ধারাবাহিক উপন্যাস পর্ব–৮ || ও আমার বন্ধু

অ+ অ-

 

ধারাবাহিক উপন্যাস পর্ব–৮ || ও আমার বন্ধু

প্রকাশনী থেকে বেরিয়ে রাস্তায় এসে সান্তানু একটি রিকশা ডাকল। ভাড়া ঠিক করে উঠে বসতেই পাশ থেকে পরিচিত একটি কণ্ঠ ভেসে এলো—‘আমি কি যেতে পারি?’

অবাক হয়ে সান্তানু তাকিয়ে দেখল, সুলেখা দাঁড়িয়ে আছে।

—‘আরে, তুই? এখানে?’

সুলেখা স্মিত হাসল।

—‘একটা কাজে এসেছিলাম।’

বলল—‘যেতে পারি তোর সঙ্গে?’

সান্তানু একটু অবাক হয়ে হেসে বলল—‘কেন নয়? আর বুঝি যাইনি?’

সুলেখা শান্ত গলায় বলল—‘গিয়েছিস। সেটা ক’বছর আগে।’

কথাটার মধ্যে এমন এক ধরনের অভিমান ছিল, যা সান্তানুর কানে স্পষ্ট ধরা পড়ল। সময় কিছু বদলে দিলেও কিছু কিছু প্রশ্ন একই থেকে যায় ভেবে, সে আর কিছু বলল না।

রিকশা শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে এগিয়ে চলল। দুজনের মাঝখানে কথা চলছে। অথচ যেন কোনো কথাই ঠিক শুরু হচ্ছে না।

বসুন্ধরার কাছে নেমে তারা হাঁটতে শুরু করল। হঠাৎ সুলেখা বলল—‘কতদিন সিনেমা দেখা হয় না।’

সান্তানু বলল—‘তাহলে আজ দেখা যাক।’

সন্ধ্যার শোর টিকিট নিয়ে তারা হলে ঢুকে পড়ল। অন্ধকার প্রেক্ষাগৃহে পাশাপাশি বসে পর্দায় গল্প চলতে থাকল, আর তাদের দুজনের ভেতরে চলতে থাকল আরও পুরোনো কিছু গল্প। ইন্টারভালের সময় সুলেখা পপকর্নের প্যাকেট এগিয়ে দিল। দুজনেই খেতে লাগল। প্যাকেট নিতে গিয়ে সুলেখার হাত আলতো করে ছুঁয়ে গেল সান্তানুর হাতে।

সান্তানু চমকে উঠল। সুলেখার হাতটা অদ্ভুত রকম উষ্ণ। যেন দীর্ঘদিনের দূরত্বের মাঝেও কোথাও পরিচিত স্পর্শ রয়ে গেছে।

সে তাকাল সুলেখার দিকে। সুলেখা তখনও পর্দার দিকে তাকিয়ে আছে। মুখে কোনো কথা নেই। এই না বলার মধ্যেও অপ্রকাশিত কথা জমে আছে। সিনেমা শেষে তারা কাছের ক্যাফেতে বসে কফি খেল। সুলেখা হঠাৎ বলল,

—‘আজ যদি তোর সঙ্গে সারারাত ঘুরি?’

কথাটার মধ্যে এমন এক ধরনের আকুলতা ছিল, যা সান্তানুকে অবাক করল। সে সুলেখার এই অদ্ভুত আবদারকে থামাল না। স্মিত হেসে বলল—‘ঘুর।’

একটা রিকশায় উঠে বসল তারা। শহরের আলো-আঁধারির ভেতর দিয়ে রিকশা চলতে লাগল।

প্রায় বিশ মিনিট পর সুলেখা হঠাৎ বলল—‘একটু হাঁটি চল।’

