প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৬-এর দীর্ঘ তালিকায় ‘ঢোঁক’

অ+ অ-

 

প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৬-এর দীর্ঘ তালিকা প্রকাশ

 

গল্পের সারাংশ  || ঢোঁক

‘ঢোঁক’ মূলত তিস্তার উজানের ব্যারেজ থেকে ভাটির গঙ্গাচড়ার বাস্তুচুত মানুষের রূঢ় জীবনসংগ্রামের আখ্যান। প্রকৃতির আগ্রাসী থাবায় যখন চর কাউয়াডাঙ্গা তলিয়ে যায়, তখন কান্না নয়, বরং ঘর বাঁচানোর হাতুড়ির শব্দে এক পরাবাস্তব পরিস্থিতির সৃষ্টি হয়। এই সর্বনাশা ভাঙন কিশোর মন্তাজ মিয়াকে বাধ্য করে আন্ধার গাঁও ছেড়ে আলোর শহর ঢাকায় এসে টং দোকান দিতে। শহুরে জীবনে টিকে থাকার লড়াইয়ে মন্তাজ জড়িয়ে পড়ে এক বিচিত্র আবর্তে। খেদনের অস্পৃশ্য মগ বিলাস, বন্ধু রনজুর সাথে মিথ্যার ছলাকলা, পরিবেশ কর্মী ফারজানা রউফের সাথে জমি হারানো লাল মিয়ার জরিপের কারবার—সব মিলিয়ে নগরের এক জটিল বাস্তবতার মুখোমুখি হয় সে। কিন্তু লাল মিয়ার অপঘাত মৃত্যু ও বেওয়ারিশ লাশ হওয়ার ঘটনা জীবনের এক চরম নির্মমতা মুখোমুখি করে দেয় তাকে। পরবর্তীতে চরের বুকে নিজের শিকড়ের টানে ফিরে গিয়ে মন্তাজ মুখোমুখি হয় তীব্র পরিচয় সংকট ও স্মৃতির চোরাবালির। নিজ ভূমিতেই যেন পরবাসী। তাইতো শাহবাগের মোড়ে দাঁড়িয়ে বিল্লালের পেনসিলের টানে সে খুঁজে ফেরে মায়ের অস্পষ্ট মুখ। ‘ঢোঁক’ বাস্তুচ্যুত মানুষের আত্মপরিচয়ের সংকট, অস্তিত্বের লড়াই এবং শিকড় ও স্মৃতির টানকে এক নগ্ন ক্যানভাসে ফুটিয়ে তুলেছে।

 

লেখক পরিচিতি || শাহেরীন আরাফাত

গল্পকার ও সাংবাদিক। জন্ম ১৯৮৫ সালে ব্রাহ্মণবাড়িয়ায়। পড়াশোনা করেছেন কম্পিউটার বিজ্ঞানে। যুক্ত আছেন ছোটকাগজ ‘মঙ্গলধ্বনি’ ও ‘সাপ্তাহিক চিন্তা’র সঙ্গে। প্রকাশিত বই তিনটি—‘বস্তার’ (গবেষণা), ‘আত্মের অন্বেষণ’ (কাব্য) এবং আলেকজান্দ্রা কোলন্তাইয়ের রচনা নিয়ে সম্পাদিত ‘যৌনসম্পর্ক এবং শ্রেণিসংগ্রাম’। এক দশকের বেশি সময় ধরে আছেন প্রাতিষ্ঠানিক সাংবাদিকতায়, এখন কাজ করছেন ‘দৈনিক সমকাল’ পত্রিকায়।