দুটি নাতিদীর্ঘ কবিতা
|| ক্যাস্ট্রেশন ||
শৌর্যকে কাবু করতে গিলোটিনে,
বীর্যের ব্যাঙাচি হত্যা লাগবেই?
ইত্যাকার পাশবিক মানুষের দিকে,
ছিঃ-ও ছুড়ছি না।
পাঁঠা ও মুরগাগণ যত ইচ্ছা গোলগাল হোক,
লাগলে লাগুক তেল
মনুষ্য-জিহবায়,
আর কিন্তু গরু নয়,
মানুষের রচনা ফাঁদছি।
খুব চেপে ধরে, কেটে কিংবা ছেঁচে,
বিচির উৎসবে মাতে কসাইয়ের কোপ!
দুধেল এপ্রোন পরে
যেনবা সুন্দরী নার্স
সেলাই-ফুঁড়াই সেরে
আলতো ছোঁয়ায়
মায়াবী প্রলেপ দেয়
বাটা হলুদের।
চেতনানাশক ছাড়া যুদ্ধ হলে পরে,
তড়পাতে তড়পাতে ঝিমে, নেতানো কষ্টের সব
কামড়ের দাঁত বা করাত বিঁধে
মগজের সব শিরা ফেটে যায়।
উত্তুঙ্গ ব্যথার ঘায়ে আহাজারি
অথবা মাতম ভেতরে গোঙায়,
চোখ থেকে ফোঁটা ফোঁটা
কষ্ট ঝরে পড়ে ।
ধুন্ধার জীবনে আর কাম নাই।
শল্যাক্রান্ত থলেটাকে
বাদামি মমোর মতো লাগে।
কুঁজ পিঠে বসে
ডরশূন্য শালিকের দল
আটাইল খুঁটে ইতিউতি,
ফেরার সময় হয়।
ফসলের সংগীত বাজে,
কিষানির দিকে চেয়ে
বলদের দীর্ঘশ্বাস পড়ে,
কৃষকেরা নবান্নের সাথে
বাতাসা চিবায়।
তবে কি সকালবেলা
হাজাম চিমটি সেঁটে
ক্ষুর দিয়ে, ভুলে
চামড়ার পরিবর্তে
কেটে নিয়ে গিয়েছিল বিচি?
প্রয়োজনে(!) কৃত এই কর্ম বলে, বলদে-চাষিতে
চির বন্ধুত্ব হয়েছে।
পরম্পরা বলে
কিছু ষাঁড় থেকে যায়,
তাদের সন্তান হয়,
আবার হয়ও না।
অবশিষ্ট গুন্ডাদের
ক্যাস্ট্রেশন হলে পরে
পরিণতি নিয়ে যত মাথাব্যথা
আজকের মতো থাক,
গরুশূন্য গোয়ালের মধ্যে
মানুষের হাম্বা ডাক
মাথা ঠুকে মরতে থাকুক।
|| লসমী রে—শিঙা লাগা ||
ভাবুক-সদৃশ এক কবিরাজ
বিষণ্ণ দাওয়ায় বসে
সিগ্রেট টানছিল,
ছাই পড়ি-পড়ি।
তার সামনে দিয়েই
আমাকে টানতে টানতে
নবনীতা সেন, আমার বান্ধবী,
নিয়ে গেল কাবাব খাওয়াতে।
তখন টলটলে রাত,
ল্যাম্পোস্ট কাঁপছে।
সামনে মহিষ-মাংসের
শক্ত চাপ,
মরা মুরগির ভাজা ঠ্যাং,
ছোট ছোট লুচিগুলো
অবশ্য ভালো-ই।
দোকানের ছেলেগুলো
উর্দুতে কথা বলছে,
ওপরে তাকিয়ে দেখি ‘মুন্তাকিম’,
বিহারি বস্তিতে আছি।
বেকপেইনটা চিৎকার দিলো,
একাত্তরে জনেক নাপাক
রাইফেল দিয়ে
সজোরে গুঁতিয়েছিল।
ব্যথা আসে যায়,
বিষ ওঠে নামে,
পাকস্থলী ফুটো হয় বেদনানাশকে,
নিরাময় দূরে দূরে থাকে!
উঠে পড়ি,
পঙ্খিরাজে উড়াল লাগাই।
‘গো স্লো’ বলে, নবনীতা ভীত। তুরাগ নদীতে বাঁধা
সারি সারি নৌকা বরাবর
গলা ছেড়ে ডাকি—লসমী রে—
নিদ ছুড়কে আ যা মুনিয়া,
আমাকে বাঁচা।
লসমী বান্ধবী আমার,
ঝাঁপি ও পোঁটলা নিয়ে
গাড়িতে উঠলেই ছুট।
মাঝপথে নবনীতা নেমে যায়
রাগে।
আমি আর লসমী আর
আমার বেকপেইন, একটানে
কাইড়ঘাটের অশ্বত্থের নিচে।
বাঁয়ে, ছোট এক নদী,
যাতে অনেক ব্যথিত জল।
ডানে, অবারিত সবুজে ঠায়
জোছনার ঝিম।
শুরু হয় লসমীর খেলা,
খা-খা-খা—তোর দুশমনরে খা।
বাঁশি হাতে
কোমর দুলায়া নাচে,
ভীষণ সেক্সি লাগে লসমীকে।
ওর সাপে বিষদাঁত নেই,
তবু ভয় লাগে।
আমি উদাস রাত্রির দিকে
আনমনা হয়ে থাকি।
আদুরে ছোবল দেয় লসমী,
আমার কোমর থেকে
মেরুদণ্ড বেয়ে
উঠে যেতে চায় সাপ।
প্রলাপে নিমগ্ন হই,
লসমী রে—শিঙা লাগা,
শুষে নে আমার যত বিষ,
লসমী রে—
লসমী আমাকে কাটে ব্লেডে,
শিঙায় টান মেরে
কুলি কুলি কালো রক্ত ফেলে,
আমিও ফ্যাকাশে হই।
বিষ চলে যেতে থাকে,
লসমীর জাদুতে
আমি সুখী হই।
কিন্তু আমি লসমীকে
জড়িয়ে ধরি না।
বরং ওকে না নিয়েই
মনে মনে ফিরে আসি।
দেখি—
কবিরাজ মশাইয়ের
সিগ্রেটের ছাই এখনো পড়েনি।
আর আমার প্রস্থান ও প্রত্যাবর্তনে,
তাঁর কোনো ভাবান্তর নেই।
আর
তিনিই আমার বাবা,
কবি না হয়েও যিনি কবিরাজ।



আপনার মন্তব্য প্রদান করুন