প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৬-এর দীর্ঘ তালিকায় ‘দ্বিতীয় মৃত্যুর পর’
প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৬-এর দীর্ঘ তালিকা প্রকাশ
গল্পের সারাংশ || দ্বিতীয় মৃত্যুর পর
পৌষ মাসের এক কুয়াশাচ্ছন্ন সকালে শায়লা করিমের জীবনে তার স্বামী তানভীরের মৃত্যুর সংবাদ আসে, যা তার কাছে গভীর শোকের পরিবর্তে একধরনের দীর্ঘ প্রতীক্ষিত মুক্তির স্বস্তি বয়ে আনে। কর্পোরেট দুনিয়ায় সফল এবং আত্মবিশ্বাসী শায়লার জীবনে অতীতের দিনগুলো খুব সহজ ছিল না; কারণ তানভীরের বাইপোলার মানসিক রোগ, অতিরিক্ত হিংস্রতা, সন্দেহপ্রবণতা এবং প্রায়ই তার ওপর শারীরিক নির্যাতন তাদের সংসার জীবনকে নরকে পরিণত করেছিল। তানভীরের মৃত্যুর পর তাদের সন্তান সংযুতা ও তাওসিফসহ পরিবারের সবাই উপস্থিত হলেও শায়লার চোখে কোনো জল ছিল না, বরং তার মনে পড়ে যায় তাদের সম্পর্কের ফেলে আসা সুন্দর স্মৃতি ও পরবর্তীকালে জমে ওঠা তীব্র ঘৃণা ও যন্ত্রণার কথা। তানভীরের দাফন সম্পন্ন হওয়ার পর রাতে যখন সবাই ঘুমে আচ্ছন্ন, তখন শায়লার মনে হাহাকার জেগে ওঠে এই ভেবে যে, তীব্র শীতে কবরের হিমশীতল অন্ধকারে তানভীরের কতটা কষ্ট হচ্ছে। পুরোনো স্মৃতি, দীর্ঘদিনের অবদমিত যাতনায় দগ্ধ হতে থাকে শায়লার মন।
লেখক পরিচিতি || মোহছেনা ঝর্ণা
গল্পকার ও লেখক। জন্ম ১৯৮২ সালে, লক্ষীপুর জেলার ছবিলপুর গ্রামে। বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। পড়াশোনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর। ছাত্রজীবন থেকেই পত্রিকার ‘পাঠক ফিচার’ পাতার মাধ্যমে লেখালেখির যাত্রা শুরু। ২০১৪ সালে প্রকাশিত হয় প্রথম গল্পগ্রন্থ—‘নৈঃশব্দ্যের ভেতর’। তার দ্বিতীয় গল্পগ্রন্থ—‘তখন আমরা ঘুমাইনি’ (২০২৪)। প্রথম শিশুতোষ গল্পগ্রন্থ—‘ইলিনের বাবার চশমা’ (২০১৯)। পেশাগত জীবনে অগ্রণী ব্যাংক কর্মরত আছেন।



আপনার মন্তব্য প্রদান করুন