শয়তান

অ+ অ-

 

আমাদের শহরে একদল লোক আসে, তারা নিজেদের পরিচয় হিসেবে বলে, আমরা শয়তান! ফলে শহরবাসী আমরা কেউ বিশ্বাস করি না বরং হাসাহাসি করি। লোকগুলো শহরে ঘুরেফিরে বেড়ায় আর মোড়ে মোড়ে মানুষের জমায়েত দেখলে সেখানে গিয়ে জানান দেয়, তারা শয়তান! পাবলিক তাদের উন্মাদ ঠাওরায় এবং চিন্তা করে যে দেশের কোন পাগলাগারদ থেকে সম্ভবত ঝাঁক বেঁধে এরা পালিয়ে এসেছে কিংবা পাগলাগারদ কতৃপক্ষ মহামারী পরবর্তী পৃথিবীর অর্থনৈতিক মন্দার কারনে হয়তো কিছু পাগলকে ছেড়ে দিয়ে ব্যয় সংকোচন করছে। ফলে প্রত্যেক মানুষ যারা শহরের ভিড়ের মধ্যে শয়তান দলের দেখা পেয়েছে তারা প্রত্যেকেই বাড়ি গিয়ে নিজেদের পরিবার বা এলাকার বন্ধুবান্ধবদের বলে যে, একদল মানুষের দেখা তারা পেয়েছে যারা শয়তান! ফলে চারদিকের মানুষদের মধ্যে একটা গোপন কৌতূহল জন্মায় শয়তান দর্শনের! কিন্তু শয়তান সবাইকে দেখা দেয় না, নসিবে না থাকলে তার পাল্লায় পড়া হয়ে ওঠে না! ফলে জনগণের মধ্যে ক্রমে দিনে দিনে বাজারমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন জেগে ওঠে যে, শয়তান আসলে খায় কি? কেনাকাটা করে কি? কিংবা তাদের জীবনযাত্রা কেমন? কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায় না যে কিনা দেখেছে শয়তানকে কিছু খেতে কিংবা কিছু কেনাকাটা করতে! ফলে মহল্লায় মহল্লায় আড্ডায় আলাপ হয় যে, শয়তান আসলে হাওয়া খায়! কেউ কেউ বলে, উঁহু মিষ্টি খায়! কেউ কেউ বলে, মানুষের ভেক ধরে হোটেলে গিয়ে ভাত-ডাল-মাছ-মাংস খায়! ফলে একজন বলে বসে, মানুষের ভেক ধরবে কিরাম কইরে? শয়তান যা দেখতিছি তারা তো মানুষের রূপ ধইরেই আইছে শহরে! কথাটা সবার মনপুত হয় বলে অন্যরা চেপে যায় কিন্তু একটা সূক্ষ্ম দ্বিধা জড়িয়ে ধরে সবাইকে যে, আসলেই তো শয়তান দেখতে মানুষের মতন, তাহলে তারা খাবার খেতে হোটেলে যাবার সময় কিসের ভেক ধরে যায়? তখন হয়তো কোন এক জুবুথুবু বৃদ্ধ কোন এক মহল্লার বিকেলের মজমায় বলে বসে, শয়তান আসলে খায় দুইডে জিনিস যা আমি তুমি খাই না! উপস্থিত লোকেরা বলে, কি খায় কাকা? বুড়ো বলে, যা আমি তুমি খাই না তাই উরা খায়! আমরা আবার বলি, না ঘুটায়ে ক্লিয়ার কইরে কও দিনি শয়তান কি খায়? বুড়ো বলে, ধুর বাড়া কলাম না, যা আমি তুই খাই না তাই খায় শয়তান! আমরা বলি, আরে সাইয়ো সেইটে কি জিনিস সেইটে কও! তখন বুড়ো মিটিমিটি হাসে আর বলে, কতি পারি কিন্তু কলি আমারে কি দিবি? আমরা সবাই সবার মুখ চাওয়াচাওয়ি করি তারপর