সান্তানু জানে, সুলেখা এমন হঠাৎ সিদ্ধান্ত প্রায়ই নেয়। এটা তার স্বভাবের একেবারে বাইরে নয়। তবে আজ তাকে অন্যরকম লাগছে। যেন কোনো অদৃশ্য ভার সে বয়ে বেড়াচ্ছে।

রিকশা থেকে নেমে তারা হাঁটতে লাগল। কিছু দূরে ছোট দোকান থেকে দুজন কফি নিল। রাস্তার পাশে বেঞ্চে বসে কফিতে চুমুক দিতে দিতে সান্তানু সুলেখার চোখের দিকে তাকাল।

এতক্ষণে সে খেয়াল করল, চোখ দুটো লাল হয়ে আছে। শান্ত গলায় বলল—‘শান্তনের সঙ্গে ঝামেলা চলছে?’

প্রশ্নটা শুনে সুলেখা বিস্মিত হয়ে তাকাল।

—‘তুই কি অন্তর্যামী?’

সান্তানু মুচকি হাসল।

—‘না। শুধু তোকে চিনি।’

চুপ করে রইল সুলেখা। এক সময় আস্তে আস্তে বলল,

—‘ও... অন্য কাউকে...’

বাকিটা আর বলতে পারল না। গলাটা হঠাৎ আটকে গেল। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে, অথচ মুখে এখনো সেই অদ্ভুত স্থিরতা। যেন সে নিজের কষ্টকেও স্বাভাবিক কোনো ঘটনার মতো মেনে নেওয়ার চেষ্টা করছে।

সান্তানুর বুকের ভেতরটা কেমন করে উঠল। সে লেখার হাতটা চেপে ধরল।

—‘শান্ত হ।’

সুলেখা কোনো উত্তর দিল না। শুধু বসে রইল। সান্তানু বুঝতে পারল, কিছু কষ্ট এত গভীরে থাকে, যেখানে কোনো ভাষা পৌঁছাতে পারে না।

রাত সাড়ে বারোটা পর্যন্ত তারা ঘুরল। কখনো চুপচাপ হাঁটল, কখনো কফি খেল, কখনো দু-একটি পুরোনো কথা মনে করে হাসল। সুলেখা কিছু সময়ের জন্য নিজের কষ্টটা ভুলে থাকতে চাইছিল। তাই হলো।

শেষে তাকে বাড়ির গেটের সামনে নামিয়ে দিয়ে সান্তানু ফিরে আসার জন্য পা বাড়াল। ঠিক তখনই পেছন থেকে সুলেখা এগিয়ে এসে তার কাঁধে হাত রাখল।

—‘সান্তু...’

সান্তানু থেমে তাকাল। সুলেখার গলা কেঁপে উঠল।

—‘আমি আর পারছি না রে।’

কথাটা শুনে সান্তানুর বুকের ভেতর হঠাৎ ভারী কিছু নেমে এলো। এতদিনের পরিচিত, শক্ত মনের সুলেখাকে আজ এমন অসহায় লাগছিল যে সে নিজেও কী বলবে বুঝতে পারছিল না।

—‘এখন বাসায় ঢুক। ফ্রেশ হয়ে একটু ঘুমানোর চেষ্টা কর। আমি কাল তোকে নিয়ে ঘুরব। ঠিক আছে?’

সান্তানুর কথা শুনে সুলেখা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। যেন তার কথাগুলো বিশ্বাস করতে চাইছে, পারছেও না। শেষ পর্যন্ত মাথা নেড়ে গেটের ভেতরে ঢুকে গেল। সান্তানু সেখানেই দাঁড়িয়ে রইল। অবশেষে রাতের শব্দমাড়ানো রাস্তা ধরে হাঁটতে শুরু করল।

পৃথিবী বদলে গেলেও একজন বদলাতে পারেননি। তিনি সান্তানুর মা কাজলরেখা। গত কয়েক বছরে কতবার যে কতভাবে সান্তানু চেষ্টা করেছে মাকে ঢাকায় নিয়ে আসবার। তিনি রাজি হননি। যতবার সান্তানু বলেছে,

—‘মা, আমার সঙ্গে শহরে চল। একা একা আর কতদিন থাকবে?’

