দীর্ঘ তালিকা প্রকাশ ||  প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৬

অ+ অ-

 

দীর্ঘ তালিকা প্রকাশ || প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৬

নতুন গল্পের সন্ধানে—এই অঙ্গীকারকে সামনে রেখে বাংলা ভাষার পূর্ণাঙ্গ সাহিত্য পত্রিকা প্রতিধ্বনির দ্বিতীয় প্রয়াস ‘প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৬’। বাংলাদেশ ও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশী বংশোদ্ভূত সকল বাংলাভাষী সাহিত্য অনুরাগী লেখকদের জন্য পুরস্কারটি উন্মুক্ত ছিল। প্রতিধ্বনির উদ্দেশ্য একটাই—মৌলিক ও সৃষ্টিশীল গল্পকে উৎসাহিত করা এবং বাংলা সাহিত্যকে বিশ্বের পাঠকদের সঙ্গে বিনিময় করা। প্রতিধ্বনি দৃঢ়ভাবে বিশ্বাস করে—লেখক নয়, লেখাই মুখ্য। সৃষ্টিশীল এই আনন্দযজ্ঞে আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা যথাযথ কর্ম সম্পাদন করতে পেরে আনন্দিত। 

প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৬-এর দীর্ঘ তালিকায় মনোনীত গল্পগুলো যেন মানুষের জীবন, সমাজ, মননবিশ্ব ও জটিল মনস্তত্ত্বের এক বৈচিত্র্যময় শৈল্পিক ক্যানভাস। একদিকে কর্পোরেট দাসত্ব, যান্ত্রিক জীবন ও আধুনিক পুঁজিবাদের শোষণ গল্পগুলোর অন্যতম প্রধান সুর; অন্যদিকে বাস্তুচ্যুতি, অস্তিত্বের সংগ্রাম ও আত্মপরিচয়ের সংকট নিয়ে এসেছে প্রান্তিক মানুষের জীবনগাথা। পাশাপাশি জীবনাবৃত সংবেদনশীলতা, মনস্তাত্ত্বিক জটিলতা, অবদমিত যন্ত্রণা ও মানবিক সম্পর্কের নানা টানাপোড়েন স্থান পেয়েছে গল্পগুলোর পরতে পরতে। পাহাড়ের আদি পুরাণ থেকে শুরু করে প্রকৃতির কাব্যিকতা—সবমিলিয়ে গল্পগুলো এবারের ‘প্রতিধ্বনি’তে যোগ করেছে এক ভিন্নমাত্রা।

চলতি বছরের পুরস্কার উপলক্ষে তিন শতাধিক গল্প জমা পড়েছিল। সম্পূর্ণ নিরপেক্ষতা ও বিচারিক বস্তুনিষ্ঠতা বজায় রাখতে বিচারকমণ্ডলী সম্পূর্ণ নামহীন থেকে গল্পগুলো কয়েকধাপে নিবিড়ভাবে পাঠ করেছেন। প্রাক-বাছাইয়ের ১০০টি ও প্রাথমিক বাছাইয়ের ৫০টি গল্পের ছাঁকনি পেরিয়ে প্রথমে ২৫টি গল্পের প্রাক-দীর্ঘ তালিকা তৈরি হয়। সেখান থেকে গভীর আলোচনার পর চূড়ান্তভাবে ১২টি অনন্য গল্পকে ঠাঁই করে নিয়েছে এবারের দীর্ঘ তালিকায়।

প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৬-এর দীর্ঘ তালিকা
[গল্পের বর্ণক্রমানুসারে সাজানো হয়েছে]

►   কলিংবেল  ||  আশিকুল্লাহ তানভীর
►   ক্রেতাবান্ধব নগরে গোরস্থান সংক্রান্ত ইশতেহার  ||  কায়সার হেলাল
►   ঢোঁক  ||  শাহেরীন আরাফাত
►   দ্বিতীয় মৃত্যুর পর  ||  মোহছেনা ঝর্ণা
►   নোনা দেয়ালের আদালত  ||  নুসরাত জাহান
►   মকবুল মিয়ার অন্তর্ধান  ||  মুহম্মদ মাহমুদুর রহমান
►   মিঠে রোদের কার্তিক  ||  হারুন সিদ্দিকী
►   শেষযাত্রা  ||  মুহাম্মদ ফরিদ হাসান
►   সন্তাপ  ||  সোলায়মান সুমন
►   সীমারেখা মুছে গেলে  ||  মির্জা আবদুল্লাহ
►   সেগুনফুলের মেঘ  ||  শোয়ায়েব মুহামদ
►   হারিয়ে যাওয়া বেহুলারা  ||  মেহেদী ধ্রুব

যেসব সম্মানীয় লেখক গল্প পাঠিয়ে আমাদের এ আয়োজনকে সমৃদ্ধ করেছেন, বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থেকে অলক্ষে কাজ করেছেন এবং নেপথ্যে ও প্রকাশ্যে থেকে উৎসাহিত করেছেন—সবার প্রতি জানাই হৃদয়ের গভীর থেকে অশেষ কৃতজ্ঞতা।

আয়োজনের চূড়ান্ত বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন ‘প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৫’-এ ভূষিত বিশিষ্ট গল্পকার ও নাট্যকার রোমেল রহমান। তারপর আগামী ২৭ নভেম্বর ২০২৬ তারিখে ৬টি গল্পের সংক্ষিপ্ত তালিকা এবং ২৫ ডিসেম্বর ২০২৬ তারিখে চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এবারের পুরস্কৃত গল্পটি ২০,০০০/= বাংলাদেশী টাকা অথবা ২০০ মার্কিন ডলার অর্থমূল্য সম্মানিত হবেন।

দীর্ঘ তালিকা প্রকাশের এই শুভক্ষণে নির্বাচিত গল্পকারসহ বাংলার সকল লেখক, পাঠক এবং শুভানুধ্যায়ীদের জানাই উষ্ণ শুভেচ্ছা। প্রতিধ্বনির সঙ্গেই থাকুন। সবার আগামী সুন্দর, সুস্থ ও সৃজনশীল হোক।

 

সাখাওয়াত টিপু
প্রকল্প পরিচালক
প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৬