একজন বলে, কি দিলি তুমি কবা? বুড়ো তার ফোকলা গালে হাসি ফুটিয়ে বলে, রসগোল্লা খাওয়া তালি কবানি! তখন হয়তো মজমায় বসে থাকা কেউ একজন বলে বসে, তোমার না ডাইবেটিস? বুড়োর মুখে শ্রাবণের মেঘ নেমে আসে আর আমাদের অন্তরে কৌতূহলের মত্ত ঘোড়া টগবগ করে! ফলে আমরা বলি, ডায়বেটিস বাড়লি বাড়ুক কিন্তু শয়তান কি খায় সেডা জানা জরুরী! ফলে কেউ একজন দুটো রসগোল্লা কিনে এনে বুড়োর সামনে রাখে আর সঙ্গে সঙ্গে বুড়োর ঘোলাটে প্রাচীন চোখে স্বর্গের দ্যুতি টলমটল করে! আমরা বলি, এবার কন্‌ দিনি শয়তান আসলে খায় কি? বুড়ো দুনিয়ার কোনদিকে নজর না দিয়ে রসগোল্লা দুটোর দিকে নিরিখ করে তাকিয়ে ধ্যানমনপ্রাণ দিয়ে খেতে শুরু করে! ফলে আমরা অপেক্ষা করি জ্ঞানী বুড়োর রসগোল্লা খাওয়ার শেষ হওয়ার অপেক্ষায়! আমরা বিড়ি ফুঁকি আড়ালে আর উসখুস করি! একসময় বুড়ো রসগোল্লা খাওয়া শেষ করলে আমরা দেখি বুড়ো বাটিটা উঁচু করে রসগোল্লার রস খায় চুকচুক করে! আমাদের বিরক্ত লাগে একজন ফোঁস করে বলে বসে, ধুর্‌ বাড়া আর কতক্ষণ!? ফলে বুড়োর রস খাওয়া শেষ হলে আমরা চাতকের মতন তাকিয়ে থাকি এবং একসময় বুড়ো বলে, শয়তান খায় দুইডে জিনিস, যা আমি তুমি খাই না! আমরা বলি, কোন দুইডে সেইডে কও কাকা! বুড়ো বলে, মানুষের হৃদপিণ্ড আর মানুষের মগজ! ফলে আচানক একটা ধাক্কা লাগে আমাদের চিন্তার মধ্যে! এবং আমরা খেয়াল করার চেষ্টা করি আমাদের সকলের হৃদপিণ্ড এবং মগজ ঠিকঠাক যায়গা মতন আছে কিনা। এবং আমরা আবিষ্কার করি আমাদের মগজ এবং হৃদপিণ্ড এখনও অক্ষত আছে ফলে আমাদের মধ্যে থাকা কয়েজন ভোঁদাই টাইপ বন্ধুরা বিনবিন সুরে বলে, শয়তান গরু ছাগলের মগজ আর হৃদপিণ্ড খায় না কাকা? আমাদের সন্দেহ হলেও কিঞ্চিৎ সম্মতি অনুভব হয় এই চিন্তার উপ্রে! কিন্তু জ্ঞানী বুড়ো ফট্‌ করে বলে, শয়তানের ফিকির যেমন মানুষ নিয়ে তোমার ফিকির তেমন গরু ছাগল নিয়ে! ফলে আমরা সবাই হেসে ফেলি এবং আমরা শয়তানের খাদ্য বিষয়ক গল্প আমাদের বন্ধু-বান্ধবদের বলি এবং তারা তাদের বন্ধু-বান্ধবদের বলে ফলে তারা তাদের বন্ধুদের জানায় যা ক্রমে সমস্ত শহরে ছড়িয়ে যায়! এবং শহরের লোকেরা জেনে যায় যে, শয়তান দুটো জিনিস খায় এক হলো মানুষের মগজ, দুই হলো মানুষের হৃদপিণ্ড! কিন্তু আমরা ঠিকঠাক নিশ্চিত হতে পারি না বলে একদিন আমাদের একজন বাজারে দেখা হয়ে যাওয়া দুইজন শয়তানকে জিজ্ঞেস করে, ভাই আপনারা খানকি? শয়তানেরা বলে, আমরা তো ভাই খানকি না! আমাদের লোকটা বিব্রত স্বরে বলে, আসলে আমি