্টিভিটির হাত থাকি বাচি থাকতে হয় নিয়ত!

ছবি: জহির হাসান

জিললুর: সুন্দর বলেছেন। তাইলে আপনি কবিতারে ভবিষ্যতে কেমন দেখতে চান।

জহির: ধর্মের মতোই কবিতা বাঁচতেই থাকবে অকবিতার আক্রমণ অবহেলি। ধর্ম আর কবিতা যেন কোথায় একনদীতে গোসল করে। কবিতা যেন ধর্মের মতো কাজ করে। যেন কবিতা আর ধর্ম এক ধরনের অথেনটিসিটির কাছে ফিরত যায়। একজন নির্দেশ দেয় একজন কর্তব্যহীনের মতো আচরণ করে। কেউ কাউরে যেন বাতিল করে না। বৈষ্ণব কবিতায় দেখবেন কবিতা আর ধর্ম কেমন একজন। তারা দুইজন না। যা ধর্ম তাই কবিতা। ধর্মে-কবিতায় মাখামাখি আমার ভাল লাগে। কবিতার সেকুলার ধর্মধারণ না লাগে ভাল।

জিললুর: কবিতা সবসময় ধর্ম-ধারণ করবে কি? এথিস্টের কবিতা? কবিতায় যার যার বিশ্বাসের প্রভাব পড়তে পারে, বলা চলে। একটু বিশদ করুন…

জহির: ধর্ম মানেই এই নয় ঈশ্বরবিশ্বাস অবধারিত। ঈশ্বর বিশ্বাস নাই তাও ধর্ম হয়। ফেইথ সিস্টেমের বাইরে গিয়াও ধর্ম হয়। জৈন, বুদ্ধ, তাওবাদ এইগুলা তো ধর্ম। বাট ঈশ্বর ধারণার বাইরে গিয়া। ঈশ্বরহীন আর ঈশ্বরময়তার মাঝখানে ধর্ম আটকাই নাই। কিন্তু যেইটারে বলে স্পিরিচুয়ালিটি সেইটা আবার ধর্ম না। ধর্ম আর স্পিরিচুয়ালিটি ভিন্ন বিষয়।

জিললুর: আরো একটু খোলাসা..,

জহির: আপনি একটা ছবি আঁকেন। একটা গান গান সেইটার মধ্যে স্পিরিচুয়ালিটি থাকে ধর্ম না। সেইখানে পার্টিকুলার আর ইউনিভার্সেলের লেনদেন হয়। ফলে সেইটার ভিতর স্পিরিচুয়ালিটির সুবাস রয়। ধর্ম ডিল করে সাবজেক্টিভিটিরে নিয়া। তো এইটার ডিলিং মৌলিক ডিলিং। কবিতা আমার মতে এই ডিলিংটা নানা অনুবাদে মাত্রায় করে। তো যারা কবিতারে শুধু ইশারা-ইঙ্গিতে আটকায় রাখে তারা কবিতারে ইউরোসেন্ট্রিক জায়গার থাকিই দেখে। ফলে তারা কবিতারে দিয়া চিহ্নের জঞ্জালই তৈয়ার করে।

জিললুর: খাঁটি কথা।

জহির: তাতে তাদের স্পিরিচুয়ালিটি চর্চা হয় বটে। ভাষার যে মেটাফিজিক্যাল ন্যাচার এইটা বুঝতে হবে। যাই আপনি ভাষায় হাজির করেন না কেন কে যেন গরহাজির রহিয়া যায় একটানা। ভাষা তাই চালুনির মতো। চালুনি দিয়া যেমন পানি ধরা সম্ভব না, ভাষা দিয়াও কবিতা ধরা সম্ভব না! কবিতা তাইলে ভাষার বাইরের গিয়া ঈশ্বরের মতো আমাদের মন বুঝতে চান? ধর্ম এইসব নিয়া ডিল করে। প্রশ্ন করে। প্রতিরোধ করে। কবিতাও প্রশ্নচিহ্ন যেন। তাই কইছিলাম তারা যেন এক পুকুরে গোসল করে।

জিললুর: ঠিক আছে। আপনি বিজ্ঞান মনস্কতার সাথে কবির সম্পর্ককে কেমনে দেখছেন?

