এখনও জেগে আছো সুলেখা ও অন্যান্য কবিতা
|| নৈঃশব্দ্যের অন্তরালে ||
তোমাদের কাছে আমার পরিচয় জগদ্দল পাথর,
কত কোটি বছর ধরে এভাবেই দাঁড়িয়ে আছি
এই স্থিরতার ভেতরে যে কত কথা জমে আছে—
সে কথা কি কখনোই জানতে চেয়েছো?
তোমরা কি জানো—আমি হাসি, আমি কাঁদি?
বসন্তে আমার বুকজুড়ে যে ফুল ফুটতে দেখো,
তাকে তোমরা প্রকৃতির সৌন্দর্য বলো;
শীতের দীর্ঘ নীরবতা পেরিয়ে তা তো
বুকের গহিন থেকে উঠে আসা এক টুকরো হাসি।
আর আমার কান্না?
আমার বুক চিরে নেমে আসা ঝরনার স্বচ্ছ জলে মুখ দেখো,
ছবি তোলো, তার ঝরঝর শব্দে মুগ্ধ হও;
অথচ সে তো আমার হৃদয় ভেঙে বেরিয়ে আসা কান্নার জল,
তোমাদের চোখে যার নাম শুধু ঝর্না।
তোমাদের চোখে যা ধরা পড়ে,
তার আড়ালেও যে আরেকটি সত্য নিঃশব্দে দাঁড়িয়ে থাকে,
তোমরা কি কখনোই তার কাছে পৌঁছাতে চেয়েছ?
আমি তো সেই সর্বংসহা প্রকৃতিরই এক সন্তান
কত ঋতু, কত ঝড়, কত ক্ষয় আর কত জন্ম
আমার শরীরের ওপর দিয়ে বয়ে যায়;
তোমরা তার কতটুকুই বা দেখেছ?
|| ছাইদানীর প্রান্তে ||
শহরটা লোহার খাঁচা, বিশুদ্ধ বাতাসও মূল্যসীমার বাইরে
ফুসফুসে জমে থাকা ঋণের ধোঁয়া নিঃশ্বাসকেও খায়।
আধেক ভাঙা আয়না, আধেক আলো-আঁধারী,
রান্না হয় দুমুঠো ভাত—চুলায় নেই আগুন, শুধু ছাই।
সময়-ক্ষয়িত প্রাচিরের গায়ে অদৃশ্য দাগেরা অঙ্গারের মতো দীপ্ত,
বৃদ্ধ বটগাছও মাঝে মাঝে তার আলো মনে করায়
কেটে যায় নতুন সেতুর জায়গা করতে।
জিহ্বাহীন বুদ্ধি মলিন বাজারের কোণে দাঁড়িয়ে,
যেন শুকনো নদীর বুক ভর্তি জল;
নদীবক্ষে শুধু শূন্যতার মাছ ঝিলমিল করে।
ওটা দুলতে থাকে বাতাসে ভগ্ন প্রার্থনাসভার প্রদীপ,
যার শিখা নিভে গেছে, তবু ছায়া ফেলে যায় পথচারীর চোখে।
কেউ থামে না, কেউ তাকায় না,
সবাই হাঁটে, যেন প্রদীপ কখনোই জ্বলেইনি।
শহরের জলরেখায় দাঁড়িয়ে শুধু চেয়ে রই,
যেখানে নদী নেই, শুধু প্রবহমান নীরবতা
নেই কোনো সম্ভাবনার ছায়া।
|| এখনও জেগে আছো সুলেখা ||
তুমি কি জেগে আছো সুলেখা
কৃষ্ণপক্ষের ঘন অন্ধকার—
যেন আকাশজুড়ে কালির দোয়াত উপুড় করে ফেলা হয়েছে।
চারপাশে পাথরের মতো নিস্তব্ধতার তীব্র গন্ধ।
তুমি কি আমাকে শুনতে পাও সুলখো?
বুকের উষ্ণতায় মাথা রাখতে, পাখির ছানা যেমন—
মায়ের বুকে তার সমস্ত ভয় রেখে দেয়,
ঘোর লাগা বিকেলে কুয়াশার রহস্যময় রাজ্যে নির্বাক নিস্তব্ধতা
সন্ধ্যায় পৃথিবী অন্ধকারের কাছে নিজেকে সমর্পণ করে,
তুমি বলতে—‘ভালোবাসি তোমাকে’।
তুমি নেই—তবু তোমার অস্তিত্বে সর্বগ্রাসী তুমি।
বিশাল সাগরের সর্বব্যাপী জলে মাছের সন্তরণ,
কিংবা দিনের আলোতে তাবৎ প্রাণীকূল,
তোমার অস্তিত্বে আমিও বিলীন কত শত বছর
তুমি কি জেগে আলো সুলেখা?
|| এক শহরের শোকগাথা ||
এই শহর আজ এক অরক্ষিত জনপদের নাম,
বিলবোর্ডের আলোয় মুখ ঢাকা আতঙ্ক।
মেট্রোরেলের কংক্রিট ফেটে পড়ে মৃত্যু নামে হঠাৎ,
ফ্লাইওভার থেকে ঝরে পড়ে গার্ডার নিঃশব্দে
নিচে পিষ্ট হয় মানুষ নামে এই শহরের বাসিন্দা।
ভোরে কিংবা সন্ধ্যায় শত মানুষের মাঝে
ছিনতাইকারীর ছুরির ফলা পেটের ভিতর সত্যি হয়ে ওঠে,
সন্ধ্যার আলো ঝিমিয়ে পড়ে রক্তের দাগে।
চলন্ত বাস উল্টে যায় যেন ক্লান্ত ঘোড়া।
অ্যাম্বুলেন্স জীবন আটকে থাকে ট্রাফিকের গলদঘর্মে।
রোগী ছটফট করে ফারিস্তা আজরাইলের অপেক্ষায়।
অরক্ষিত রেস্টুরেন্টে আগুন—জ্বলে ওঠে পুরো ভবন,
ধোঁয়ার ভিতর মানুষ চেনে না বের হওয়ার পথ।
গার্মেন্ট ফ্যাক্টরির গার্ড তালা লাগিয়ে পালায়,
আর ভেতরে পুড়ে যায় স্বপ্ন, নাম, নিঃশ্বাস-সব।
এই শহর বাঁচে প্রতিদিন, মরেও যায় প্রতিদিন,
এই শহরে এক রক্তমাখা প্রার্থনা—যার কোনো শেষ নেই।



আপনার মন্তব্য প্রদান করুন