প্রতিবারই একই উত্তর এসেছে।

—‘আমি এই ভিটে ছেড়ে কোথাও যাব না।’

সান্তানু আর জোর করে না। সে জানে, বসবাসের স্থান, অস্তিত্বের অংশ হয়ে যায়। এই ভিটেটুকুতে বাবার হাঁটার শব্দ আছে, উঠোনে অপরাজিতার শৈশব আছে, রান্নাঘরের ধোঁয়ায় মায়ের যৌবনের স্মৃতি আছে। এসব ছেড়ে চলে যাওয়া মানে নিজের জীবনের একটি অধ্যায়কে পেছনে ফেলে আসা।

একদিন বিকেলে গ্রামের বাড়িতে গিয়ে উঠোনে বসেছিল সান্তানু। মা তখন তুলসীতলায় প্রদীপ দিচ্ছিলেন। আলো নিভে যাওয়ার আগে যেমন একবার উজ্জ্বল হয়ে ওঠে, ঠিক তেমনই প্রদীপের আলোয় মায়ের মুখটাও উজ্জ্বল হয়ে উঠল। সেই মুখের দিকে তাকিয়ে হঠাৎ সান্তানুর মনে পড়ে গেল বহু বছর আগের সেই কঠিন সময়ের কথা। যখন সংসারের প্রতিটি সকাল শুরু হতো হিসাবের খাতা খুলে, আর শেষ হতো দীর্ঘশ্বাসে। বাবার মৃত্যুর পর শুধু একজন হারিয়ে যায়নি, ভেঙে পড়েছিল একটি সংসারের ছাদ।

গ্রামের ছোট্ট মুদি দোকানটি তখনও ছিল, দোকানের আগের সেই প্রাণ আর ছিল না। তাকগুলো ফাঁকা হয়ে যাচ্ছিল। নতুন করে মাল তোলার সামর্থ্য ছিল না। পুরোনো দেনা শোধ করা কঠিন হয়ে উঠেছিল।

বাবার কাছে যারা ধার নিয়েছিল, তাদের অনেকেই আর টাকা ফেরত দেয়নি। আর যাদের কাছ থেকে বাবা বাকিতে মাল এনেছিলেন, তারা নিয়মিত এসে পাওনার কথা মনে করিয়ে দিত।

মা কখনো তাদের সামনে মাথা নিচু করতেন না। শুধু শান্ত গলায় বলতেন,

—‘আর একটু সময় দেন।’

সেই ‘আর একটু’ সময়টাই ছিল সবচেয়ে কঠিন।

সান্তানু তখন কলেজে পড়ে। পড়াশোনার পাশাপাশি টিউশনি শুরু করেছে। সকালে বাজার, দুপুরে কলেজ, বিকেলে টিউশনি, রাতে দোকানে বসা। দিনের শেষে শরীর ক্লান্ত হয়ে যেত। মাথার ভেতর হিসাব চলতেই থাকত। কোন ঋণ আগে শোধ হবে? কোনটা পরে? আর কতদিন এভাবে চলা সম্ভব?

গ্রামের মানুষ পুরোপুরি মুখ ফিরিয়ে নেয়নি। কেউ চাল দিয়ে গেছে, কেউ ধান। কেউ কোনো উৎসবে নতুন কাপড় না দিয়ে হাতে গুঁজে দিয়েছে কিছু টাকা। কেউ শুধু কাঁধে হাত রেখে বলেছে,

—‘ভয় পেও না। সময় একরকম থাকে না।’