জহির: একটা সময় ছিল সবকিছু যেন বিজ্ঞান সম্মত হয়। বিজ্ঞান আর সাহিত্য সংস্কৃতির উদ্দেশ্য এক না। আপনি বেসিনে ভাত তরকারি মাখায়ে খাইতে পারেন। বিজ্ঞান এলাউ করবে যদি বেসিনে কোনো জীবাণু না রয়। বাট সংস্কৃতি তা এলাউ করবে না।
সকল জ্ঞানের রাজা বিজ্ঞান। সেইটা যহন যুক্তির যুগ ছিল। হয়ত এখনও ফুরাই নাই সেই যুগ। যুক্তির বাইরে
‘অযৌক্তিক’ কিছুর যেন অস্তিত্ব থাকা উচিত নয়।

আবার যুক্তিসম্মত সকল কিছুই যে বিজ্ঞান তাও না! বিজ্ঞানের নিউটোনিয়ান যুগ ছিল  পুরাই দেকার্তের প্রভাবিত চিন্তায়। দেকার্তের চিন্তায় অযৌক্তির কিছুর স্থান নাই। সুখবর এই যে বিজ্ঞান আর সেই নিউটনে স্থির নাই। কোয়ান্টাম বলবিদ্যা, ফটো ইলেক্ট্রিক ইফেক্ট, আইনস্টাইনের রেলেটিভিটির চিন্তা বিজ্ঞানরে ইনক্লুসিভ করছে। এইখানে আনসার্টেনিটির প্রিন্সিপাল যেমন একই সাথে বস্তুরকণা ধর্মও ওয়েভ ধর্মরে ব্যাখ্যা করে এইটা যুগান্তকারী ইনক্লুশন। ফলে কবিতার মধ্যে যে অ্যাবস্ট্যাকশন যে অযৌক্তিকতা এবে বিজ্ঞান দিয়া ভাবলেও ভাবতে পারেন। বিজ্ঞান এইখানে যেন কবিতার মতো হলিস্টিক মাতৃ-ভাবাপন্ন। ফলে বিজ্ঞানের এই মাতৃভাবের উদয়ের কারণে সে কবিতার বিষয় হই উঠছে।

বিজ্ঞানের বিষয় কবিতা না হইলে ও বিজ্ঞানরে কবিতার কাছে দিশা নিতে হবে। বিজ্ঞান কার জন্য? করপোরেট দুনিয়ার লালসা ভোগবিলাসের জন্য নাকি জগতের সকল জীবের জড়ের কল্যাণের দিকে আগাইতে হবে। কবিতার কাছে বিজ্ঞানের এই শিক্ষা নিতেই হবে। আজকে পরিবেশই ইস্যু নিয়া আমরা চিন্তিত। পৃথিবীর অস্তিত্ব হুমকির মুখে। এই আকামে বিজ্ঞানের বাজে আবিষ্কারগুলাই দায়ী। বিজ্ঞান কবিতামুখী হইলে বেহেশত থাকি আদমের পতন হইত না! যুক্তি ছাড়া জ্ঞান হয় না। এইটাই জ্ঞানের সমস্যা। নির্দেশের মধ্যে জ্ঞান থাকে না। গন্ধম ফল হইল জ্ঞানবৃক্ষের ফল। ঐটা যুক্তির ফসল। ঐটার ভিতর অতীন্দ্রিয় কিছু নাই।

জিললুর: গন্ধম তো বাস্তবের ঘটনা না। কবির কল্পনা। বাস্তবে মানুষ বিবর্তনের ফলশ্রুতি।

জহির: বস্তু আর কল্পনার ভেদ রচনার মূলে যত ঝামেলা। আপনি গন্ধমের ঘটনার থাইকি শিক্ষা নিবেন। বাস্তব-অবাস্তব নিয়া ভাবা ঠিক? বুদ্ধ্ এ জগতরে বলছেন শূন্য এইটা কি ঠিক? এখন কিসে সঠিক এইজ্ঞান আমাদের ফাইনালি নাই। বিবর্তন? বিবর্তনের আগে কি ছিল? আদিজীব কোষ। ঠিকাছে। একটা ব্যাকগ্রইন্ডে তার বিবর্তন হইছে। ভাল, ডারউনের চিন্তা-অভিজ্ঞতাবাদী চিন্তা। যারে বলে লজিক্যাল পজিটিভিজম। ডারউনের এই ধারণা তত্ত্ব কি রাসায়নিক কোনো ডিটেইল সাপোর্ট আছে? নাই। কারণ বিজ্ঞান তহনো অতো আগাইছিল না। এখন আপনি যদি গ্যালাক্সির বিবর্তন চিন্তা নিয়া কথা বলেন তা কি ডারউইন চিন্তা দিয়া ব্যাখা করা সম্ভব। কোয়ান্টাম বলবিদ্যা বরং ডারউইন চিন্তার বিপরীত। সো বিজ্ঞান এখনো ও ডারউইনে আটকাই নাই। আমাদের দেশের আকামের মার্কসবাদীরা ডারউইনের বিবর্তনের রূপকথায় আটকাই আছে। সেকুলার গো বিজ্ঞান চিন্তা অনেক পিছানো বিজ্ঞান চিন্তা।

জিললুর: আমি এইসব নিয়া ভাবি না। আমি মানুষের ভেতরের আলোর সন্ধান করি। ভাষার সব আচরণই কি ঠিক?

