লাল মলাটের পাণ্ডুলিপি
রাতের শেষ নিঃশ্বাস গায়ে মাখতে বের হন কায়েস কাওসার; কিন্তু জনতার মোড়ে এসে থমকে দাঁড়ান: বুক টিকটিক করে ওঠার মতো শব্দ, আ...আ..পা...নি...
তিনি কয়েক হাত দূর থেকে দেখেন রাস্তার পাশে পড়ে আছে একটা রক্তাক্ত দেহ। একটা কুকুর সেই দেহ থেকে একটা পা আলগা করতে টানাটানি করছে, একটা ইঁদুর ছুটে যাচ্ছে তলপেটের ওপর দিয়ে, একটা পিঁপড়া অস্থিরভাবে ঘুরে বেড়াচ্ছে ঠোঁটের ওপর, একটা মাছি একঘেয়ে শব্দ তুলছে, একটা কাক কৃষ্ণচূড়ার ডালে বসে অপেক্ষা করছে।
কায়েস কাওসার কতক্ষণ দাঁড়িয়ে আছেন বুঝতে পারছেন না; এগিয়ে যাবেন, নাকি ফিরে যাবেন তা-ও বুঝতে পারছেন না, মাথায় ঘুরপাক খাচ্ছে—শহরে কত ধরনের ক্রাইম, কত ধরনের ট্র্যাপ, কত ধরনের প্রতারণা।
তখন আবারও মৃদু শব্দ আসে; আ...পা...নি, পা...নি। কায়েস কাওসারের বুকের কাঁপন বাড়তে থাকে, গলা শুকিয়ে আসে; তারপর যখন মনে পড়ে, ট্র্যাপ কিংবা প্রতারণা না হলেও পুলিশি ঝামেলা অত্যন্ত ঝামেলার বিষয়, তখন উলটা বেগে দৌড়াতে থাকেন এবং বাসায় এসে ঘুমের ওষুধ গিলে শুয়ে পড়েন।
চাকরি থেকে অবসর গ্রহণের পর এই দুই কামরার ভাড়া ফ্ল্যাটে একাই থাকেন কায়েস কাওসার; ত্রিশ বছর কলেজে বাংলা পড়ানোর পর এখন শুধু লেখেন। স্ত্রী চলে যাওয়ার পর ঘরে মানুষ বলতে এক জুলেখা, প্রতিদিন সকাল সাতটায় যে বেল টেপে, রান্না করে, ঘর মোছে, দুপুরের আগে চলে যায়।
টেবিলের ওপর পড়ে আছে লাল মলাটের একটা পাণ্ডুলিপি—কায়েস কাওসারের নতুন বই; এর একটা গল্পে আসমাকে খুন করে আসমার স্বামী, আরেকটা গল্পে ফারিয়ার লাশ ভাসে পুকুরে; শুধু শেষ গল্পের অক্ষরগুলো তার অচেনা।
কায়েস কাওসারের ঘুম আসে না, বরং ওই দৃশ্য আরও স্পষ্ট হয়ে ওঠে, মাথাটা মেডুসার মাথা হয়ে যায়, অসংখ্য সাপ কিলবিল করে; একসময় কিলবিল কিছুটা কমলে হাতে নেন ফোন, ফেইসবুক স্ক্রল করতেই থমকে যান: লাইভ চলছে, জনতার মোড়ে কৌতূহলী জনতা ভিড় করছে, কেউ মন্তব্য করছে, কেউ শেয়ার করছে, অজ্ঞাত এক নারীর রক্তাক্ত দেহ পড়ে আছে; লাইভের সময় তখন সাতটা বারো, আর সেই দেহের আঙুল তখনো নড়ছে।
অল্প সময়ের মধ্যে নারীর পরিচয় জানা যায়—হেলেনা, পাশের গলিতে থাকত, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত; হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
বিষয়টি টক অব দ্য কান্ট্রি হয়ে যায়, ফলে টকশো, তর্ক-বিতর্ক, উত্তেজনা সবকিছু মিলে এক বিশাল প্রশ্নের ঢেউ ছড়িয়ে পড়ে; কিন্তু কায়েস কাওসারের কাছে এসে সেই ঢেউ আস্তে আস্তে নুয়ে পড়ে, তার মাথার ভেতরে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খায়—তিনি যদি তখন এগিয়ে যেতেন? যদি ভয় না পেতেন? যদি এক ফোঁটা পানি দিতেন?
কায়েস কাওসারের সময় থমকে পড়ে; তিনি খেতে পারছেন না, ঘুমাতে পারছেন না, চোখ বন্ধ করলেই ঘুরেফিরে সেই দৃশ্য—কুকুরের অস্থির টানাটানি, ইঁদুরের হঠাৎ ছুটে যাওয়া, পিঁপড়ার অদ্ভুত চলাচল, মাছির ভনভন, কাকের অপেক্ষা, আর ল্যাম্পপোস্টের আলো।
বাথরুমের কল থেকে টুপটাপ পানি পড়ে, আর প্রতিটা ফোঁটায় তিনি শোনেন, পা...নি...।
তৃতীয় রাতে কায়েস কাওসার নিউজ পোর্টালের নীল আভায় চোখ ডুবিয়ে বসে থাকেন—কৌতূহলী জনতা যখন লাইভ করছিল, তখনও নড়ছিল ওই নারী; এই লাইনটা তিনি বারবার পড়েন। কায়েস কাওসারের মাথা ভনভন করে ঘুরছে, চোখের মণি জ্বলছে, দম বন্ধ হয়ে বমি আসছে; তখন হঠাৎ চায়ের কাপে জমা থুতুর মতো ভেসে ওঠে হেলেনার স্বামী আসাদুজ্জামানের গ্রেফতারের খবর। কায়েস কাওসারের বুকের ভেতর তিন দিন ধরে চেপে থাকা পাথরটা একটু নড়ে ওঠে—খুনি তাহলে আছে; খুনি থাকলে দায়টা আর তার একার নয়। তিনি টেবিলের লাল মলাটের দিকে তাকান, শেষ গল্পের কালো অক্ষরগুলো তাকে ডাকছে, আমাকে কেটে ফেলো, আমাকে বদলাও, নতুন রূপ দাও।
কায়েস কাওসার ভাবেন, খুনিকে যদি কাগজে দাঁড় করানো যায়, তবে তিনি আর পলাতক দর্শক থাকেন না, হয়ে ওঠেন সাক্ষী, আর সাক্ষীর কোনো দোষ থাকে না।
আসাদ জিজ্ঞাসাবাদে যা বলে, নিউজ প্রেজেন্টারের কণ্ঠে সেটা মোমের মতো গলে গলে পড়ে। আসাদ জানায়—সে বাসায় না থাকলে যে বাড়িওয়ালা সাদা লুঙ্গি পরে এসে দরজায় দাঁড়াত, হেলেনা তার কাছ থেকে টাকা ধার করত, আর সেই টাকার সুদ শোধ হতো অন্য কোনো মুদ্রায়। আসাদ আরও জানায়, হেলেনার প্রাক্তন মাঝরাতে ‘মিস ইউ’লিখে আনসেন্ট করে দিত, আর বসের ফোন আসত গভীর রাতে।
কায়েস কাওসার যখন এসব পড়েন, তখন রাস্তায় একটা কুকুর ঘেউ ঘেউ করে আর তার মাথার ভেতরে সেই ভোরের কুকুর দাঁত কেলিয়ে নাচতে শুরু করে।
কায়েস কাওসার পড়ায় মনোযোগ দেন—আসাদ বলেছে, হেলেনা তাকে মাদকের টাকা দিয়ে শান্ত করত।
কায়েস কাওসার দৃশ্য কল্পনা করেন, যখন আসাদের টাকা শেষ হয়ে যেত, তখন সে হয়তো বলত, এই মাগি, তোর ওই টাকলাটা কেন আসে আমি বুঝি না, রাইত-দুপুরে তোর বসে ফোন দেয় কেন? রাইতে কীসের কাম? তোর পুরানা নাগর যে তোকে মেসেজ দেয় তাও জানি, দে, টেকা দে, নইলে কিন্তু...
