পোশাক ও অন্যান্য কবিতা

অ+ অ-

 

অন্তঃপুর

জরায়ু ফুল

তীব্র গন্ধে 
স্টার্ট হচ্ছে ইঞ্জিনের

গাড়ি 
ঘুরেফিরে কলপাড়ে

চাপকলে 
শোনা যাচ্ছে লোহার কামকেলি...

 

স্বস্তি 

নীড়ে 
বাচ্চাদের 

বৃষ্টির ছায়া ভাগাভাগির 
ক্ষত ঢাকতে

বুলবুলি 
ঠোঁটে করে নিয়ে আসে ধানের ঘুম।

 

প্রত্যুষ 

ইনজেকশনে 

একটা নদী 
শরীরে ঢুকে ধুয়ে দিচ্ছে রাত

চামড়ার নিচে
প্রবাহিত অন্ধকারে 

জেগে উঠল
ট্যাবলেটের গোলাপি ভোর।

 

বারকোড 

মেয়ে 

আমাকে উল্টেপাল্টে দেখে 
বলে 
ডেট ওভার

সুপারশপে 
ঝুলছে 
একটি চকচকে ক্যালেন্ডার।

 

পোশাক 

জামা 
পরলেই

নগ্ন 
হয়ে যায় বিড়াল।