জহির: ভাষার রাজাকারি ভূমিকা নিয়া কিছু কই এইবার কোনো একটা লিখা লিখার পর মনে হয় যেমন হওয়ার দরকার ছিল সিরা কম হইল না! কেউ কয় আমার কল্পনা মতো, আমার ভাব মতো কবিতাটা লিখবার না পারলাম! একা লিখার শেষে অদৃশ্যে একটা ‘আহা’ রহিয়া যায়। সেই আহা বড় ব্যাপার না। সৃষ্টি জিনিসে আহা ভরা থাকলে ভাল। তাহা মরণশীলতার প্রশ্রয় দেয়। বাট কথা হইল, ভাব মোতাবেক, কল্পনা মোতাবেক লিখবার পারলাম না—এই জায়গায়। আমি যদি কল্পনার বা ভাবের অনুসারী হই মাত্র তাইলে কবিতায় শব্দরা এক নীরব যন্ত্রের ভূমিকায় অভিনয় করে। হয়তো ভাব মোতাবেক দুই লাইন লিখলাম বটে। বাট দেখা গেল কবিতার শব্দের ঝোপে আসি আরেকটা ভাবের শব্দের তাবেদারি করা শুরু করলাম—তার কথা মতো চলতে থাকলাম। তাই ভাষারে গুরুত্ব দেওন হয়। নিরেট ভাবের উম্মত হইলে যা গুরুত্ব হারায়। ভাষা কথা কয় না। ভাষাকে তাই রাজাকার হইতে হয় প্রায় কবিতার ভিতর!

জিললুর: এইবার ভবিষ্যতের কথা কন। দুনিয়া জুড়ে কবিতার ভবিষ্যত কী?

জহির: বলছি তো। নাকি বলি নাই। ভাষা থাকলে মানুষ থাকলে কবিতা থাকবে নে।

জিললুর: হা হা হা হ ঠিকই বলেছেন। তয়, ভবিষ্যতের কবিতা কেমন কেমন হইবো? একটু বিশদে কন

জহির: তা কি বলা সম্ভব? কোন বাস্তবতায় কোন পরাবাস্তবতার ধাক্কায় কে যে কি লিখে বলা কঠিন। তবে কবিতার সাইজ মনে হয় বড় হইবে না। ছোট কবিতায় ভরি যাইতে পারে কবিতার গোলা। কেউ রাগের চোটে বড় বড়লিখা ছোট কবিতারে হেয় করতে পারে।

জিললুর : স্বপ্ন দেখতে তো আর দোষ নাই…

জহির: স্বপ্ন ভাল লাগে। স্বপ্ন না থাকলে তো কবিতা ডিম পাড়ত না! কবিতার স্বপ্নের খোয়াড়ে গিয়া ডিম ডুম পাড়ে আর কি!

জিললুর: হা হা হা। সেই খোয়াবটা একবার দেখে কন না, ভবিষ্যতের কবিতারে আপনি কেমন দেখতে চান বা কেমন সে হইতে পারে

জহির: কবিতা বেশ মাত্রায় স্পিরিচুয়ালিটির ঝোলার ভিতর চলি যাইতে পারে। কারণ পুঁজিবাদী সংকট ঘনীভূত হইতেছে জগতে। কবিতা তার রুটের দিকে গিয়া পাক খাইতে থাকবে। কিন্তু রুট নাই তো। কারণ রুটও পচিয়া গেছে। ফলে পচা শসাচাষ হইতে থাকবে কবিতার নামে। মাত্র অল্প কয়জন ভাল কবিতা লিখবে। বাদবাকিরা তাদেরে ফলো করতেই থাকবে।

নোট: আলাপটি ২০১৭ সালের, দুজন কবির ফেসবুকের ইনবক্সে কবিতা নিয়ে আড্ডা। ছাপা হয় ‘উত্তর মেঘ’ নামীয় ছোট কাগজে।