কায়েস কাওসারের মস্তক ঝিলিক দিয়ে ওঠে; তিনি খপ করে বসে পড়েন ল্যাপটপের সামনে, লাল মলাটের পাণ্ডলিপির শেষ গল্পের অক্ষরগুলোকে টুকরো টুকরো করার সুযোগ পেয়ে গেছেন। তার মনে হয়, যে কুকুরটা হেলেনাকে টানছিল সেটা সম্ভবত আসাদ। তিনি লেখা শুরু করেন উত্তম পুরুষে, আসাদের কণ্ঠে। তিনি লিখতে থাকেন:
আমি আসাদুজ্জামান, হেল্লুর জামাই। সেই রাতে আমি ঘরে ফিরতেছিলাম। দেখলাম সাদা লুঙ্গিটা জানালার পর্দার আড়াল থেইকা বাইর হইয়া গেছে, আমি হেল্লুর চুলের মুঠি ধইরা কইলাম, এই মাগি, আমি বাসায় না থাকলে ওই টাকলাটা কেন আসে? আমি ওরে মারতে থাকি, বাচ্চাটা ঘুম থেইকা উইঠা পড়ে, তারপর আমি কই, তোর যা ইচ্ছা কর, আমার লাগব টেকা, দে টেকা দে, ওই টাকলার থেইকা টেকা আইন্না দে, নইলে কিন্তু...
হেল্লুকে আমি ভালোবাসি, কিন্তু এই মাগি আমারে কোনোদিনই ভালোবাসে নাই, মাগিরে জোর কইরা তুইল্লা আইন্না বিয়া করছিলাম, আমিও চালাক কম না, লগে লগে বাচ্চা দিয়া দিছি।
আমার সোনাপাখি হেল্লু, বিয়ার ১০ দিন পর তুমি পালাইয়া গেলা তোমার নাগরের কাছে, কই, তোমার নাগর তো তোমারে রাখল না; শালি, মাগি, তারপর কই গেলি? গেলি তোর বাপ-ভাইয়ের কাছে, হেরাও তোরে রাখল না, তারপর আমি তোরে বাচ্চা দিয়া চুপ করাইয়া দিছি। আমি যখন নেশা করি, তখন ওরে দেখতে পাই, ও আমার সামনে নাচে, নাগিনের মতন খেলা করে। ও কয়দিন আগে আমারে কইছিল, আসাদ, তুই আমারে ছাইড়া দে।
আমি কইলাম, ছাইড়া দিমু কেমনে? তুমি আমার ধন, তুমি আমার সোনার হাঁস। ওইদিন যখন ঘর থেইকা বাইর কইরা দিছি তখন সারা রাইত দরজার বাইরে কাটাইছে, সকালে আমি ডাকলাম, আইল, কিন্তু ওর শরীরে উৎকট গন্ধ, গলায় ও ঘাড়ে রক্ত দলা হইয়া আছে, এইটা দেইখা আমার মাথায় রক্ত উইঠা গেল, মাগি তুই কই ছিলি, তোরে মাইরাই ফেলমু, তারপর সারাদিন পইড়া রইলাম ঘরে, আমার খুব খিদা লাগল, আমি কইলাম টেকা দে, আঁচলের গিট খুইলা টেকা দিলো, আমি কইলাম কান্দিস না, বাচ্চাটা রাইত থেইকা কানতাছে, তোরা রেডি হ, ঘুরতে লইয়া যাই।
ওইদিন আমি নেশাপানি ধরি নাই, ওদের লইয়া রেস্টুরেন্টে গেছি, ওর হাতে ফুল দিছি, বাচ্চারে বেলুন কিইন্না দিছি, ও কইল, আসাদ, তুমি চাইলেই ভালো মানুষ হইতে পারো। আমি কইলাম, হইতে চাই। কিন্তু হইতে দিলো না কেউ। ওই চাকরি...ওই টাকলা, ওই পেটমোটা বুইড়া শালা...ওই বুইড়ার টেকা লইয়া ও সুন্দর হইত, ও মুখে পাউডার মাখত, ওর গায়ে থাকত পারফিউমের গন্ধ। আমি ওই গন্ধ নিতে পারতাম না। আমি চাইতাম ও শুধু আমার জন্য কান্দুক, আমার জন্য হাসুক।
হেল্লু, ওইদিন তোর জন্য হাতের চুড়ি আনছি, তুই কইছিলি, আসাদ তুমি পাগল। হ, আমি পাগল। কিন্তু ওইদিন তোরে মারতে মারতে এমন এক লাত্থি দিলাম যে তোর মাথা গিয়া লাগল টেবিলের কোনায়, তোর কান দিয়া কলকল কইরা রক্ত পড়তে লাগল, তুই কোরবানির গোরুর মতো গোঙাইতে লাগলি, আমি তাড়াতাড়ি দরজা বন্ধ কইরা দিলাম, তারপর তোরে বাথরুমে নিয়া ট্যাপ ছাইড়া দেই, বাচ্চাটা ঘুম থেইকা উইঠা গেলে ওরে ঘুম পাড়াইলাম, তারপর তোর লাশ বস্তায় ভইরা রাস্তায় রাইখা আইলাম।
আমি তোরে মারতে চাই নাই, আমার কোনো দোষ নাই, এইটা একটা এক্সিডেন্ট, আমি তোরে ভালোবাসি, তুই আমার সোনার হাঁস, আমি তোরে মারতে যামু কোন দুক্ষে?
