প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৬-এর সংক্ষিপ্ত তালিকা ঘোষণা

অ+ অ-

 

প্রতিধ্বনি প্রকাশনার প্রথম থেকেই বাংলা ভাষার ঐশ্বর্য এবং সাহিত্যের সৃজনশীলতার প্রতি প্রবল অনুরাগ নিয়ে পথচলা শুরু করেছে। শব্দকে সাধুবাদ জানানোর পাশাপাশি শব্দ স্রষ্টাকে সম্মান জানানোর উপলক্ষ হিসাবে প্রতিধ্বনি গল্প পুরস্কারের সূচনা। 

‘নতুন গল্পের সন্ধানে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিধ্বনির দ্বিতীয় প্রয়াস ‘প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৬’-এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশ ও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশী বংশোদ্ভূত সকল বাংলাভাষী সাহিত্য অনুরাগী লেখকদের জন্য পুরস্কারটি উন্মুক্ত ছিল। প্রতিধ্বনির উদ্দেশ্য একটাই—মৌলিক ও সৃষ্টিশীল গল্পকে উৎসাহিত করা এবং বাংলা সাহিত্যকে বিশ্বের পাঠকদের সঙ্গে বিনিময় করা। প্রতিধ্বনি দৃঢ়ভাবে বিশ্বাস করে—লেখক নয়, লেখাই মুখ্য। সৃষ্টিশীল এই আনন্দযজ্ঞে আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা যথাযথ কর্ম সম্পাদন করতে পেরে আনন্দিত। 

গত ৩০ অক্টোবর ২০২৬-এ প্রকাশিত ১২টি দীর্ঘ তালিকার গল্প থেকে বিচারকমণ্ডলী সংক্ষিপ্ত তালিকার জন্য ৬টি গল্প বাছাই করেছেন। তালিকাটি বর্ণ-ক্রমানুসারে প্রকাশ করা হলো।

মিঠে রোদের কার্তিক  ||  হারুন সিদ্দিকী

ঢোঁক  ||  শাহেরীন আরাফাত

নোনা দেয়ালের আদালত  ||  নুসরাত জাহান

মকবুল মিয়ার অন্তর্ধান  ||  মুহম্মদ মাহমুদুর রহমান

হারিয়ে যাওয়া বেহুলারা  ||  মেহেদী ধ্রুব

শেষযাত্রা  ||  মুহাম্মদ ফরিদ হাসান

নির্বাচিত দীর্ঘতালিকায় যেমন প্রতিষ্ঠিত ও নবীন গল্পকারদের মেলবন্ধন ঘটেছে, তেমনি বিষয়বস্তুর বৈচিত্র্যেও ছিল সমাজবাস্তবতা ও পরাবাস্তবতার এক অনবদ্য ভারসাম্য। বাছাইপ্রক্রিয়ার এই পরিমিতিবোধে বিচারকদের সূক্ষ্ম পাঠক-মনস্তত্ত্বের পাশাপাশি প্রতিফলিত হয়েছে গল্পকারদের নির্মাণ-মুনশিয়ানা ও বিষয় নির্বাচনের চমক। দীর্ঘতালিকার কোনো একটি গল্প বিষয়গতভাবে যেখানে এসে থেমেছে, অন্য গল্পকারের আখ্যান যেন ঠিক সেখান থেকেই ডানা মেলেছে। গল্পগুলোর এই পারস্পরিক সংযোগ ও উৎকর্ষের কারণেই চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা নির্বাচন করা বিচারকমণ্ডলীর জন্য ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং।

গল্প পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে বৈচিত্র্যময় সব গল্প ও গল্পকার। বিচারকরা নানাভাবে গল্পগুলো বিচার-বিশ্লেষণ করেছেন। এই তালিকায় গল্পকার হারুন সিদ্দিকী তাঁর ‘মিঠে রোদের কার্তিক’ গল্পে জলমহালকে কেন্দ্র করে টিকে থাকা এক প্রান্তিক জনপদের স্মৃতি-বিস্মৃতি, জীবনসংগ্রাম আর দখলদারত্বের নিখুঁত চিত্র ফুটিয়ে তুলেছেন। মুহাম্মদ ফরিদ হাসান তাঁর ‘শেষযাত্রা’ গল্পে শুদ্ধ ম্রো ভাষা, পাহাড়ের লোকগল্প আর ইতিহাসের এক বেদনাতুর কিন্তু শান্ত আখ্যান পরম মমতায় বুনেছেন। নদীভাঙনে উদ্বাস্তু হয়ে যাওয়া মানুষের অস্তিত্বের সংকট ও বিপন্ন মানুষের নতুন পরিচয় নির্মাণের এক রোমাঞ্চকর অভিযাত্রা হয়ে উঠেছে শাহেরীন আরাফাতের ‘ঢোঁক’ গল্পটি। অন্যদিকে ‘হারিয়ে যাওয়া বেহুলারা’ গল্পে মেহেদী ধ্রুব সংলাপধর্মী গতিময় গদ্যে মানুষের আদিম প্রবৃত্তি আর জীবনের নির্মম বাস্তবতার এক শৈল্পিক স্থাপত্য নির্মাণ করেছেন। পাশাপাশি, মুহম্মদ মাহমুদুর রহমানের ‘মকবুল মিয়ার অন্তর্দহন’ পুঁজিবাদী ব্যবস্থার কর্পোরেট বন্দিত্ব এবং আধুনিক মানুষের নিঃসঙ্গতার একটি অত্যন্ত সাবলীল ও তীক্ষ্ণ আখ্যান হিসেবে জায়গা করে নিয়েছে। আর তালিকার নবীনতম লেখক নুসরাত জাহান তাঁর ‘নোনা দেয়ালের আদালত’ গল্পে ধর্মীয় সংখ্যালঘু হওয়ার প্রতিবেশে অদেখা অবরুদ্ধতায় টিকে থাকার লড়াইয়ের এক নির্মম জবানবন্দি তুলে ধরেছেন।

আয়োজনের চূড়ান্ত বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন ‘প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৫’-এ ভূষিত বিশিষ্ট গল্পকার ও নাট্যকার রোমেল রহমান। আগামী ২৫ ডিসেম্বর ২০২৬ তারিখে চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এবারের পুরস্কৃত গল্পের লেখককে সম্মাননা হিসেবে ২০,০০০ (বিশ হাজার) বাংলাদেশি টাকা অথবা ২০০ মার্কিন ডলার অর্থমূল্য প্রদান করা হবে। পাশাপাশি, বিজয়ী গল্পটি ইংরেজিতে অনুবাদ করে আন্তর্জাতিক সাহিত্য পত্রিকা বা প্রকাশনায় পাঠানো হবে। প্রতিধ্বনির পাশে থাকার জন্য সকল লেখক, নির্বাচিত গল্পকার, শুভানুধ্যায়ী ও পাঠকদের আন্তরিক শুভেচ্ছা। সবার আগামী সুন্দর হোক।

সাখাওয়াত টিপু
প্রকল্প পরিচালক
প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৬

দেখুন ► প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৬-এর দীর্ঘ তালিকা