সেই মানুষগুলোর কথা সান্তানু আজও ভুলতে পারেনি। বাবার মৃত্যুর পর যে ঋণ তাদের সংসারটাকে গ্রাস করেছিল, সেই ভার থেকে মুক্তি পাওয়ার জন্য একদিন তাদের একটি কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল। গ্রামের ছোট্ট মুদি দোকানটি বিক্রি করে দিতে হবে। সিদ্ধান্তটি ছিল হৃদয় ভাঙার মতো। বাস্তবতার নির্মম প্রয়োজনে সেটিই ছিল একমাত্র পথ।

এক সন্ধ্যায় গ্রামের দু-একজন বয়োজ্যেষ্ঠরা এসে উঠোনে বসলেন। কথা হলো। সংসারের অবস্থা, দেনাপাওনা, ভবিষ্যৎ সবকিছু নিয়ে আলোচনা চলল। শেষ পর্যন্ত যে সিদ্ধান্তে সবাই পৌঁছাল, সেটি কেউ মুখে আনতে চাইছিল না।

‘মুদি দোকানটা বিক্রি করতে হবে।’

কথাটা শোনার পর কাজলরেখা নিশ্চুপ বসে রইলেন। চোখের সামনে ভেসে উঠল সেই তার মুখ, যিনি এই দোকানের প্রতিটি তাক নিজের হাতে সাজিয়েছিলেন।

দূর্বল কণ্ঠে বললেন—‘ওই দোকানেই তো ওর বাবার সারাটা জীবন কেটে গেল...’

কেউ কোনো উত্তর দিতে পারেনি। কয়েক সপ্তাহের মধ্যেই দোকানটির নতুন মালিক হলো। শেষদিন সান্তানু একা গিয়ে দোকানের কাঠের দরজায় হাত রেখেছিল। কত হাসি, কত দেনাপাওনার গল্প, কত সন্ধ্যার চায়ের আড্ডা, কত ছোট ছোট স্বপ্ন... সব যেন সেই কাঠের গায়ে জমে ছিল।

চাবিটা যখন নতুন মালিকের হাতে তুলে দেওয়া হলো, সান্তানু যেন দোকান বিক্রি করলো না। বাবার শেষ স্মৃতিগুলোর একটি অংশও অন্য কারও হাতে তুলে দিচ্ছিল।

ঋণ শোধ হলো। চাপা দুশ্চিন্তার অবসান ঘটল। যে সামান্য টাকা অবশিষ্ট রইল, তা দিয়ে ভাঙাচোরা টিনের ঘর ভেঙে তিন রুমের একটি ছোট পাকা বাড়ি তৈরি করা হলো।

নতুন বাড়িতে ওঠার দিন কাজলরেখার মুখে হাসি দেখা গেল। তবু সান্তানু লক্ষ্য করেছিল, ঘরের প্রতিটি কোণ তিনি এমনভাবে দেখছেন, যেন কাউকে খুঁজছেন। হয়তো বাবাকে। হয়তো সেই পুরোনো টিনের ঘরটাকে। হয়তো এমন একটি সময়কে, যা আর কোনো দিন ফিরে আসবে না।

সন্ধ্যায় নতুন বারান্দায় বসে মা বলেছিলেন,

—‘ঘরটা পাকা হলো ঠিকই... আপনজন  না থাকলে ঘরও একসময় একা হয়ে যায়।’

কথাটা শুনে সান্তানু কোনো উত্তর দিতে পারেনি। আজ এত বছর পরও সে বুঝতে পারে, ইট, বালু আর সিমেন্ট দিয়ে বাড়ি তৈরি হয়, সংসার তৈরি হয় অপেক্ষা, ভালোবাসা আর আপনজনেকে ধরে রাখার ক্ষমতা দিয়ে। সেই ক্ষমতা সবার থাকে না।

 

পড়ুন ► প্রথম পর্ব ► দ্বিতীয় পর্ব ► তৃতীয় পর্ব ► চতুর্থ পর্ব ► পঞ্চম পর্ব ► ষষ্ঠ পর্ব ► সপ্তম পর্ব