আসাদের এই গল্প বিশ্বাসযোগ্য হয় না। এখানে আসাদ হেলেনাকে ঘরেই মেরে ফেলে; কিন্তু ওই ভোরে হেলেনা তো তখনও জীবিত ছিল, পানি চাইছিল; আসাদ নিজেকে নির্দোষ বলে যায়, তাছাড়া আসাদ কি এই ভাষায় কথা বলে? কখনো তুই, কখনো তুমি সম্বোধন, আসাদ হয়তো আরও ভদ্র, আরও মার্জিত ভাষায় কথা বলে, হেলেনার হয়তো আরও উন্নত জীবন ছিল। তখন মাথায় আসে অন্য এক গল্প—ওই ভোরে শুধু কুকুরই ছিল না, ভনভন করে একটা মাছি ঢুকে যাচ্ছিল হেলেনার নাকে; হেলেনার জীবনেও শুধু আসাদ ছিল না, বাড়িওয়ালাও ছিল।
কায়েস কাওসার নতুন করে গল্পের প্লট সাজাতে থাকেন— বাড়িওয়ালাকে কীভাবে উপস্থাপন করলে বাস্তবসম্মত হবে তা ভাবছেন। তিনি ভাবেন, বাড়িওয়ালা থাকবে একা, বউ-পোলাপান থাকবে কানাডা, আর সিলিং ফ্যানের নিচে সাদা লুঙ্গির ভাঁজে জেগে উঠবে এক বুড়ো ক্ষুধা।
কায়েস কাওসার শুরু করেন:
হেলেনার স্বামী জেলে গেল, ও কানতেছিল, ওর বাচ্চাটা কানতেছিল, আমি ওদের পাশে দাঁড়াইছি, আমি টেকা দিছি। ওর বাচ্চার টনসিল অপারেশনের টেকা দিছি। প্রতিদানে কী পাইছি? আমি একা মানুষ, বউ-পোলাপান কানাডায়, আমিও চইলা যামু কয়দিন পর, কিন্তু হেলেনা বোঝে না। ও জানে আমি কী চাই। ও প্রথমে না করছিল। আমি কইছিলাম, এত টেকা কি এমনি এমনি দিছি? ঘরভাড়া, বাচ্চার চিকিৎসা, সংসারের খরচ—সবকিছুর একটা হিসাব আছে, আছে না? ও কইল, আর টেকা নিব না, ধীরে ধীরে সব শোধ কইরা দিব।
আমি কইলাম, সবকিছু কি টেকার হিসাব দিয়া মাপা যায়? ও চুপ কইরা গেল। ভাড়ার টেকার অসিলায় ওর ঘরে যাইতাম, ও কাঁপত। আমি কইতাম, ভয় পাইয়ো না, ভয় পাইয়ো না, আমি তোমার বাবার মতো। আমি ওর পিঠে হাত বুলাইয়া দিতাম, ও দাঁত চাইপা ধরত। আমি কইতাম, আরাম কর, আনন্দ কর, ও পারত না, আমি কইতাম হেলেনা, তুমি খুব ভালা মাইয়া।
আসলে ওরে যে আমি এইভাবে পাইব তা চিন্তাতেও আছিল না, যেইদিন বাম হাতে সাদা লুঙ্গি উঠাইয়া ওর ঘরে গেছিলাম ভাড়ার টেকা চাইতে, ওইদিন রাইত দুইটার দিকে দেখি দরজার বাইরে কানতাছে হেলেনা, ঘরে ওর মাইয়া কানতাছে, ভিতর থেইকা দরজা লাগানো, হেলেনা ঘরে যাইতে পারতাছে না, পাষণ্ড জামাই ঘরে তুলতাছে না, গালাগালি করতাছে, ও শীতে থিরথির করতাছিল, আমি কইলাম আসো মা, আসো, আমার ঘরে আসো, মাইয়াটা আসতে চায় নাই, কিন্তু আমি জোরাজুরি করলে আইব না আইব না কইরাও আমার ঘরে চইলা আইল, ওইদিন ওই সুযোগ আমি হাতছাড়া করি নাই।
হেলেনা মাঝেমইধ্যে বাইক্কা বসলে কইতাম, আমি না তোমার স্বামীরে জেল থেইকা বাইর করছি, মাইয়ার অপারেশনের টেকা দিছি, তোমার স্বামী যদি জানে তুমি কী করছ আমার লগে, তবে কিন্তু...
মাইয়া মানুষের কান্দন দেখার শখ যারে পাইয়া বসে সে না কান্দাইয়া থাকতে পারে না, এইদিক দিয়া আসাইদ্যার সাথে আমার জবর মিল। হেলেনা, তুমি শুনতাছ? যখন ওই হারামজাদা তোমারে পিটাইত, তখন আমি গিয়াই না তোমারে বাঁচাইতাম।
একদিন তোমারে ঘরে নিয়া আইলাম, তুমি বললা আর কোনোদিন আসতে পারবা না, আইজই শেষ; আমি কইলাম, এই ঘটনা আসাদরে বইলা দিমু, ওর হাতে টেকার বান্ডিল ধরাইয়া দিলে তোমারে টুকরা টুকরা কইরা ফেলব; কিন্তু এই হুমকিতে কাজ হইল না, তুমি চেইত্যা গেলা আরও, থানা-পুলিশের ডর দেখাইলা, তখন আমার মাথায় কিলবিল কইরা উঠল সুতানালি সাপ, সেই সাপ আস্তে আস্তে অজগর হইয়া উঠল, আমি ঝাঁপাইয়া পড়লাম তোমার ওপর, কিন্তু তুমি ময়নাপক্ষীর মতো চুপ মাইরা গেলা না, তুমি চিৎকার দিলা, তখন আমার অভিজ্ঞ হাত তোমার নাক-মুখ চাইপা ধরল, তারপর আমি ইচ্ছামতো সাধ মিটাইলাম, কিন্তু আমার যখন হুঁশ হইল তখন দেখি তুমি নিথর হইয়া গেছ, পরে করাত দিয়া গেজ গেজ কইরা টুকরা টুকরা করলাম তোমারে, তারপর চুপি চুপি বস্তায় ভইরা রাস্তায় ফালাইয়া দিয়া আইলাম।
কায়েস কাওসার আত্মবিশ্বাস পান না, এই গল্পেও রাস্তায় পৌঁছানোর আগেই মারা যায় হেলেনা; তাছাড়া তিনি বাড়িওয়ালার মুখে পুরাণ ঢাকার ভাষা দিতে চান, কিন্তু ‘আব্বে হালা’, ‘ক্যালা’ পর্যন্ত ব্যবহার করতে পারলেন না। কায়েস কাওসারের কিছুই ভালো লাগছে না, পাগল পাগল লাগছে, হৃৎস্পন্দন ইঁদুরের মতো দৌড়াচ্ছে, অথচ লুকোবার মতো কোনো গর্ত নেই; আর সেই মুহূর্তেই, সেই অন্ধকারের খোলস থেকে শোনা যায় একটা কর্কশ, তীক্ষ্ম কণ্ঠ।
—তুমি খুনি, তুমি খুনি।
অন্ধকারের কলিজা কেটে বেরিয়ে আসে কেউ, তার চোখে চাপা বিদ্বেষ, “তুমি নিজেই হেলেনাকে মেরেছ, তারপর গল্প বানাচ্ছ, নিজেকে বাঁচাতে।”
কায়েস কাওসার স্তব্ধ হয়ে থাকেন কিছুক্ষণ, তারপর কণ্ঠে কৃত্রিম আতঙ্ক ও রাগের মিশেলে বলেন, তুমি কে?
—আমাকে চিনতে পারছ না, একটু আগেই যে আমাকে খুনি বানালে?
—কে তুমি?
—আমি আসাদুজ্জামান।
কায়েস কাওসার আতঙ্কিত হয়ে শিশুর মতো বলেন, “আমি খুনি না, আমি লেখক; আমি শুধু লিখি, আমি বাস্তব তৈরি করি না, আমি কেবল দেখাই!”
আসাদ খিলখিল করে হাসতে থাকে, সেই হাসি কী-বোর্ডের খটখট শব্দের মতো একটানা বাজতে থাকে, “দেখাও? না, বানাও; তুমি বানাও, আর তোমার শব্দেই মানুষ মরে। তোমার গল্পে হেলেনা প্রতিবার মরে—কখনো আমার হাতে, কখনো অন্যের হাতে, শুধু তোমার হাতে কখনো না।”
কায়েস কাওসার মরিয়া হয়ে নিজেকে বাঁচানোর শেষ চেষ্টা করেন, “দুঃখিত, আমার ভুল হয়েছে, তুমি না, তুমি না, ওই বাড়িওয়ালা—ও-ই পারে এমন কাজ করতে!”
এই কথা উচ্চারণের সঙ্গে সঙ্গে ঘরের বাতাস ভারী হয়ে ওঠে, আর দরজার কোনা থেকে একটা ছায়া আলগা হয়ে ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে, মুখে অদ্ভুত ক্ষোভ আর বিদ্রুপের হাসি।
—কী বলছেন আপনি, স্যার?
কায়েস কাওসার কাঁপা কাঁপা গলায় বলেন, তুমি কে?
—আমি বাড়িওয়ালা, আপনি যাকে টাকলা বাড়িওয়ালা বানিয়েছেন, আবার খুনিও বানাচ্ছেন।
কায়েস কাওসার কাঁপতে কাঁপতে বলেন, “আমি...আমি শুধু সন্দেহ করেছি...আমি নিশ্চিত না।”
—মিথ্যা!
একসঙ্গে চিৎকার করে ওঠে আসাদ ও বাড়িওয়ালা, তাদের হাসি প্রতিধ্বনিত হয়ে অসহনীয় হয়ে ওঠে। তারপর ধীরে ধীরে চারটা কালো হাত কায়েস কাওসারকে চেপে ধরতে আসে, আর উচ্চস্বরে বলে, “তুমি খুনি, তুমি মানুষের জীবন চুরি করো, একজনের দোষ আরেকজনের ঘাড়ে চাপাও, তারপর তার নাম দাও গল্প।”
কায়েস কাওসার সহ্য করতে পারেন না, গলা চিরে “না-আ...আ!” বলে চিৎকার দিতেই বুঝতে পারেন ঘরটা ফাঁকা, কেউ নেই, না আসাদ, না বাড়িওয়ালা, শুধু ভোরের নিস্তব্ধতা, আর নিজের শ্বাসের শব্দ।
তখন কলিংবেল বেজে ওঠে, একবার, দুবার, তারপর ক্রমাগত; জুলেখার আসতে তো এখনো দেরি, তবে কি আসাদ কিংবা বাড়িওয়ালা অধৈর্য হয়ে দরজার ওপারে দাঁড়িয়ে আছে? কায়েস কাওসার কাঁপতে কাঁপতে ছিটকিনি খুলে দেখেন, সামনে দাঁড়িয়ে আছে টাকলা বাড়িওয়ালা, চোখে বিরক্তির ছাপ, মুখে ঘুমভাঙা রাগ।
“এইভাবে চিল্লান ক্যান?” তারপর পুরাণ ঢাকার টানে বলে, “ভোরবেলা আইছি, আপনেরে তো এই টাইম ছাড়া পাওয়া যায় না; আইজকা মাসের কয় তারিখ, কন তো, মাগার এহনো ভাড়া বি দেন নাইক্কা!”
কায়েস কাওসার কথা বলতে পারেন না। হেলেনার বাড়িওয়ালার জন্য তিনি তবে এই মুখটাই ধার নিয়েছিলেন? তার মনে হয়, বাস্তব আর দুঃস্বপ্নের মাঝের দেয়ালটা ভেঙে পড়ছে, আর তিনি দাঁড়িয়ে আছেন সেই ভাঙা সীমারেখার ঠিক ওপরে, যেখানে বাস্তব আর গল্প দুটোই সমান ভয়ংকর।
কায়েস কাওসারের মুহূর্ত কাটতে থাকে অস্থিরতায়—হেলেনার স্বামী কিংবা বাড়িওয়ালা হয়তো সত্যিই নির্দোষ, এজন্যই ওরা এভাবে চলে আসে। তখন মনে পড়ে, ওই ভোরে হেলেনার মুখের ওপর একটা কালো পিঁপড়া ঘুরছিল, আর আসাদের স্বীকারোক্তিতে হেলেনার বসের কথাও উঠে আসে। কায়েস কাওসার এবার হেলেনার বসকে নিয়ে গল্প বানাতে চান। তিনি লিখতে থাকেন:
হেলেন, ও ডিয়ার হেলেন; আই লাভ ইউ। তোমার জন্য ট্রয় নগরী শেষ হয়েছিল, আর আমি তোমার সেই প্যারিস যে যুদ্ধে হেরে গেলেও ভালোবাসায় জয়ী হয়েছিল।
অফিস ছুটির পরে তোমার ঘ্রাণে মত্ত আমি, For God's sake hold your tongue, and let me love। কিন্তু তুমি তো গ্রিসের হেলেন, তুমি তো ট্রয়ের অগ্নি, তুমি তো সেই আগুন যাতে পুড়ে যায় পুরুষের সমস্ত অহংকার। কিন্তু হেলেন, তুমি কেন ফ্রন্ট ডেস্কের ওই ছেলেটার সঙ্গে হাসতে? কেন তুমি ওই মেনেলাউসের ডাকে সাড়া দিতে? তাই ওই মেনেলাউসকে ফায়ার করেছি।
তোমার এই প্রবলেম, ওই প্রবলেম—সবকিছুর সমাধান করেছি। তোমার হাসব্যান্ডকে ঋণের টাকায় বেঁধে রেখেছি, তোমাকে প্রমোশন দিয়ে আমার পিএস করেছি, আমার সঙ্গে দেশ-বিদেশ ঘুরে বেড়িয়েছ তুমি। I made you what you are, Helen. একদিন এসে বললে তোমার পিরিয়ড মিস হয়ে গেছে, টেস্টকিটে দুটো লাল দাগ।
আমি বললাম, অসুবিধা নেই, তোমার স্বামীর বলে চালিয়ে দাও। সামাল দিতে না পারলে সিঙ্গাপুর থেকে সব সাফ করে এসো, আমি ব্যবস্থা করছি। আমি হালকা মেজাজে বললাম, এই শোনো, এটা যে তোমার হাসব্যান্ডের না, তা কে জানে? কিন্তু তুমি বিদ্রোহ করে বসলে, বললে এটা নাকি আমারই, তুমি ডিএনএ টেস্ট করাবে।
তখন আমি বুঝতে পারলাম, তুমি আমাকে বিপদে ফেলতে পারো। তোমার একটা অভিযোগে আমার এত বছরের সুনাম, আমার অবস্থান, সবকিছু শেষ হয়ে যেতে পারত। আমি লোক পাঠিয়েছিলাম।
তারপর তোমার ওই শরীর থেকে উৎকট গন্ধ পেলাম, আমার বমি চলে এলো। আমি আর কিছু জানতে চাইনি, শুধু খবর নিয়েছিলাম—কাজ শেষ হয়েছে কি না। তারপর ওই অন্ধকার রাস্তায় ঘ্যাঁচাং...
কায়েস কাওসারের ভালো লাগে, অন্তত রাস্তায় ফেলে যাওয়ার আগেই হেলেনাকে মেরে ফেলার মতো ঘটনা ঘটে না; তারপরও গলাটা শুকিয়ে আসে, আসলে বানানো গল্পে তৃপ্তি নেই, আত্মবিশ্বাস আসে না, অন্য একটা ভয়ও কাজ করছে—কে জানে হেলেনার বস কখন চলে আসে।
চোখ বন্ধ করে ভাবতে থাকেন কায়েস কাওসার, কিন্তু না, সেরকম কিছুই ঘটে না; তখন তার মনে হয়, ওই ভোরে হেলেনাকে নিয়ে যখন কুকুরটা টানাটানি করছিল, তখন ওই কুকুরের চোখ ফাঁকি দিয়ে একটা ইঁদুর দৌড় দিয়েছিল; ওই ইঁদুর আর কেউ নয়, ওর প্রাক্তন; সুতরাং গল্পে চলে আসে হেলেনার প্রাক্তন :
হেলু, আমার হেলু, আমি তোমাকে ভালোবাসতাম, জীবন দিয়া চাইতাম, কিন্তু তুমি কী করলে? বলছিলাম একা একা কলেজে যেয়ো না, কিন্তু ঠিকই গেলা, আর তোমাকে তুইল্লা নিয়া গেল আসাদ, তুমি আসাদের বাসা থেকে পালিয়ে চইলা আসলে আমার কাছে, তুমি বললে তোমাকে নিয়া পালায়া যাইতে।
তুমি এইটা কী বললা? জীবনটা কি সিনেমা? আমার মাথা গরম হইয়া গেল, কেমনে তুই কবুল বললি ওই সন্ত্রাসীরে? তোকে ছিঁইড়া-ফাইড়া খাইছে ওই শালা, কয়দিন? ১০ দিন? ট্যাবলেট খাইয়া লইছিল? এইগুলো ভাবতেই আমার এমন জেদ হইল, এমন ঈর্ষা হইল যে, ঘুমন্ত সাপ ফনা তুলে হিসহিস করতে লাগল, আমার কান গরম হইয়া গেল, আমি দাঁত কিড়মিড় কইরা তোকে জড়ায়া ধরলাম, তোকো চাইলাম, কিন্তু তুই পিছায়া গেলি, যে শরীরে আমার রাজত্ব ছিল সেই শরীর তুমি ছুঁইতে দিতেছিলা না সোনা, তখন আমার মাথায় রক্ত উইঠা গেল, আমি জোর কইরা...
