স্ক্রিনশট ও অন্যান্য কবিতা
পরম্পরা
শিশুরা বড় হয়ে যায়
তাদের বাবা-মায়ের ফটোকপি হয়
চেহারায় মিল খুঁজে পায় প্রতিবেশীরা
যেন ক-এর পর খ
পশুরা পশুই থাকে
সহজে মরে যায়
শিশু আর পশু একে অপরকে দেখে
যেন তারা তারা আয়না
উইকেন্ডে বাবা-মা, শিশু প্রজন্মকে চিড়িয়াখানায় নিয়ে যায় খাঁচা চেনাতে।
ব্যস্তানুপাত
যা কিছু চাই,
নিজের চেয়ে বড় হয়ে যায়, ব্যস্তানুপাতে ছোট হতে থাকি।
অস্তিত্বকে সন্দেহ করি।
আলো দেখলে ছায়ায় প্রমাণ খুঁজি।
শুনি, আকাঙ্ক্ষা বিকট শব্দে ফেটে পড়ছে।
বুঝতে পারি একটা রঙিন বেলুনের জন্য শিশু হয়ে ছিলাম।
পা ঘুরিয়ে, ধরি অন্য পথ।
পৃথিবী আমার কাছে ফোলানো রাবারের বেলুন।
কাপ্লেট ঘুম
তাসের ভবনগুলো উড়ছে
উড়ছে কাগজের নোট
যেন সন্ত্রস্ত পাখি।
ছিল রোদ রোদ দিনগুলো মেঘতাড়ুয়া,
ছিনতাই হয়ে গেলে শহর।
ঠোঁটের স্মৃতি মুছে ঠোঁট
বদলে নিচ্ছে চায়ের কাপ।
কাপ্লেট ঘুমঘোর, ভেঙ্গেছে সবার।
আমি ভালোবাসলে সে কঙ্কাল হয়ে যায়
পতন স্বভাবী সম্ভোগের কাছে
ছায়া গুটিয়ে নেয় বৃক্ষ
পাখিচরিত্ররা অধিবৃত্তে ঘুরে
সন্ধ্যা নামায়।
মানুষ পায় না যা, তা-ই রসময়
পেছনে পড়ে থাকে ডালিম পাকা দুপুর,
কাগজ সাদা রোদে লেখা ছায়ার আঁখরগুলি
প্রেমক্রান্তিতে ছোঁয়াচে রোগ এই ভালোবাসা
ছুঁয়ে দিলেই কেউ কেউ কঙ্কাল হয়ে যায়।
যেন মৃত্যুকে পাশ কাটিয়ে শ্মশানে ঘুমিয়ে পড়ছে
যে যার আগুনে জ্বলে।
স্ক্রিনশট
একটা টাকার স্ক্রিনশট নিতে গিয়ে দেখি—
দৃশ্যগুলো মুছে যাচ্ছে
হারিয়ে যাচ্ছে দৃশ্যপটের মানুষ
মরা সাপের মতো সোজা দেখায় ক্রমিক নাম্বার
যেন একটা সাদা কাগজ
সদ্য ব্রাশ করা দাঁতসহ ঝিকঝিক হাসছে
কোথাও লেখা নেই
চাহিবামাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে।



আপনার মন্তব্য প্রদান করুন