জানতি চাচ্ছিলাম আপনারা খাওয়াদাওয়া করেন কি? তখন শয়তানেরা বলে যে, আপনারা যা যা খান, আমরাও তাই তাই খাই! তখন হয়তো বিভ্রান্ত আমাদের লোকটা জিজ্ঞাস করে, ভাই আপনারা বাজার সদাই করেন কোন বাজারে? উত্তরে হয়তো শয়তান দুজনের একজন বলে, যেই বাজার ব্যবস্থায় আপনাদের কেনাকাটা, বাজার-সাদাই চলে সেই বাজারকে আমরা সমর্থন করি না বলে আপনাদের মূল্যব্যবস্থার বাজার থেকে আমরা কেনাকাটা করি না! ফলে পুরো ব্যাপারটা আমাদের কাছে হিজিবিজি অনুভব হয় এবং আমরা যখন ঐ লোক মারফৎ জানতে পারি শয়তানদের বাজার বিষয়ক বক্তব্য তখন আমাদের চোখ সরু হয়ে যায়! আমাদের সেই বন্ধু শয়তানদের আরও জিজ্ঞাস করে, ভাই আপনারা ফেসবুক টুইটার বা এই জাতীয় সামাজিক মাধ্যম ব্যবহার করেন না? তাইলে যোগাযোগে সুবিধার হইত! শয়তান বলে, আমরা ঐ মতাদর্শে বিশ্বাসী না! ঐ নিয়ন্ত্রনবাদের সূক্ষ্ম ব্যবস্থায় আমাদের আস্থা নেই! আমরা মস্তিস্কের মুক্ত ব্যবস্থায় বিশ্বাসী! ফলে আমাদের সেই বন্ধুর বিভ্রান্তি লাগে এইসব কথাবার্তায় এবং সে বলে, তাইলে তো আপনারা প্রযুক্তিতে পিছায় আছেন! তখন শয়তানদের আরেকজন বলে, আমার মনে হয় আমরা প্রযুক্তিকে হজম করে ফেলেছি! আপনারা বরং প্রযুক্তির পিঠে চড়ে বসেছেন! ফলে আমাদের সেই বন্ধুর ঘুরান্টি লাগলেও এইসব কথাবার্তা ভাল্লাগে এবং সে শয়তানদের সাথে ঘোরাফেরা করতে থাকে! এবং একদিন সে উধাও হয়ে যায় এবং অনেকদিন পর ফিরে আসে শয়তানদের গ্রাম থেকে! এবং তখন আমরা আবিষ্কার করি আমাদের বন্ধুটি আর আগের বন্ধু নাই, তার মধ্যে একটা বিরাট পরিবর্তন লক্ষ করা যায় যা আমাদের হজম হয় না ঠিকঠাক! আমরা আমাদের বন্ধুকে বলি, শয়তানরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার না করে তাহলে তাদের ব্যাপারে জানবো কিভাবে? তাদের যদি কোন বইপুস্তক বা প্রচারপত্র না থাকে তাহলে তাদেরকে জানবো কোন রাস্তায়? আমাদের বন্ধুটি বলে, মেলামেশা করার মধ্য দিয়ে, হাঁটার মধ্যে দিয়ে জানা! আমরা বলি, এইসব কি বলিস? তখন সে বলে, ঠিকই বলি! যা জানতে হইলে যেই রাস্তা ধরতে হয়, সেই রাস্তা ছাড়া তারে পাওয়া যায় না! শয়তানদের জানতে হইলে, শয়তানদের সাথে মেলামেশা করতে হবে তাদের সাথে হাঁটাচলা করতে হবে তাইলেই জানা যাবে! ওদের কোন কিতাব নাই! ফলে আমাদের মধ্যে থাকা কারো কারো চোখ সরু হয়ে আসে এবং চোখ সরু হয়ে আসা কাউকে কাউকে কয়েদিন পর আর দেখা যায় না, কেন না গোপনে তারাও শয়তানের পাল্লায় পড়ে শয়তানকে আবিষ্কারের নেশায় ডুবে যায়! 