তুমি যখন কানতেছিলা তখন আমার মনে হইল আমি সেই বাঘ, যে তার ছুইটা যাওয়া হরিণরে আবার বাগে পাইছে, আসাইদ্যা তোমাকে কী কী করছে তা ভাইবা আমার ক্ষোভ আসমানে উঠল, আমি চিৎকার কইরা গালাগালি কইরা সবটুকু শক্তি ঢাইল্যা দিলাম। তুই আমার মুখে থুতু ছিটাইয়া আমারে কামড়াইয়া কিলাইয়া চইলা গেলি তোমার বাপের ঘরে, সেইখানেও টিকতে পারলি না, আমার বিরাট খারাপ লাগল, তারপর তুমি আবার ওই হারামজাদার কাছেই ফিইরা গেলা।
সরকার পরিবর্তন হইল, তোমার জামাই গর্তে ঢুইকা গেল, আগে তো নেতাগর পিছে পিছে ঘুরত। একদিন তোমাকে বললাম, জাস্ট ওয়ান নাইট, ওয়ান শট, তুমি গালাগাল দিলা, আমার নামে মামলা দেওয়ার হুমকি দিলা। কিন্তু এখন তো আমরা ক্ষমতায়, মামলা অত সস্তা না, তখন আমি বুদ্ধি করলাম, বিয়ার ৯ মাস পরে তোর যে বাচ্চাটা হইল সেটা আমার বলে তোকে ব্ল্যাকমেইল করলাম। বললাম, এই বাচ্চা আমার, আসাইদ্যারে বইলা দিমু। সোনা আমার, তুমি ভয় পাইয়া গেলা।
তুমি বললা, কী চাস? আমি বললাম, তোকে। তুমি কানলা। কিছুই করার ছিল না তোমার, তুমি না ভাইগ্যা যাওয়ার আগে আমার লগে ব্লোজব দিছিলা, তারপরও তুমি আমার সাথে আসতে চাও না কেন? ভালোই ভালোই আসলে তো আমি ব্ল্যাকমেইল করতাম না। তুই তো আসাইদ্যার বাচ্চা নিয়া ঘুরতি, ওর ঘর করতি, আর আমি দূরে দাঁড়াইয়া দেখতাম। কিন্তু একদিন তুমি বললা, সজীব, আল্লার দোহাই লাগে আমাকে মাফ করে দাও, তুমি আমার কাছে আর আসলা না, আমি জোরাজুরি করলে, ব্ল্যাকমেইল করলে তুমি আমাকে হুমকি দিলা, তুমি মামলা করবা, তুমি আসাইদ্যারে বইলা দিবা, আমার মেজাজ খারাপ হইল, এখন আমরা ক্ষমতায়, আর তুই দেখাস মামলার ভয়, আরে আসাইদ্যা তো পলায়া থাকে, ওরে জায়গামতো পাইলে...ও আমার কী বালডা ফেলব? আমি কী করি বল, তোমার বাসার সামনে, নির্জন অন্ধকার রাস্তায়, তুমি যখন অফিস থেইকা ফিরতেছিলা তখন আমি বাধ্য হইয়া...
সেই ছুরিটা, যে ছুরি দিয়া তুমি আমার হাত কাটতে বলছিলা, কিন্তু আমি রাজি হই নাই বইলা তুমি তোমার হাত কাইট্টা আমার বুকে তোমার নাম লিখছিলা, সেই ছুরিটা তোমার পেটে ঢুকাইয়া দিলাম রে...আমার কী দোষ বল, আমার জীবনটাই তুমি নষ্ট কইরা দিলা, আবার আমাকে পুলিশে দিতে চাইলা...
এই গল্পেও সামান্য স্বস্তি আছে, অন্তত হেলেনার পেটে ছুরি ঢোকে রাস্তায়, তাই এই গল্পটাকে টেনে নেওয়া যায়। কিন্তু পাতাগুলো ওপর-নিচ করতে করতে কায়েস কাওসার থমকে যান—চারটা মুখ, চারটা ভাষা, অথচ গল্প একটাই : বস্তা, রাস্তা; বস্তা, রাস্তা; ছুরি, রাস্তা।
তিনি লাল মলাটের পাণ্ডুলিপির আগের পাতাগুলো ওলটান; আসমার গল্পও কি এভাবেই শেষ হয় না? ফারিয়ারও?
তখন ভোরের দৃশ্যটা ভাসতে থাকে, কায়েস কাওসারের মনে হয় মাথাটা একটা পচনশীল মাংসের দলা, যেখানে হেলেনার হাত-পা পোকার মতো কিলবিল করছে; প্রচণ্ড অস্থিরতায় তার সত্তা দ্বিখণ্ডিত হয়ে যায়, তখন ঘরের কোণে জমাট বাঁধা অন্ধকারের পেট থেকে থলথলে চর্বি নিয়ে আবির্ভূত হয় পেটমোটা বস,
‘‘হ্যালো রাইটার, নিজের পাপ ঢাকার জন্য আমাকে কামুক আর ঘাতক সাজিয়ে চমৎকার গদ্য ফেঁদেছ, কিন্তু তোমার ওই সস্তা শব্দশৈলীর নিচে কি আসল খুনির মুখটা লুকানো যায়?”
কায়েস কাওসার ভয়ে কুঁকড়ে ওঠেন, “না, আমি তো কেবল দ্রষ্টা, আমি তো শিল্পী!”
পেটমোটা বস টেবিল থেকে লাল মলাটের পাণ্ডুলিপিটা তুলে তার দিকে ছুড়ে মারে; পাতা খুলে মেঝেতে ছড়িয়ে পড়ে আসমা, ফারিয়া।
‘‘দ্রষ্টা? আসমাকে কে মারে? ফারিয়াকে কে পুকুরে ভাসায়? প্রতিটা গল্পের শেষে একটা মেয়ে মরে, আর প্রতিটা গল্পের নিচে তোমার নাম। তুমিই তো সেই অন্ধকার রাতের নেকড়ে, যে হেলেনাকে নর্দমায় ছুড়ে দিয়ে এসে এখন দেবদূত সাজছ!”
কায়েস কাওসার নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে ওঠেন, “আমি হেলেনাকে মারিনি! তাকে মেরেছে তার সেই প্রাক্তন প্রেমিক, যে প্রতিহিংসার আগুনে পুড়ছিল; আমি নিশ্চিত সে-ই আসল খুনি!”
