সুফি গানের মতো ও অন্যান্য কবিতা
|| প্রশ্ন এবং উত্তর ||
তুমি কি ঘরে আছো?
সে কি করে বলবে!
যার মুখ গোলাপে আঁটা—
চোখ ভরে আছে বাতাসে।
সে কি করে বলবে—
তার অবস্থা
এবং কি করে করবে—
ভালোবাসার বর্ণনা!
পাখিরা বললো—
এবার বহুত হয়েছে বহুত,
সৌম; তুমি মারা যাও...
আমরা আকাশে উড়ে উড়ে
তোমার মৃত্যুর বন্দনা করি।
|| মুকুট ||
মিথ্যা রাজা হওয়ার চেয়ে
কাঁটার মুকুট ভালো
যখন জেনেই গেছো—সৌম;
তাহলে আর কি!
মুখটি সটান করে কবরে শুয়ে পড়ো।
|| ভালোবাসা ||
ভালোবেসে নিজেই নিজের
শত্রু হলে—সৌম;
বিষয়টা যদিও তোমার
আর ভালোবাসার।
অথচ লোকজন—
শুধু তোমার বিচারই করলো!
|| আফসোস ||
সৌম; তুই তো থামবি শেষে—
কতো বাহানায়
কতো ঘটনায়
সময় তো ফুরাচ্ছে...
প্রিয়তমার আফসোস—
যদি আর কটাদিন
থাকতে বেঁচে।
|| সুফি গানের মতো ||
সুফি গানের মতো—
আমি তোমার সাথে একাত্মা প্রকাশ করছি।
প্রকাশ করছি—
হৃদয়ের অপ্রকাশিত সমস্ত কিছু
যা আমাকে আদালা করে
এই জগৎ থেকে;
তোমার থেকে।
আমি সীমিত কথার মালিক—
ঠোঁটে কাঁটা ফুটে আছে!
|| হৃদয় ||
কাউকে কষ্টের কথা বলো না সৌম—
জীবিতরা কষ্ট নিয়েই থকে
বরং আনন্দ করো
গান গাও...
এর বেশিকিছু চেয়ো না—
ভালো হয় হৃদয়কে ঝাঁকি দিয়ে
ঘুমিয়ে পরো।
|| সময় ||
দেখতে দেখতে
সবকিছু পাল্টে গেলো সৌম;
নিজের চেহারা
স্থান-কাল-পাত্র
অথচ ভালোবাসা তোকে ছাড়লো না।
|| প্রাপ্য ||
আমি হচ্ছি আমি
অথচ চেনার উপায় নাই!
যা দেখি
যা বলি
যা শুনি
কে বোঝে তার অর্থ
আস্ফালন এই হৃদয়ের।
বরং আমিই হচ্ছি আমি
যার উপহার তারই প্রাপ্য।
|| চিরকাল ||
সকলেই তাই বলে—
সৌম বেহুশ
চিরকালই তার
দোষ আর দোষ...
|| বাড়ি ||
আমাকে একা ছেড়ো না—
আমি হারিয়ে যাব।
কেননা, তোমার বাড়ির পথ ছাড়া—
এই জীবনে আর কোনো কিছুর
সন্ধান আমি করিনি।



আপনার মন্তব্য প্রদান করুন