অচিনপরিচয় ও অন্যান্য কবিতা
|| অচিনপরিচয় ||
জ্ঞানের সন্ধানে চিনে যাও।
না চিনে গেলে বিপদ হতে পারে।
সকল আয়োজন লণ্ডভণ্ড হতে বাধ্য যদি
জ্ঞান বিতরণকারী গুরু হয় ভণ্ড, অর্বাচীন।
চীন দেশে জ্ঞান অর্জন হয় কিনা জানি না।
তবে, প্রজ্ঞার সন্ধান মেলে শুধু অচিন দেশেই।
এই কথা সুবিদিত সেই সুপ্রাচীনকাল থেকে।
আমি সেই অচিন দেশের চিরপরিব্রাজক।
|| উপদ্রুতচারী ||
শবে মাত্র আগুন লাগলো তবু
স্বজন হিসেব কষে কয়লা ও ছাই নিয়ে দ্রুত।
দগ্ধ স্বদেশ দেখে বিদগ্ধজন
নিশ্চুপ, তল্লাটে প্রিয় জনপদ উপদ্রুত।
|| দাহে প্রদাহে ||
অনেক কিছুর মতো মনও দাহ্য নয় তবু পুড়ে খাক হয়— না থাকে গমগমে কুণ্ডলী, না থাকে লেলিহান শিখা, না থাকে ধোঁয়া, না থাকে ছাই। শুধু থেকে যায় দাগ আর দগদগে ক্ষত।
সেই আগুনের কথা বলেছিলো হেলাল হাফিজ।
যে আগুন ফায়ার সার্ভিস নেভাতে পারে না, সে আগুন সবচেয়ে ভয়ংকর। অগ্নিকাণ্ডের ক্ষেত্রেও এ-কথা প্রযোজ্য।
|| বিদেশি মদদে ||
কে আছিস দ্রুত জল বাদাম দে সঙ্গে বিদেশি মদও দে
বাসার কেয়ারটেকার বাছাই হচ্ছে বিদেশি মদদে
আর্টস না সায়েন্স সেই ডিসিশন আগেই বাপ মা নিয়েছে
বাপের মাপের জোব্বাতে জবুথবু হলেও মানিয়েছে
|| হে রাম ||
হবু শ্বশুরের নাক উঁচু খুব আছে সুন্দরী ঝিয়ারী
আমিও দেখিয়ে দেবো একদিন নিয়ে পারফেক্ট জিআরই
গড়িমসি যত যাই করো কথা পাড়বো একদা বিয়ারই
সেই রামও নেই, ভদকাও নেই– হাতে সামান্য বিয়ারই!



আপনার মন্তব্য প্রদান করুন