এই কথা বলার সঙ্গে সঙ্গে জানালার পর্দা ছিঁড়ে আবির্ভূত হয় সেই প্রেমিক। তার চোখ দুটো লাল, যেন তিন রাত সে-ও ঘুমায়নি, আর তার শরীর থেকে ঝরছে শুকনো গোলাপের পাপড়ি ও রক্তের গন্ধ; কায়েস কাওসারের দিকে আঙুল উঁচিয়ে হিসহিস করে বলে,
“তুমি কায়েস কাওসার, বিখ্যাত লেখক; কারও জন্য কোনোদিন নিজের হাত কেটেছ? তাহলে ছুরির কথা লেখো কোন সাহসে?”
পেটমোটা বস আর সেই প্রাক্তন প্রেমিক মিলে কায়েস কাওসারকে ঘিরে এক বীভৎস গোল্লাছুট খেলায় মেতে ওঠে। তাদের কর্কশ হাসি কানের ভেতর হাতুড়িপেটা করে।
তখন তীব্র কর্কশ শব্দে কলিংবেল বেজে ওঠে, একবার, দুবার, তিনবার; সেই শব্দের ধাক্কায় পেটমোটা বস আর প্রাক্তন প্রেমিক হাওয়ায় মিশে যায়।
দেয়ালঘড়িতে সাতটা। কায়েস কাওসার টলতে টলতে কোনোমতে দরজা খোলেন; দরজার ওপাশে ভোরের আলোয় দাঁড়িয়ে আছে এক নারী।
কায়েস কাওসার আতঙ্কে চিৎকার দিতে গিয়েও থমকে যান, তার সামনে হেলেনা দাঁড়িয়ে; মলিন আঁচলে মুখ মুছতে মুছতে বিরক্তি নিয়ে বলে,
“স্যার, আইজও কি রাইত ভইরা লেখছেন করছেন? কতক্ষণ ধইরা বেল টিপতাছি, সাড়াশব্দ নাই, আপনের শরীরডা কি খারাপ?”
বলতে বলতে সে কায়েস কাওসারের পাশ কাটিয়ে ঘরে ঢোকে, তারপর সোজা রান্নাঘরে চলে যায়।
কায়েস কাওসার দরজায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন; বাইরের শান্ত পৃথিবীতে তখনো ভোরের পাখিরা ডাকছে, অথচ তার মগজের নর্দমায় তখনো সেই ইঁদুর দৌড়াচ্ছে।
কায়েস কাওসার মাথায় আঙুল চেপে ধরে ভাবতে থাকেন—আসাদ, বাড়িওয়ালা, বস, প্রাক্তন, চারজনই কেমন করে তার নিজের ভাষায় কথা বলে? এদের ভাষা ও আচরণ তো গল্পের সঙ্গে মেলে না! তারপর মনে হয়—আরে, হেলেনা তো রান্নাঘরে কাজ করছে; তিনি আস্তে আস্তে রান্নাঘরের দিকে যান।
—হেলেনা
—জি স্যার কিসু কইবেন?
—হেলেনা
—স্যার, আপনের শরীরটা কি বেশি খারাপ?
—হেলেনা, আমি তোমাকে খুন করিনি, তোমাকে খুন করেছে তোমার স্বামী।
—স্যার, কী কইতাছেন?
—না, না, তোমার স্বামী না, ওই টাকলা বাড়িওয়ালা।
—স্যার, পাগল হইয়া গেছেন, কারে কী কইতাছেন?
—দুঃখিত দুঃখিত, তোমাকে খুন করেছে তোমার পেটমোটা বস।
—স্যার, আল্লাহর দোহাই লাগে পাগলামি বন্ধ করেন, একেক দিন একেক নামে ডাকেন, ওইদিন ফারিয়া বইলা ডাকলেন, তার আগে ডাকছেন আসমা বইলা।
—হেলেনা, মনে পড়েছে, তোমাকে খুন করেছে তোমার প্রাক্তন।
—ওরে আল্লা রে, আমি খুন হইতে যামু কোন দুঃখে? আমারে কেউ খুন করে নাই, চোখটা মেলায়া দেহেন, আমি হেলেনা না, আমি আপনের বাসায় কাম করি, আমার নাম জুলেখা, আমি বাইচ্চা আছি।
কায়েস কাওসার কাঁপতে কাঁপতে জুলেখার পায়ের কাছে উপুড় হয়ে পড়েন, হেলেনা, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে খুন করতে চাইনি, আসমাকে খুন করতে চাইনি, ফারিয়াকেও খুন করতে চাইনি।
জুলেখা সরে গিয়ে ডাইনিং টেবিলের কোনা ধরে দাঁড়ায়। আঁচলটা বুকের কাছে টেনে নিয়ে স্যার স্যার বলে তাকে স্বাভাবিক করতে চায়। কিন্তু কায়েস কাওসার তার কোনো কথাই শুনতে পান না। এক মুহূর্ত জুলেখার মুখের দিকে তাকিয়ে থেকে হঠাৎ উন্মাদের মতো ঝাঁপিয়ে পড়েন তার ওপর।
জুলেখা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি আরও শক্ত করে জড়িয়ে ধরেন। তার মুখ জুলেখার চুলের কাছে নেমে আসে আর বিড়বিড় করে বলেন, আমাকে ক্ষমা করে দাও হেলেনা।
জুলেখা অনেকক্ষণ ধস্তাধস্তি করে শরীরের সবটুকু শক্তি খাটিয়ে কায়েস কাওসারকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কাঁপতে কাঁপতে দরজার দিকে ছোটে, ছিটকিনি খুলতে গিয়ে দুবার হাত ফসকায়, তারপর সিঁড়ি ভেঙে নেমে পড়ে নিচে, কায়েস কাওসারও পেছন পেছন ছোটেন, কিন্তু জুলেখার নাগাল পান না; তখন তিনি ছেঁড়াখোঁড়া সোফায় বসে বিড়বিড় করতে থাকেন:
হেলেনা, আমিই তোমাকে খুন করেছি, হ্যাঁ আমিই, তুমি যখন রান্নাঘরের ধোঁয়া আর মশলার গন্ধে একাকার হয়ে থাকতে, আমি দরজার আড়ালে দাঁড়িয়ে তোমাকে দেখতাম। তোমার ওই বঁটি দিয়ে আনাজ কাটার ছন্দ আমার কাছে কোনো এক আদিম যুদ্ধের বাদ্যির মতো ঠেকত। আমি বারবার চায়ের তৃষ্ণায় রান্নাঘরে যেতাম— কখনো আদা ছেঁচার কথা বলতাম, কখনো চাইতাম তুমি আমার দিকে একপলক তাকাও। তোমার চোখের মণিতে যে সারল্য ছিল, আমি তা কামনার তুলিতে এঁকে নিতাম। আমার শরীরের ভেতর তখন এক নিষিদ্ধ দহন চলত, আমি তোমাকে দেখে নিজের হাতেই নিজেকে শান্ত করতাম!
