বহুদূরে পাতার শহর

অ+ অ-

 

|| নখ ||

বহুদূরে পাতার শহর
হোসেন দেলওয়ার

নখ

অরণ্য গোপন করে পাখিদের ঘুম
ভ্রূ-ভঙ্গি গোপন করে হাত নয়,
দশটি আঙ্গুল

আঙ্গুল নাড়ায় বহুবিধ নৃত্যের ভঙ্গিমা 

রাঙতা রোদে নখ কাটার সময়ে একটা আতঙ্ক থাকে 
অসতর্কে কাটে কখনো মসৃণ ত্বক
ঝরে অবহেলা,
লাল লাল অজস্র ফোটন...

কাউরে খামচি দেয়ার সহিংস ভূমিকা গোপন করে 
দেখো,
নখ ফেটে বেরিয়ে পড়ছে অজস্র রোদন

 

|| তিল ||

নাসিকা রন্ধ্রের পাশে, 
তিল

সামান্য একটি তিলে
ফুলে উঠছে নাসিকা রন্ধ্র,
যেন হাইপোক্সিয়া 

অদূরে ভ্রূ-পল্লব, অদূরে বন
স্যাচুরেট হাওয়া

নাসিকা রন্ধ্রের পাশে 
সামান্য একটা তিল, বনের সাদৃশ্য  
হরিণ ছুটছে, 
পিছু পিছু জীবন বাঁচাতে ছুটে যাচ্ছে চিতা


|| জঙ্ঘা ||  

একদিন সুর ভাঙে
ভাঙে এই মোমের প্রপাত 

প্ররোচনার চে’ অধিক গন্দম

যুগল জঙ্ঘা কাঁধে তুলে নিলে 
খুলে যাবে ঘুঙ্গুরের নাও


|| প্যান্সপারমিয়া ||

তুমি কি আফ্রোদিতি, 
অর্ধভক্ষ্য আপেল হাতে নিঃসঙ্গ লিলিথ

আমি স্থির দিগন্তে ভাসিয়েছি জাহাজ, 
নোঙ্গর বহুদূর 

ভেসে যাচ্ছি বীজ—কেউ ভাসিয়ে দিয়েছে জলে, 
খেলার ছলে—প্যান্সপারমিয়া 

দৃশ্যমান রাত্রের চোখে অবারিত নীল জলে ভেসে থাকা অপার্থিব আলো 
ক্রমশ ছড়িয়ে পড়ছে ফেনা হয়ে দূরে সমুদ্রের দ্বীপে—বেড়ে উঠছে ধীরে ধীরে সন্ধ্যার সেই ঝাউগাছ... 

 

খুব ভোরে 
সে বিষণ্ণ নারীর চোখে কাউকে দেখে, 
ধরে রাখে না

 

|| ফ্যান্টম ||
(চোখে অ্যানেস্থেসিয়া নেয়ার পরে)

এই গ্রহে কোন মোম ছিল না 
অন্য গ্রহের আলোতে পাঠ করেছিলাম আমাদের আদি পুস্তক, 

এই যে এত অন্ধকার তার দিকে তাক করে আছে আলোর ইন্দ্রজাল!
আমার ঘুম পাচ্ছে অথচ চোখের মধ্যে কেউ ঢুকিয়ে দিচ্ছে ল্যাবিরিন্থ

আমি দেখছি কারো নাকফুল,কারো মুখ
নুয়ে আসছে ধীরে 
টিয়ারা ডরিন!