ইদানিং শয়তানেরা আর দল বেঁধে ঘোরে না। বড়জোর দুইজন একসাথে থাকে। কাউকে কাউকে দেখা যায় একা একা ঘুরে বেড়াতে। তাদেরকে কোন কাজবাজ করতে দেখা যায় না কিংবা ব্যবসা বা কেনাবেচা। তারা ঘুরে বেড়ায় গল্প করে আর মানুষ  দেখে! আমাদের কেউ কেউ জিজ্ঞাস করে, আপনারা আসলে করেন কী? শয়তানরা বলে, আমরা দেখি, কথা বলি, কথা শুনি! তাদেরকে যখন জিজ্ঞাস করা হয়, আপনাদের চলে কেম্নে? আপনারা আসছেন কোত্থেকে? আপনারা কি মোহাজের? শয়তানেরা উত্তর দেয়, আমরা সবাই মোহাজের কেন না আমরা প্রত্যেকে আছি একটা জার্নির ভিতর, প্রতিটা স্থান এবং সময়ের মধ্যে আমরা ক্ষণিকের যাত্রী! ফলে জনগণ টাল খায় এইসব উত্তরে! আবার শয়তানরা বলে, আমরা কৃষি করি! আমাদের সাময়িক গ্রাম আছে তার হাটবাজার আছে! তখন হয়তো আমাদের কেউ কেউ বলে, কিন্তু জমি কই? আপনারা কি জমিন খরিদ করছেন? তখন হয়তো তারা বলে, ‘পৃথিবী আমার দেশ’ এই ফর্মুলায় আমরা বিশ্বাসী! আপাতত আমরা লোকালয়ের বাইরে ঐ অরণ্যের দিকে আছি! যেহেতু শহরকে আপনারা দেয়াল দিয়ে ভাগ করে ফেলেছেন তাই এখানে দখল করার প্রশ্নই আসে না বা আমরা কারোর বিরক্তির কারণ হতে নারাজ তাই আপাতত জংলার দিকে আছি! তবে রোজ আমরা মানুষের কাছে আসি! শিখতে আসি, জানতে আসি; কেন না আপনাদের সংকট গুলো দেখে আমরা চিন্তা করি আগামীতে এই সংকট থেকে আমরা নিজেদের বাঁচাবো কি করে! ফলে লোকেরা এইসব শুনে ভির্মি খায় আর চিন্তা করে, এই শয়তান মানুষেরা উদ্ভট! ফলে অনেকেরই মনে মনে বাঞ্ছা জাগে যে, ঐ জংলা এলাকায় গিয়ে দেখতে আসলে এদের চলে কেম্নে! শয়তানেরা বলে, পৃথিবীতে দীর্ঘ সময় ধরে যে মহামারী গেলো সেটা মানবসৃষ্ট বলে আমাদের বিশ্বাস এবং তার থেকে ফায়দা নেয়া বাণিজ্য এবং সৃষ্ট অভাবের মধ্যে আপনারা মুখ বুজে কিভাবে টিকে আছেন সেই রহস্যটাও আমাদের জানার কৌতূহল! আমাদের মধ্যে বুদ্ধিমান কেউ কেউ হয়তো বলে, আপনারা কি নতুন দুনিয়ার স্বপ্ন দেখেন? তারা উত্তরে বলে, পৃথিবী তো সর্বদাই নতুন এবং অনাবিষ্কৃত সংকটের! সমাজ অর্থনীতির মধ্য দিয়ে টিকে থাকাটা কালে কালে আদালা! ফলে আমরা মাথা চুল্কাই এবং আমাদের মধ্যে কেউ কেউ একটা মোক্ষম চিরায়ত প্রশ্ন জিজ্ঞাস করে বসে যে, তাইলে আপনাগের ধর্ম কি? তারা হয়তো বলে, প্রশ্ন বা শয়তানিই আমাদের ধর্ম! যেহেতু ধর্মের প্রয়োজন আমাদের নেই কিন্তু আপনারা ওটার বাইরে চিন্তা করতে পারেন না তাই আপাতত এ-ই উত্তর! ফলে আমাদের আরও বিভ্রান্ত লাগে! কিন্তু ক্রমে তাদের প্রতি তরুণদের আগ্রহ বাড়তে থাকে। ফলে দিনে দিনে দেখা যায় অতি কৌতূহলী তরুণ তরুণীরা শয়তানদের এলাকায় যায় এবং ফিরে আসে এক ঘোর নিয়ে যা থেকে তাদেরকে বের করা মুশকিল হয়ে যায়! ফলে আমাদের সমাজে একটা নতুন যন্ত্রণা হিসেবে শয়তানের আবির্ভাব টের পাওয়া যায় যে, তারা আমাদের যুবক যুবতীদের গ্রাস করে ফেলতে থাকে! এবং আমাদের প্রচলিত সমাজের ভারসাম্য টাল খায়! এবং ব্যাপারটা রাষ্ট্রের নজরে আসে কেন না, রাষ্ট্রের নানান ব্যর্থতা নিয়ে তরুণেরা সাম্প্রতিক সময়ে তুমুল প্রশ্ন তুলতে থাকে এবং লিখতে থাকে সেইসব সমস্যা নিয়ে! ফলে রাষ্ট্র তার চিরকালীন পদ্ধতিতে প্রশ্নকারী যুবক যুবতীদের গুম করে এবং একদিন কয়েকজন শয়তানকে তুলে নিয়ে যায় গোয়েন্দা বাহিনীর সহায়তায়! এবং নগরে শয়তানদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়! এর কিছুদিন পর এক রাত্রে দেখা যায় জঙ্গলের দিকে গড়ে ওঠা শয়তানদের এলাকায় দাউ দাউ করে আগুন জ্বলতে! রাষ্ট্রীয় বাহিনী শয়তানদের গড়ে তোলা সাময়িক গ্রাম জ্বালিয়ে দেয় এবং এর পরের কয়েকদিন কাউফিউ দিয়ে ঐ এলাকায় আদমশুমারির মতন শয়তানশুমারি করতে গিয়ে দেখা যায়, শয়তানদের যেই দলটা এসেছিল আমাদের শহরে তার কয়েকগুণ সংখ্যক লোক। এবং এই কয়েকগুণ হওয়া লোকেরা বেশিরভাগই আমাদের আশপাশের গ্রাম কিংবা আমদের শহরের নিপীড়িত অভাবি মানুষ যাদের ভাত কাপড়ের জীবন হয়ে উঠেছিল অনিশ্চিত! যারা আতঙ্কে মুখ খুলতে পারত না বন্দুকধারী সরকারের ব্যর্থতার বিরুদ্ধে! সরকার তার নিয়ন্ত্রিত মিডিয়ায় প্রচারণা চালায় শয়তান পরিচয় দেয়া এই লোকেরা আসলে বিদেশি এজেন্ট, তারা আমাদের দেশে এসেছে মূলত আমাদের রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির জন্যে! কিন্তু আন্তর্জাতিক মহলে প্রশ্ন ওঠে বন্দুকের নল আর সিসি ক্যামেরা সরকারের বিরুদ্ধে যে, মাত্র গোটা পঞ্চাশেক শয়তান পরিচয় দেয়া লোকের আগমনে আকৃষ্ট হয়ে কেন হাজার খানেক দেশবাসী শয়তানদের সঙ্গে মিশে একটা আস্ত গ্রামের পত্তন ঘটিয়ে ফেলেছে? সমস্যাটা কি? রাষ্ট্র ধর্মীয় নেতাদের দিয়ে ফতোয়া দেয়ায় যে, শয়তানের ওয়াসওয়াসা বা ধোঁকায় পরে এইসব মানুষেরা পথভ্রষ্ট হয়ে শয়তানদের সঙ্গী হয়েছে! এবং ফতোয়ায় আরও বলা হয়, শয়তানের কাজ মানুষের অন্তরে অস্থিরতার বীজ বপন করা এবং মানুষকে ভ্রান্ত পথে চালিত করা! ফলে সারাদেশের লোকেরা দেখতে পায় মানুষের মতো দেখতে একদল মানুষ যারা শয়তান এবং তাদের পাল্লায় পরা একদল মানুষ যারা নব্য শয়তান হিসেবে চিহ্নিত হয়েছে এবং যারা আসলে আমাদেরই ভাই বন্ধু বা নাগরিক! ফলে নিজেদের লোকদের আলাদা করে, বাইরে থেকে আসা শয়তানদের জানিয়ে দেয়া হয় স্থান ত্যাগ করার জন্য। নৈলে তাদেরকে পুড়িয়ে মারার হুমকি দেয়া হয়! ফলে শয়তানেরা হাসি মুখে হাওয়া হয়ে যায়! এবং রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে প্রচার করা হয়, শয়তানের আগমন এবং নির্গমনের কোন চিহ্ন আসলে নেই, তারা শূন্য থেকে এসে শূন্যে মিলিয়ে গেছে! ফলে জনগণ এই প্রচারণায় কান দিলেও সায় দেয় না, কেন না শোনা যায়, সরকারের বন্দুক একদল মানুষকে গুলি করে পুঁতে ফেলেছে, যার কোন চিহ্ন নেই কোথাও! আমাদের মনে হয়তো তখন একটা প্রশ্ন ঘুল্লি খায় যে, এই শয়তানেরা আসলে এসেছিল কোত্থেকে? তারা কি আমাদেরই লোক নাকি বাইরের দেশ থেকে এসেছিল আমাদের মধ্যে? নাকি সত্যিই তারা হাওয়া থেকে এসে হাওয়া হয়ে গেছে? কেন না যারা আমাদের নাগরিক হিসেবে চিহ্নিত তারা শয়তানদের কাছ থেকে ঘরে ফিরে আসলেও আর আগের মতন মানুষ থাকে না, কেন না অনেকদিন শয়তানদের সংশ্রবে থাকায় তারাও আধা কিংবা পূর্ণ শয়তান হয়ে গেছে ফলে তাদের থেকে জন্ম নেয় শয়তানের বাচ্চারা! কেন না, এরপর থেকে দেখা যায়, আমাদের নিরামিষ, প্রায় নির্বাক, সব মেনে নেয়া জনগণের মধ্যে প্রশ্নের জাগরণ! একদল কবি লেখক গায়ক চিত্রকর কিংবা সাদামাটা মানুষ জন্মায় যারা প্রচলিত ধারার বাইরের কথাবার্তা বলে। এবং যাদেরকে চরম মূল্য দিতে হয় সরকারের বাহিনীর হাতে। তবুও তারা থামে না, ফলে লোকে বলে, শয়তান গেলেও তার বীজ যায় নাই! এবং আমরা টের পাই আমাদের জীবনযাত্রার মধ্যে ঢুকে গেছে এক আলাদা চিন্তার তরঙ্গ যেটা আমাদের ভালো লাগে। ফলে আমাদের কেউ কেউ সেই জ্ঞানী বুড়োর কাছে যায় দুটো রসগোল্লা নিয়ে এবং জিজ্ঞাস করে, অবস্থা কোন দিক যাচ্ছে কাকা? বুড়ো নিরাসক্ত চোখে রসগোল্লার দিকে তাকিয়ে বলে, রসগোল্লা খাওয়া ছাইড়ে দিছি! আমরা বলি, রসগোল্লা না খাও অন্তত রস খায়ে কও দিনি দুনিয়া এহন কোন দিক? বুড়ো বলে, তুমরা যেইদিক নিবা সেই দিক! আমরা বলি, কোন দিক? বুড়ো বলে, আগে তোমরা ছিলা ইন্সান এহন হইছো শয়তান! আমাদের একজন বলে, তাইলে কি হবে? বুড়ো বলে, এইবার নতুন দুনিয়াদারী কায়েম হবে, রাজা সাবধান! ফলে আমরা মাথা চুল্কাই, পাছা চুল্কাই আর ভাবি এবং টাল টাল লাগে আমাদের এবং আমরা বুঝতে পারি একটা হিজিবিজি ব্যাপারস্যাপার আমাদের চারপাশে গোঁত্তা খায় অথচ ঠাওর হয় না!