হেলেনা, আমি তোমার বেতনও দ্বিগুণ করে দিয়েছিলাম, তুমিও হয়তো ভেবেছিলে এই নিঃসঙ্গ বুড়ো প্রফেসর কতই না দয়ালু! অথচ সেই মায়ার আড়ালে লুকিয়ে ছিল এক ক্ষুধার্ত নেকড়ে। আমি সিদ্ধান্ত নিলাম কল্পনাকে বাস্তবে রূপ দেবো, কফির পেয়ালায় মিশিয়ে দিলাম দীর্ঘ ঘুমের ঘোর। তুমি যখন নিস্তেজ হয়ে এলিয়ে পড়লে, তখনও আমি তোমাকে মারতে চাইনি। কিন্তু সেই অচেতন শরীরটার ওপর যখন আমার অধিকার স্থাপিত হলো, তখন এক অদ্ভুত আতঙ্ক আমাকে গ্রাস করল। আমার মনে হলো, তুমি জেগে উঠলেই এক মহাপ্রলয় ঘটবে। সেই আতঙ্কেই আমি তোমাকে নিথর করে দিলাম। তারপর? তারপর এক নিপুণ কসাইয়ের মতো তোমার হাত-পা খণ্ড-বিখণ্ড করলাম। তোমার সেই দেহাবশেষ বস্তাবন্দি করে রাতের অন্ধকারে নর্দমার অতল গহ্বরে বিসর্জন দিয়ে এলাম...
কায়েস কাওসারের ঘর থেকে পালিয়ে জুলেখা বাড়ির গেটে বসে পড়ে; তার সস্তা সুতি ব্লাউজের হাতা ছেঁড়া, চুল এলোমেলো, সারা শরীর কাঁপছে। দারোয়ান জিজ্ঞেস করে কী হয়েছে, জুলেখা কিছুই বলতে পারে না, শুধু কাঁদে; তারপর কান্নার ফাঁকে ফাঁকে বলে, স্যারে আমারে জাবড়াইয়া ধরছে, আমারে হেলেনা হেলেনা কইয়া ডাকে, কয় আমারে নাকি খুন করছে।
এটুকুই বলে জুলেখা; বাকিটা বানাতে থাকে জনতা। রক্তের গন্ধ পাওয়া পিঁপড়ার সারির মতো জড়ো হতে থাকে জনতা। ফেইসবুক লাইভ শুরু হয়, একটার পর একটা প্রশ্ন, একটার পর একটা ক্যামেরা জুলেখার মুখের সামনে; স্বামীর মৃত্যুর পর ইজ্জত বাঁচিয়ে কীভাবে সন্তানদের নিয়ে বেঁচে থাকতে হয়, তা দেশবাসী জেনে যায়; কেউ তার দুঃখে চোখ মোছে, কেউ কেউ ভিউ গোনে।
হেলেনা নামটা কানে যেতেই উন্মত্ত জনতা গর্জে ওঠে, কেউ চিৎকার করে বলছে, “এই ভণ্ড প্রফেসরকে ফাঁসিতে ঝোলাও”, আবার কেউ মুখ বাড়িয়ে বলছে, “এ শুধু হেলেনার খুনি নয়, শহরের সব কটা নিখোঁজ মেয়ের রক্ত এর হাতে লেগে আছে।”
কেউ আরও গভীরে চলে যায়, “আমি সিনেমাতে দেখছি, এই ধরনের লোকেরা সিরিয়াল কিলার হয়, এরা মেয়েদের নাভি থেইকা পারফিউম তৈরি করে, কেউ কেউ হয় নরখাদক!”
আর একজন, যার হাতে সবচেয়ে বড়ো ফোন, ক্যামেরার দিকে তাকিয়ে ঘোষণা দেয়, “আমি নিশ্চিত—এ-ই আসল খুনি!”
উন্মত্ত জনতা কায়েস কাওসারের দরজায় অনবরত লাথি মারতে থাকে, ধড়াম, ধড়াম। কিন্তু কায়েস কাওসারের কোনো সাড়া নেই। সেই ভোরে জনতার মোড়ে যেভাবে নিশ্চল দাঁড়িয়ে ছিলেন, সেভাবেই নিশ্চল পড়ে থাকেন, আর টেবিলের ওপর পড়ে থাকা কয়েকটি বই তার দিকে তাকিয়ে থাকে।
তারপর বানের জলের মতো ঢুকে পড়ে উন্মত্ত জনতা—“এই মার শালারে, ওই ধর শালারে, খায়া দে, মাথায় দে, ভইরা দে।”
মেঝেতে ছড়ানো পাণ্ডুলিপির অক্ষরগুলো জুতার নিচে পিষ্ট হতে থাকে, আসমা, ফারিয়া, হেলেনা, সবাই।
অনেকক্ষণ পর ভিড় যখন একটু পাতলা হয়, মেঝেতে পড়ে থাকেন কায়েস কাওসার; তার ঠোঁট নড়ছে, বুক টিকটিক করে ওঠার মতো শব্দ, আ...আ...পা...নি, পা...নি।
লাইভ চলছে...
কেউ মোবাইল ফোনটা তার মুখের আরেকটু কাছে নামিয়ে আনে, কেউ মন্তব্য করছে, কেউ শেয়ার করছে; একটা মাছি একঘেয়ে শব্দ তুলছে।
তখন জানালার বাইরে কৃষ্ণচূড়ার ডালে বসে একটা কাক অপেক্ষা করে।



আপনার মন্তব্য প্রদান করুন